অসুখের গান পেরিয়ে
আমাদের হবে দেখো
একসাথে বাড়ি ফেরা
মাঝরাতে ভুল সুরে গান,
শুক্লপক্ষ রাতে
গল্পের বই হাতে
ঠিক তুমি শোনাবে পুরাণ।
আমাদের চুম্বন,
আলতো গায়ের ঘ্রাণ
ঠিক পাবে জোছনায় প্রাণ;
কার কাছে কে হেরে,
জিতে যাব কে বলো?
বেহালায় যদি বাজে তান?
জোনাকীর কানে কানে
ফিসফাস কথা কব,
বলে যাব তোমার ঐ নাম;
আমাদের হবে ঠিক
একসাথে বাড়ি ফেরা
মাঝরাতে ভুল সুরে গান।
এই মারী, এই জরা
রাত্রি অনলঝরা,
অসুখের গান যত পেরিয়ে,
দু'জনেই দু'জনের
আত্মার রেণু মেখে
দু'জনের পৃথিবীতে বেড়িয়ে
আসবই ঠিক ঠিক,
আসব না, বলো তুমি?
নিতে এই হৃদয়ের দান?
আমাদের হবে ঠিক
একসাথে বাড়ি ফেরা
মাঝরাতে ভুল সুরে গান।
