জুননু রাইনের দূর-চেরা নীল, মানুষ ও ঝড়
দূর-চেরা নীল
.
দিগন্তে, তোমার শূণ্যে আঁকা করোটি
নিলো না আমাকে-
আমারে নেবে তুমি মাটি?
চোখে পাথরঝরা ভাঙা ভাঙা দিন
এখানে এসে ফোঁটে না কারও অশ্রু
প্রজাপতির ডানায় দূর-চেরা নীল।
মানুষ
মানুষ বেশিদিন বাঁচবে না
আকাশ- লাল অন্ধকারে নিভে আসছে
রাতের শরীরে কুকুরের চিৎকার, ভাসছে
শুধু তোমার কয়েকটি তারায়, আলো জ্বলছে।
এই সংকটে, আমরা বরং মিলিত হই-
পৃথিবী বাঁচাতে কয়েকটি জীবন জন্ম দিই
সকল রক্তে সবুজ ফুরিয়ে আসছে
নদী- পাথর হয়ে জড়িয়ে নিচ্ছে মাটি
চোখ মুছে মুছে- শুকাচ্ছে সমুদ্রের দিন
তুমি তো ফুল ভালবাস
চল, আমরা নীল জোছনায় মিলিত হই-
অনেক অনেক জলের উৎসবে- ফুঁটি, জুঁই।
ঝড়
.
ঠান্ডা মাথার একটা ঝড়-
প্রস্তুত হতে বলছে
আমার পাশে বসা- বাতাস, গতি…
ওর রাগে চুম্বন রাখি
ক্রোধে হাত বুলাই
বৃষ্টিতে চোখ মেলে দিই।
আমাকে ভয় পেতে ভুলে যেতে দেখি
ঠিকানা হারাতে দেখি।
ঠান্ডা মাথার একটা ঝড়-
আমাকে প্রস্তুত হতে বলছে।
