২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নওশাদ জামিলের তিনটি কবিতা

নওশাদ জামিল

Published : 08 Nov 2017, 08:38 AM

Updated : 03 Oct 2022, 11:25 AM

Image
Fakir

নীল শাড়ি

যেখান থেকে যাত্রা শুরু করি
আবার আমি সেখানে আসি ফিরে
অনেক পথ পেরিয়ে এসে দেখি
ফেরার পথে কুহক আছে ঘিরে।

পাহাড় নদী পেরিয়ে মেঠোপথ
এসেছি ফিরে হৃদয় আহ্লাদে
অন্ধ ফুলে পরাগ ঢেলে দিয়ে
আবেগ ছাড়া কে আর পড়ে ফাঁদে?

পথের বাঁকে বাতাস ছেঁড়া মেঘ
উড়ল বুঝি আগুন হাতছানি
ধোঁয়ার রেখা মাড়িয়ে বহুদূর
পেলাম দেখা পরম ঝলকানি।

হৃদয় টানে আবার আসি ফিরে
ফেরার পথে কুহক ছড়াছড়ি
কুয়াশাজাল ছিন্ন করে দেখি
পথের বাঁকে উড়ছে নীল শাড়ি।

বাহুডোর

আড়াল থেকে অন্তরাল হয়ে
কাটছে দিন, নিঠুর ভালোবাসা
ধরতে যদি না পারো মনপাখি
উড়াল দেবে রইবে শুধু বাসা!

প্রান্ত ছেড়ে গহীনে উড়ে উড়ে
ভেসেছে ভেলা অচিন পরবাসে
ভাবনা নেই, কী এক বেদনায়
ছুটেছি আমি দূরের ভিনদেশে।

আগল খুলে উড়িয়ে দিয়ে মন
চলেছি আমি পাখনা মেলে দূরে
পারো তো ধরো আমাকে, ধরো দেখি
প্রগাঢ় টানে তোমার বাহুডোরে।

উড়াল থেকে আড়াল হয়ে যায়
পাল্টে যায় জীবন একদিন
ধরতে যদি না পারো মনপাখি
থাকবে না তো কষ্ট আর ঋণ।

মিহিব্যথা

আঁধার রাতে ঝিলিক দেখে ভাবি
আলোর রেখা ঝলসে উঠে পথে
আমাকে আজ প্রগাঢ় ভালোবেসে
মুগ্ধ হয়ে যাবে কি তুমি সাথে?

বৃষ্টি যদি সরিয়ে দেয় আজ
দেহের ধুলো, মন কি হবে সাদা?
বিষম স্রোতে ভাসছি ক্ষণে ক্ষণে
লাগছে কাদা, লাগছে চোখে ধাঁধা।

সন্ধ্যা ভালো, রাত্রি হলে জাগে
কুহক ঘেরা বিশাল লোকালয়
একলা আমি নেই তো পিছুটান
ছেড়ের্ছি ঘর, ছেড়েছি সব ভয়।

আগুন নদী পেরিয়ে আমি দেখি
পেলাম কিছু নিগূঢ় হাসিকথা
আঁধার রাতে চোখের ঠারে ঠারে
উঠল জেগে বুকের মিহিব্যথা!

Image
Flag Counter