স্বদেশ রায়ের কবিতা: জাহাজের ডেকে
সাগরের বুকে আমি কখনও আলবাট্রস দেখিনি,
স্থলভাগের জনারণ্যে- শুভলক্ষ্মী গুপ্ত, আমি তোমাকে দেখেছি।
তোমার সেই অসহ্য সুন্দর রূপে তুমি নিয়ে গিয়েছিলে
নিজেকে কোন এক ঝড়ের আকাশে, যেখানে সকলেই ডানা ভেঙ্গে পড়ে।
তোমার চোখের পাপড়িতে যে ঝড়ো বাতাস ছিলো, তা সারা রাত বয়ে যেতো
উম্মত্ত সাগর -ঝড়ের মত নতুন সাগর যাত্রার জাহাজে- সে ঘুমুতে দিতো না,
ঘুমুতে দিতো না, কেবলই দোলাতো জাহাজের সারা শরীর।
শুভলক্ষ্মী গুপ্ত! ওই বিশাল ঝড়ের আকাশে তুমি কীভাবে সারা রাত অমন
শরীর দিয়ে ছবি একে ঘুমাতে? ঘুমন্ত তুমি- ছিলে কোন এক শিল্পীর তুলিতে আঁকা- যা ভাসছে
আকাশে দূরন্ত ঝড়ের সঙ্গে। তোমাকে নিরাভরণ করে আমি গড়ে
তুলেছিলাম অজন্তার এক মুর্তি। তুমি অজন্তার জাগ্রত মুর্তি, আর আমি ভয়ে
কাঁপা ঝড়ের যাত্রী- তবুও সে রাতে উঠেছিলো ঝড় আকাশের অনেক ওপরে, অনেক অনেক ঝড়-
তোমার পাখনার কোনো পালক কি ভেঙ্গে গিয়েছিলো সেই ঝড়ে?
আমি আজও ডানাভাঙ্গা এক সমুদ্র যাত্রী, পড়ে আছি জাহাজের ডেকে।
