২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নবীজির পায়ে লুটানো আমি

রনি আহম্মেদ

Published : 17 Jun 2020, 11:57 PM

Updated : 03 Oct 2022, 11:24 AM

নবীজির পায়ে লুটানো আমি

দুঃখের দিনগুলো শুরু হয়,
যেন অবারিত ঝড়ের মেঘ…
সূর্য ঢেকে যায়..
অসম্ভব মোমবাতির আলো
জ্বলছে গ্রামগুলোর চোখে।
ভালবাসার গানগুলোতে
গলা মেলানো
হারানো সৈনিকেরা,
গভীর রাতে গলিতে নামে…

এবার চাঁদের আলায়
তোমার সাথে দেখা হবে
মাতাল জাহাজগুলোর;
যারা জানতো কোথায়
অজানা থাকে…

মনে রেখো মানুষের মনগুলো
বাঁধানো ছবির ফ্রেমে,
পৃথিবীর পর্বত মালায়।

আহা! তিনটি সমুদ্র
চোখে ঘুমানো গ্রামোফোন
জানতো কিছু ডাকটিকেটের
ছবিতে পাওয়া আবছা সুর
আর আমিতো ছিলাম
তোমাদের ভিতর লুকানো…

নবীজির পায়ে লুটানো আমি।
শুধু নদী গন্ধা একটি শহরে
জিকর হয় হাজার বছর ধরে।

আমিতো তারই প্রতীক্ষায়
জন্ম নিয়েছিলাম
প্রতিটি জন্মের ভিতর।

..ভালো থেকো
চিঠি লিখো…যখন
সবচেয়ে অপরিচিত
গাঢ় অন্ধকার…তুমি দেখবে।

নামাজে থেকো

সমুদ্রের কাহিনীগুলো
তুমি জানো …
যেন গৃহ ছেড়ে অনেকদূর
পড়ে থাকা একটা দ্বীপ…
দিনকালের মালা পরা আকাশ।

তাকিয়ে'ই থাকা
এরোপ্লেনে তোমার মুখ।

সেই জীবন কোথায়
আর পাবো বলো!
তবুও মনে রেখো ,
আমার প্রদীপ জ্বলে
তোমাদের চোখে…

যখন কেউ থাকে না পাশে,
ভালোবাসায় আমি বৃষ্টি হলাম!

আর তোমরাতো বাতাসে
দুলতে থাকা বনভূমি।

স্বপ্নদৃশ্য ছাড়া আর
কি কিছু আছে ?

নামাজে থেকো
আর জিকিরে কাঁপুক
কাফেলার মিনারগুলো..

কত শতাব্দীর মানুষ এক হলো
মালিকের ডাকে…

একটা ময়ূর বুকে নিয়ে
শুয়ে থাকা আর
অপেক্ষার নীল নদ।

চাঁদের আলোয় ফুল ফোটে
যেখানে ইচ্ছে তার…

গত জীবনের ফটোগ্রাফ

এই মহা সমুদ্রগুলো
জানইতো কাকে পেলে কাঁদে !
আর হাসে ..ডলপিনের আলোয়

আহঃ ! তার'ই এই বিপুল অশ্রুরাশি..
তোমাদের ভালোবাসায়
এমন করে আর কে
কাঁদে বলো ?

তোমাদের ব্যাথায়
নীল হলো নীল রংগুলো…

মনে রেখো, আমার দিনগুলো
পাখিদের জন্য রাখা আছে…

এখনও অনেক নীরবতার ভিতর
তোমাদের মুখগুলো ভেসে আসে
জীবিত মানুষগুলো
ঘুরে যায়.. ঘড়ির
কাঁটার সাথে।

কি আর বাকি থাকলো ?

আমাদের বাগানে
গত জীবনের ফটোগ্রাফ
তোমাদের মুখ হয়ে হাসে…

ভালো থাকো…
মায়ের কথায় চলো।

আমার গোপন শব্দ

হাঁসের পালক ঢাকা
একটি দিন…
দুইজন মুখা-মুখি
আলোর শহর…

গায়ে ঘুমোনো নিউইয়র্ক
এবার চঞ্চল হবে।
কৃষ্ণ মেয়েটা …
রাবারে মুছে ফেলা
অনেকের দাগ…

পৃথিবীর শেষ রিফুজি
রাস্তা ধরে পালালেও
হাতে তার
গ্রামোফোনের রেকর্ড।

আয়নায় এই দৃশ্য
দেখা গেলো…

ইস্তাম্বুলের রাস্তায়
তিনি হাঁটলেন
ভেনিজুয়েলার একটি
গাছের ডালে
নীল চা পানরত
অদৃশ্য মানব।

ঘুরতে থাকা বনবাস
আমার গোপন একটি শব্দ
তাকে বলবো…

যে ইতিমধ্যেই জানে
ইয়েমেনের সন্ধ্যাগুলো
তোমাদের খোঁজ চায়!

দোআ করো …
চোখের জল'ই ছিল
শেষ পৃথিবী….
তোমরা বোঝোনি…


সামনে নূহ'এর বছর

শর্তকাল এল কি ?
তোমাদের চোখে
কফি বিনের মৌতাত…

মনে পড়ে ঝড়ের দিনগুলো ?

অগোছালো সংসারে
একটা আলোর গাছ ,
অজান্তে বিছানো দুপুর ,
তোমার অলক্ষ্যে
পৃথিবীর গান বাজে…
পুরাতন হয়ে যাওয়া মুখ
তুমি কাকে বাসতে ভালো ?

আল্লাহর এই সৃষ্টি
নির্জনে জানে শুধু কে.. সে…
অথবা কে….নয়
প্রকৃত নাম তোমার
গোপন থাকে।

জেনে রেখো…
তোমাদের জানাগুলো
শুধু আদর করে দেওয়া
গুচ্ছ হলুদফুল..

মধ্যগ্রীষ্মের পাকতে থাকা
ফলের মাঝে
খোঁজো তোমার পরিচয় !

কিভাবে শেষ হয় শুরুগুলো
ইব্রাহীম নবীর নামে ?

দুই আকাশে মেঘেরা
উড়েগেলো…

জিব্রাঈলকে সালাম দাও ,
ভালো থেকো…
সামনে নূহ'এর বছর।