২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রিমি মুৎসুদ্দি: মিথ্যে ছিল সবটা

রিমি মুৎসুদ্দি

Published : 16 Mar 2018, 08:24 AM

Updated : 03 Oct 2022, 11:25 AM


মিথ্যে ছিল সবটা
হোক না তার সমস্তটাই মিথ্যে। তবু সে মিথ্যে জড়িয়েই শান্তি। তার অলীক স্বপ্নের গায়ে লেগে থাকা ছোট ছোট হীরে কুচি, যাদের দেখা যাবে না, ছোঁয়া যাবে না কোনদিন। বহুদূর থেকে ভেসে আসা, আজন্ম কথা না বুঝেও গুণগুণ করা সুর শুধু একটা ভয়েসওভার দ্যা আদার সাইড। যেন বৃষ্টি আর সোঁদা গন্ধের মিথোস্ক্রিয়া। কবিতা, রাজনীতি, সেকুলার, সিউডো সেকুলার আর সেই চিরপরিচিত সেলুলয়েডের টানটান উত্তেজনায় দেখা শুয়ে পড়ার গল্পেও থাকে একটা কান্না গিলে নেওয়া। যার সিংহভাগই মিথ্যে ভেবে স্বস্তি পাওয়া। সাম্যবাদ, গরু সব মিলেমিশে একাকার। পুরনো বস্তাপচা স্লোগান, তন্ত্র মন্ত্র সব গিয়ে মিশেছে সেকুলার- সিউডো সেকুলার দ্বন্দে। 'আমি সাম্যের গান গাই'- সুর থেকে ভেসে আসে প্রতি ঘর থেকে মা বোন কাকা জ্যাঠাদের লাশ ঘিরে কত অজস্র কান্না। পদ্মা-মেঘনার জলে সেই কবেকার ভেসে যাওয়া চিতাভস্ম থেকে লেখা হবে নতুন ইতিহাস। মিথ্যে সত্যির তুল্যমূল্য বিচারের কি উপযুক্ত সময়ে আছি আমরা? এত বেশী পাওয়া একজীবনে কুলায় না। স্লোগান মানেই তাই মিথ্যে ভেবে আশ্বস্ত হই।

সব ঝুট হ্যায়
জীবনে হঠাৎ করে এরকম এক একটা বিকেল চলে আসে। যে বিকেল শহরে, জনবহুলতার মধ্যে একলা আবিষ্কার করা কোনও অসহায় বিকেল হতে পারে। এরকমই একটা বিকেলে তার মনে হল পূর্ণতার ধারণা কি অলীক, মিথ? নিজের ভিতরই হঠাৎ করে চলে আসা একদমকা ঝোড় হাওয়া কি ছদ্ম আশ্বাস ভেঙে টুকরো টুকরো করে দেয়। আর, পরে থাকে? সেই মেহের আলির চিৎকার- "সব ঝুট হ্যায়, তফাৎ যাও! তফাৎ যাও!" জীবনও তাই বলে তফাৎ যাও, তফাৎ যাও…।

Image
Flag Counter