সরকার মাসুদের ধর্ষিতা অন্যান্য কবিতা
ধর্ষিতা
দু'হাটুর মাঝখানে মাথা রেখে
বসে থাকে সে অনির্দিষ্ট কাল
দু'হাটুর মাঝখানে অন্ধকার অশেষ
মা এসে হাত রাখে তার মাথায়
বোন এসে হাত রাখে তার
কিংকর্তব্যবিমুঢ়তার ওপর
স্বামী হতভম্ব দাঁড়িয়ে থাকে কাঁটাগাছের নিচে
পুরুষতান্ত্রিক বক্রহাসিতে চাপা পড়ে
তার কান্না অশ্রুচিহ্নহীন
বাকি জীবন সে খালি হেঁটে বেড়ায়
বালু নদীর পায়ে হাঁটা পথে; সিকি জ্যোৎস্নায়!
আশা রাখি
রেল লাইন থেকে নেমে
আখড়াই গ্রামের দিকে যাচ্ছি আবার
ঢালু মাঠের ওদিকে গাছতলায় সূর্য ধুলায় লুটালো
ধোবাউড়ার পথে নড়বড়ে টি-স্টল
সন্ধ্যার বুদবুদ উঠছে দিঘিতে, আধাঁরে
যেদিকে রাস্তা বেঁকে গেছে সংশয়ে;
এবং আত্মবিশ্বাসের খাড়ির নিচেই পোড়া মবিলরঙ জল
তার ক্যামেরাবন্দি হাসির ছবি নিয়ে আমি চলেছি কোথায়!
নদীতীরে জোড়গাছের প্রাচীন দৃশ্য, পেছনে যমুনা
না আমি ভুলিনি তার কথা তার হাঁটার ভঙ্গি
মাথার ভেতর বাদাম উড়িয়ে চলে গেছে মাছকুবের
এখন পোকামাকড়ের শব্দে জেগে উঠলো হোগলা বন
আশা রাখি অন্ধকার ঘন হলে
একটু একটু বোঝা যাবে তার মন
ঘ্রাণ
ঘ্রাণের অস্তিত্ব আছে তাই ফুলের জন্ম
হয়েছে পৃথিবীতে
মাথা কুটে মরতো আতর যদি সে জানতো
ঘ্রাণ বলে কিছু নেই
কি হতো বলো তো যদি অঘ্রাণ মাসে
কোনো কিছু থেকেই ঘ্রাণ বেরুত না?
আমি শুধু ফুল নয়, ফল নয়, আতরও নয়
ঘ্রাণ পাই পাথরেরও
বসন্তের ঘ্রাণ পাই, শরতের; বিপদেরও!
ভালোবাসার ঘ্রাণ পাবে যদি তুমি সত্যি প্রেমিক
অন্ধকারে
অন্ধকার বরান্দায় দীর্ঘক্ষণ বসে থাকি কেন?
নিজের ভেতর ডুব দিতে চাই বলে;
তেলাপোকারা গভীর আঁধারে বেরিয়ে আসে একে একে
আমি তাদের আঁধারভ্রমণ দেখি
আর দেখি কীভাবে তারা শুঁড় দিয়ে চাখে
আঁধারের স্বাদ!
দিন ছিল ম্যাদামারা
রাতেও আকাশ ভালো হলো না আজ;
অন্ধকারে ওয়েদার কক কোনদিকে মুখ করে দাঁড়াবে আমি জানি
আরো জানি অন্ধকারে নিজের ভেতর ডুবে যেতে যেতে
শোনা যায় বিলুপ্ত পাখিদের গান!
বসন্তের কবিতা
আরামচেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে থাকি
দেখতে পাই অনড় প্রাচীন প্রায় অন্ধকার গাছপালাগুলো
আমাকে অনবরত ডাকছে কালোসবুজ পাতার ভেতর
হালকা সাদা ধোঁয়ার মতো কিছু একটা উঠছে সেখানে
পাতলা আলোর মতো কিছু একটা ঘিরে আছে
ঘন কালো গাছপালার চারদিক….
আমি চোখ বন্ধ করে আরও দেখি
স্থির মেঘের পাশ দিয়ে ধাবমান পাখির ঝাঁক
এগিয়ে চলেছে অনিশ্চিত জলাশয়ের দিকে
মঞ্জুরিত বসন্তের সৌরভমাখা দিনে
চোখ বন্ধ করেই দেখি রঙবাগানের বিভা
ভালোবাসার ডালা নিয়ে ভ্রমর এসেছে
ফুলের মুখের ওপর তারা সব অস্থির কম্পমান…
আর আলিঙ্গন করবে বলে ফুলগুলো
দুই হাত বাড়িয়ে দিয়েছে প্রেমিকের দিকে।
