২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

এই শীতে পাতাগুলি পাখি হয়ে যায়

মুহম্মদ নূরুল হুদা মুহম্মদ নূরুল হুদা

Published : 18 Jan 2017, 08:46 PM

Updated : 02 Sep 2022, 08:35 PM

এই শীতে শব্দগুলি পাখি হয়ে যায়;
শূন্যের হৃদয় ছেড়ে খুঁড়ে খায়
অন্য এক শূন্যের হৃদয়:
এই শীতে পাতাগুলি পাখি হয়ে যায়;
উড়ে উড়ে এতোটা সদয় তুমি,
হায় তরু, এতোটা নির্দয়!

অনঙ্গ হৃদয় ছেড়ে ফিরে আসো,
শব্দ-নারী, অঙ্গের ভিতর;
যেহেতু পাথর নও, শব্দ-বধূ,
নও তুমি যেহেতু নিথর।

মানুষ শুশ্রুষা পেলে
উড়ে যায় পাখির ডানায়,
ভালোবাসা আলোভাষা,
শুধুমাত্র সদাচারী মানুষে মানায়।

২

মানুষ শুশ্রুষা চায়,
মানুষ শুশ্রুষা পেলে
মানুষের খুব কাছে যায়;
শুশ্রুষাবিহীন মানুষ
মানুষের বুক ছেড়ে দূরে চলে যায়।
মানুষ শুশ্রুষা পেলে
শীতে-গ্রীষ্মে যে কোনে ঋতুতে
প্রকৃত মানুষ হয়ে যায়।

৩

তাহলে বাড়াও বুক,
নারী তুমি নর তুমি বুকটা বাড়াও;
সময়কে বুকে তুলে
সময়ের বুকে চলে যাও;
মানুষকে ভালোবেসে
মানুষের ভালোবাসা নাও।

১২-১৮.০১.২০১৭

Image
Flag Counter