২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

স্বদেশ রায়ের কবিতা: বেহুলা ভাসান

স্বদেশ রায়

Published : 08 Aug 2017, 08:14 PM

Updated : 03 Oct 2022, 11:25 AM

Image
Shakil-story


জানাইতেছি- জানাইতেছি- জানাইতেছি- আজ রাতের আকর্ষণ
বেহুলা ভাসান, বেহুলা নিজেই গাবে এ ভাসান গান।
আপনারা বেহুলার কন্ঠে শুনিতে পাইবেন, কেমন করে বেহুলা ভেলায়
ভেসে ভেসে পার হয়েছিলো বাংলার সব নদী, কেমন করে পাড়ি
দিয়েছিলো উত্তাল ঢেউ। বেহুলাই জানাইবেন আপনাদেরকে- কেমন করে
একের পর এক নিস্তব্দ গভীর অন্ধকার রাত পাড়ি দিয়েছিলো
ভেলায় বসে ভরা নদীর মত বাংলার এই বেহুলা একা- মৃত এক মানুষের
দেহ সঙ্গে নিয়ে। তা ছিলো কি বেহুলার প্রেম না পতি শুধু তার-
আজ তা গানের সুরে গাহিয়া শুনাবেন, বেহুলা আপনাদের।
আপনারা শুনিতে পাইবেন সেই সব কালো কালো রাতের কথা ,
তার পাশে কাপড়ে ঢাকা পুরুষের মতই দেখতে জীবন্ত পুরুষরা
কেমন করে নারী শরীর খুবলে খাবার দাঁত নিয়ে ঝাপটে ধরতে গেছে
বেহুলাকে। সে সব রাতে কীভাবে রক্ষা করেছে বেহুলা

নিজেকে। সেই সব অন্ধকার রাত কেটে গিয়ে সূর্য উঠেছে, ঘুমহীন চোখে
বেহুলা দেখেছে আবার এই পৃথিবীকে, দেখেছে বাংলার অপরূপ রূপ,
পাশে তখন তার মৃত লখীন্দরের মুখ, যেখানে নেই সুদর্শন কোন লখিন্দর।
সব মাংস পচে গেছে যার, হাড়গুলোই শুধু সঙ্গী তখন কেবলই বেহুলার।
শুধু গান নয়- গান নয়- আপনারা আজ নিজ চোখে দেখিবেন বেহুলার
সেই নাঁচ-যে নাঁচ সে মুগ্ধ করেছিলো স্বর্গের দেবতাদের।
আপনারা নাচের সঙ্গে সঙ্গে বেহুলার গানে আরো জানিতে পারিবেন,
স্বর্গের নাচে কেঁদেছিলো বেহুলা, কেঁদেছিলো তার বাংলার মাঠি মাখা পা।
দেবতারা লুটোপুটি খেয়েছিলো লালা ঝরা মুখে, বেহুলার সবুজ শরীর
ছুঁতে ফণা হয়ে ওঠে তাদের হাত- ঠেকাতে সে সব শিয়াকুল কাটা হয়ে ওঠে
বেহুলার পা বার বার। জানিবেন দেবতাদের সেই কান্ড- বেহুলা নিজ মুখেই গাহিবেন আজ
রাতে। দেরী করিবেন না, দেরি করিবেন না- সকলে চলিয়া আসুন আজ রাতে,
বেহুলা নিজেই গাহিবেন,নিজেই শুনাইবেন, নিজেই দেখাইবেন সেই নাঁচ।
আজও আবার বাঁচিয়া উঠিবে মরা লখিন্দর। আবার বাঁচিবে, আবার বাঁচিবে
বেহুলার নাচে, বেহুলার নাচে -এই বাংলায় মরা লখিন্দর- মরা লখিন্দর।

Image
Flag Counter