২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মাহী ফ্লোরার কবিতা: মরিয়ম সিরিজ-২

মাহী ফ্লোরা

Published : 28 May 2017, 11:44 PM

Updated : 03 Oct 2022, 11:25 AM

Image
Anondo

১১.
এই পৃথিবীতে আমার নিজের সন্তান ছাড়া আর কেউ নেই। মরিয়ম যেদিন পথের ভেতর ডেকে এনেছিল সামসাম মাছকে, সেদিনই নিঃশ্বাস বন্ধ হয়ে মরে গেছে মা-বাপ আর পাখিদের বিপরীত সম্পর্ক।সন্ধ্যের মুখে একটি ব্যর্থ ট্যাটু এঁকে আমিও আমার সন্তান রেখে ঘুমিয়ে পড়ব কসম।

১২.
পাহাড়, স্থির, সময়। চার্চ, অপেক্ষা,ঘুঙুরধ্বনি।বৃক্ষ, সবুজ, এলোমেলো। আলো,আঁধার, কুয়াশা,মুখ,অসুখ। ধোঁয়া, ধুসর, অতীত। কথা, গল্প, অস্থিরতা,তুমি । তুমি নিতান্তই এক অস্থিরতম শিশু।

মরিয়ম, যেন আমাদের ঘিরে আছে প্রাচীন মেন্দাসিয়াম!

১৩.
আমার মরিয়মকে কেউ ধরে নিয়ে গেছে।সীমান্ত পেরোলেই লকেটের দাম বেড়ে যায়, চুল উড়তে থাকলে ভূগোল পেরিয়ে মনে হয়, প্রেম নেই। কুশর খেতের ভেতর একটা নির্জিব দেহকে কতকাল আর আগলে রাখা যায়!

১৪.
একমুঠো বারুদকে নিয়ে ঘুমিয়ে পড়ো মরিয়ম। লেটস সেলিব্রেট আ রাফ জার্নি। রোড টু রোড…
ব্যাক্সপেটরায় কোনো ব্যাকস্পেস নেই। নইলে দেখতে কত ভুল জীবন আমি বহন করার শর্তে মুছিনি। চোখের সামনে শরৎ ঘুমিয়ে যায়, বসন্ত কাতর থাকে। শুধু ঘুমের জন্য কিছু মৃত্যু পিছিয়ে যায়।

১৫.
বিষণ্ণতা হলো রঙিন জাল। আটকে পড়ছে মরিয়মসমগ্র! ক্ষুধায়, তৃষ্ণায় মরিয়ম আটকে গেছে সুতোগামী একটি রঙের ঠোঁটে। ঠোঁট বলতেই একটি পাখিকে মনে পড়লো। ফরেইন রিলেশন ঠুকরে ঠুকরে খাওয়াই ছিল যার সারাদিনের কাজ!

১৬.
ভীষণ রোদ একটি শাদা বাড়ির উপর শাড়ির পাড়ের মত পড়ছে।মরিয়ম শুকিয়ে যাচ্ছে রোদে।

১৭.
কোনো একদিন তুমি গোপনে ভালবাসবে। গন্ধ নেবে বই এর ভেতর গোপন একটি রুমাল, রুমাল পেরোলে শুধুই একটি শব্দ, যখন মরিয়ম ঘুমায়,তুমি গোপনে ভালবেসে দেখো তার স্বপ্ন। তার চোখ খেয়ে নাও। তার ঘুম তুমি ভালবাসো। যেমন একা মেহগুনি মেঘ গোনে, ভালবেসে ফেলো যেমন সন্তানের জন্য স্ত্রীকে ভালবাসে জন্মান্তরের কাঙখায় কোনো পুরুষ!

১৮.
যখন একটা চিঠির জন্য তোমার অপেক্ষা, মরিয়ম জানে কোনো শব্দ কারখানায় জন্ম নিচ্ছে ধ্বনি।একটি চিঠি শূন্যের ভেতর শুধুই শাটল ট্রেন। যাবার জন্য পা বাড়ালেই পথ তোমাকে দেখায় এদিকে প্রেম এদিকে গোপন চুমু এদিকে মায়ের মত প্রেমিকা তোমার!

১৯.
প্রশ্রয় দিচ্ছো।যেন বৃক্ষের ভেতর জেগে উঠছে বীজের জন্য মমতা। মরিয়ম কেবলই জেগেছে। ভোরের পাঠ নিতে নিতেই তোমার নিয়তি জাগবে।নদী খুঁজে তুমিও শিখবে সাঁতারের কলাকৌশল।

২০.
লাল চোখ আমাকে টানে, মদিরা ঘুমের। মরিয়ম জানে,গভীরে রাত্রি নেশার।নেশা যেহেতু রক্তমাংসের প্যাটার্ন, ধীর অধিগ্রহণ।যেকোনো মৃত্যুই মরিয়মকে টানে।খুলে যেতে থাকে নতুন জীবনে প্রবেশের পথ। কোথাও যেন স্থির শুয়ে আছে দান্দোলোর সমাধি!

২১.
নগ্ন ফুল থাকে ঠোঁটের উলটো পিঠে। যেভাবে ব্যাগপ্যাক নাও তুমি, যেভাবে পাহাড়ে চলো একটু ঋজু, একটু ক্লান্তির সাথে। নগ্নতা আসলে একটা বাহু, যেকোনো শীতেই মরিয়ম হয় গুহাবাসী। চাদরের খুঁট থাকে পাহাড়ি ফুলে মোড়া, ঝিরঝির করে আকাশের তারা পড়তে থাকে।যেন কোনো প্রাচিণতা ইতিহাস হয়ে ঠান্ডায় জমে যায়। মরিয়ম অপেক্ষা করে এক শীত থেকে আরেক শীতের, ঠোঁটের দক্ষিণে অলস একটি তিল!

২২.
একদিন লোকে জানবে আমি তোমাকে এক মুহূর্ত ভালবেসে একটি শীতল যন্ত্রণা ভোগ করেছি। সন্ধ্যেগুলো বহু বছর পর জমে যায়,থানিক দানবের স্থিরতায়। জলকে তুমি যে নামেই ডাকো,চোখ ই তার নির্মম শিকার। মরিয়ম কাঁদবে। একদিন বৃষ্টি শেষে তোমার মনে হবে যে কোনো ভেজা ফুলেই আসলে মরিয়ম রেখে গেছে শেষ চুমু!

২৩.
যেমন অনেক স্বপ্ন তুমি গাছ বলে দেখো!নিঃশ্বাস এবং বেঁচে থাকার বাইরেও নাক গুলো কাজ করে।ঘ্রাণ ছাড়াও তারা স্থির ভ্রমে।স্বপ্ন হচ্ছে তাই ফল না হতে জন্মায় যে ফুল। গাছ আসলে তেমন কিছুই করেনা। শুধু ফিরিয়ে দেয় শৈশবের সাঁতরে যাওয়া দিক। একটি দোলনবাহী জাহাজ যে স্থলে দুলছে।যেন মরিয়ম হাসে আর হাততালি দেয় সুইং সুইং!

২৪.
হাতের ভেতর হাত বলতে আমি কিছু ভাগ্যরেখা দেখি যারা শীত থেকে বসন্তের দিকে যেতে দাঁড়ি কমা ছাড়ে।অবিরাম কিছু গৃহপালিত জীব যেন খুঁটে খুঁটে খাচ্ছে ছড়িয়ে দেয়া দানা, অথবা শুকোতে দেয়া ধানে এসে বসছে পাখি, মরিয়ম বলছে হুসস…হুসস…
হাতের ভেতর ভাগ্যরেখার ভেতর আর ফিরে আসছেনা পুরনো অতীত,বসন্ত শেষ বলে আমরা যেন হারিয়ে গিয়েছি প্রাপ্তবয়স্ক একজোড়া নদী হয়ে!

২৫.
দীর্ঘ দিন কুয়াশা যাপন করতে করতে আমার ইচ্ছে করে ফিরে যাই পাখির জীবনে।পরজন্মের ইচ্ছে নিয়ে উড়ে যাই।
মরিয়ম হাসে।
তখন যেন অচেনা সরাইখানার দিকে মুখ রাখি।মদ ভর্তি শাদা শাদা মগ, মাংস ভর্তি হিংস্র বাসনা নিয়ে আগুন হই, নরকের জীবনে আমার এটাই শেষ ইচ্ছে।
মরিয়ম হাসে।দোলক পরবর্তি ভূগোল এই সুযোগে মিশে যেতে থাকে বিবিধ তৃষ্ণায়।

Image
Flag Counter