২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

লিপি নাসরিনের একটি রাতের জবানবন্দী ও অন্যান্য

লিপি নাসরিন

Published : 05 Oct 2019, 10:34 AM

Updated : 03 Oct 2022, 11:24 AM


একটি রাতের জবানবন্দী

শুশুকের তেলতেলে পিঠে চড়ে
কালো রাতের নিষ্ক্রান্ত প্রহর
যখন মাঝরাতের অর্কেস্ট্রা শোনে
তখনই জেগে উঠে সেই কণ্ঠস্বর :
ধীর শান্ত অথচ দৃঢ় ঋজু
রক্তাক্ত ঘাড়ে তখন লাঙলের জোয়াল,
চোখের কোণে লাল রক্ত জমাট
দু'হাতে প্রসারিত সাদা কাফনের ভধাট;
হঠাৎ তার মুখে জবান ফোটে-
রাতের নিস্তব্ধতা শব্দভুক মাখনের মত গলে পড়ে
পরস্পরের মুখোমুখি বাকবিতণ্ডা
কত সাক্ষী হয়ে আছে এ নিশুতি কালো রাত।
বুড়িগঙ্গায় ভেসে উঠা ভবিষ্যতের লাশ
রাস্তায় পড়ে মগজের অবিরাম আর্তনাদ
থেঁতলে যাওয়া যুবকের অচেতন বোবা কান্না
সব, সব সে দেখেছে চোখের বারুদ জ্বেলে।
কুকুরের কাড়াকাড়ি সদ্যজাত শিশুর শব নিয়ে
দানবের উল্লাস কোমলমতির কচি প্রাণ খাবলে ধরে,
বেরিয়ে আসা কণ্ঠস্বর তখন ঘাড়ের জোয়াল ফেলে প্রশ্ন করে
সেতো সবুজ মাঠের শিল্পী, তার আন্দোলন
মাটির বুকে ফসলের নির্বিঘ্ন জরায়ন
ফসলের আড়মোড়া ঘুম ভাঙা দেখতে সুন্দর তার সবটুকু পরিশ্রম
জমা রেখেছে শিশিরের কাছে,
সে কেন তবে লাশ?
কেন অজস্র পিতার কাঁধে
সন্তানের শৈশব লাশ হয়ে ফিরে আসে
রক্ত পিপাসু হায়নার জন্ম হয়
কোন ঔরসে,কোন গর্ভে?
অট্টহাসিতে ভেঙে পড়ে রাত,
কুৎসিত নিমগ্নতা তাকে ঘিরে ফেলে
ঝনঝনিয়ে উঠে রূপালি চাকচিক্য
কালো রাতের বুকে।
মাটির নীচে পুতে রাখা সোনালি স্বপ্ন,
অর্থ পিশাচের লোলুপ জিহবা চেটে-পুছে খায়,
উল্লাসে গেলে সমৃদ্ধির মগজ।
হায়! আরো কত পঙ্কিলতা
গিরায় গিরায় হাতুড়ি পিটায়;
কালো রাত, আর একবার জবানবন্দী দাও!
জায়মান জরায়ুজ পরিকীর্ণ হোক
নগর থেকে অরণ্যে;
কণ্ঠস্বর থেমে যায়-
রক্তাভ সাদা কাফন জড়িয়ে নয় সর্বাঙ্গে
নিশুতি রাতের হৃদভেদে খালি পায়ে ভেসে যায় শূন্যে।
রাত আগল ভেঙে নিঃশব্দ সংকোচে
চোখে স্ফুলিঙ্গের সুরমা লাগায়
বারুদের গন্ধ ভরা শহরের সুরভি মেখে ছুটে যায় কালো রাত;
আবার কোন জবানবন্দি লালায় বাজাতে,
চেহলাম হবে রাতের বুকে কোন সত্য আগুন্তকের।


ঠিক তুমি কিনা জানিনা কবি

এখানে এলেই এক ঠাণ্ডা প্রণোদনা আমাকে ছুঁয়ে যায়
মনে হয় আমার শিওরে এক নীল সমুদ্র হামাগুড়ি দিয়ে আমাকে ডাকছে
এক নিসর্গের মায়া মৌন আলিঙ্গনে আমাকে শান্ত করে,
সেই শান্ত বনভূমির পাতাঝরা পথ
যে পথে তুমি হেঁটে গেছো পলায়নপর কবি:
আমার চেতনার ছায়া থেকে সুউচ্চ পর্বত মাড়িয়ে
পরাবাস্তব এক নৈশভোজ শেষে ঘুমিয়ে গেছে
হাড্ডিসার এক কৃষকের ডেরায়।
বিস্তীর্ণ গমের মাঠ
সবুজ প্রজাপতি তখন রঙ মাখে পাখায়
বিবর্ণ ধানের গোছা হা করে
চেয়ে রয় সূর্যের মুখে,
সে পথেই বোধহয় চলে গিয়েছিলে
অষ্টাদশী বিধবার বেশে
হাতের মেহেদীর রঙ তখন গিলে খায়
পড়ন্ত সূর্যের শেষ আলো।
তুমি তার হাতে হাত রেখে
টেনে নিয়ে গেছো বাকল ঝরানো বৃক্ষের
সরু পথ বেয়ে এক নিঃসঙ্গ পাহাড়ের কাছে
কী অনায়াসে পাহাড়টি তার যাতনা
ঝর্ণার জলে ভাসিয়ে দিব্যি কাটিয়ে দেয় এক জীবন।
তার বুকেও ফুল ফোটে
সবুজ লতাপাতা নেতিয়ে পড়ে আহ্লাদে,
তারপর একদিন সবকিছু মিথ্যে হয়ে যায়
একটি প্রিয় মানুষ;
একটি প্রিয় পোষাকের মতো মিথ্যে হয়ে যায়:
একটি প্রিয় মুহূর্ত মিথ্যে হয়ে যায়
একটি প্রিয় সুখ-
সেও হারিয়ে যায় সময়ের ডানায়।
পাহাড়টি তবুও জেগে রয়
বুকে ধরে অন্যের বসতি
তুমি তখন চষে বেড়াও নিপীড়িতের অন্নের খোঁজে
দেশ থেকে মহেদেশে
কবিতা আর প্রকৃতির যূথবদ্ধ সঙ্গম বুকে ধরে।
অষ্টাদশী বিধবার ছবি
তখন তোমার চোখে সমুদ্রকন্যার তৃষ্ণা জাগায়
তুমি বিশ্বনাবিক হয়ে কতো সধবার
আঁচলে পাল ওড়াও।

ঝগড়ায় তুমি আমি

তখন তোমার সঙ্গে আমার তুমুল ঝগড়া চলছে
সে ঝগড়াতে কোন শব্দ নেই, কোলাহল নেই,আছে শুধু বাক্য
আঙুলের ডগা টিপে টিপে,
তখন তোমার সঙ্গে আমার তুমুল ঝগড়া চলছে
সেই মানবহীন নির্জন লম্বা পথে কিংবা তোমার ব্যালকনিতে দেখা বরফের শুভ্র আস্তরণে
তখনো তোমার সাথে আমার তুমুল ঝগড়া চলছে
নৈদাঘ নিমেষেই যখন হিম বারিপাতে
খণ্ড বিখণ্ড লজ্জালুলতার নুয়ে পড়া সংঘাতে
তখন ও তোমার সঙ্গে আমার তুমুল ঝগড়া চলছে…
ভ্রুকুটি ভেঙে পড়ে, দ্বন্দ্বে স্বরে অভিঘাত ভাঙে
তবুও ভাষা নেই, সেই নিবিষ্ট চোখ আর আঙুলের ডগা ক্লান্তিহীন চেপেচেপে…
আমি ভেবে দেখেছি, তোমার সঙ্গে আমার কখনো ঝগড়া হয়নি মুখোমুখি
হয়নি কথা কাটাকাটি
তবু আমরা ঝগড়া দিয়েছি ঠেলে
হাওয়ায় মিছিলে, যন্ত্রটির ঠোঁটে
দেশ-বিদেশ, ধর্ম, সাহিত্য, আবেগ, প্রেম
সব নিয়েছি তুলে
কিঞ্চিৎ ক'টি মধুর কথা তাও সকাল হতেই ফুরিয়েছে আমাদের প্রাণে
সেই তখনো তোমার সঙ্গে আমার তুমুল ঝগড়া চলছে…