২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রদীপ করের পাঁচটি কবিতা

প্রদীপ কর

Published : 18 Jan 2017, 10:54 AM

Updated : 23 Jun 2022, 04:03 PM


দরজা

আমার বাড়িতে অনেকগুলো ঘর।
যতগুলো দরজা আছে
জানলা আছে তারও চেয়ে বেশি।
আলোবাতাস আসে। এই ঘরে
যতগুলি দরজা আছে
ততগুলি
মানুষ তো নেই
ফলে
আমি একাই ভিতরে বাইরে আসা যাওয়া করি…
তাই, দরজাগুলি সকল সময় খোলা থাকে

আমি সমস্ত দরজাই সব সময় খুলে রাখতে চাই
তার জন্য
আজ না হোক, কাল বা পরশু বা তার পরদিন

সে, যদি অন্তরে প্রবেশ করতে চায়…

আলো

মানুষেরা বড্ডবেশি আলোকিত হয়ে আছে আজ
তাদের নিজের ছায়া
এখন আর মাটিতে পড়ে না।

শুধু ধূসর শূন্যতাগুলি, নিশ্চিন্ত দুঃখগুলি
গোপন গভীর থেকে
ঝরে
পড়া
পাতার
মতন

বাতাসের সামান্য খেলায়

বহুদূরে
উড়ে
উড়ে
যায়…
প্রকৃতই বন্ধুহীন হয়ে থাকে অস্পষ্ট যন্ত্রনার ক্ষত
পরাজয় নিজেও আজ পরাজিত হতে অসম্মত

ঈর্ষার দগদগে আগুনে মানুষের মুখগুলি
পুড়ে পুড়ে তপ্ত তামার মতো লাল…

শুধু তার চোখের ভাষা, যেন, বৃষ্টি ভেজা গ্রীষ্মসকাল…

রূপলাগি

এই সেই লেখা। যেখানে তুমি আজ এসে
খুঁজতে চাইছো কবিটির মন
কবিও তো অক্ষরে অক্ষরে, যতখানি রূপ এসে ঝুরে
তোমাকেই বুঝে নিতে মগ্ন তখন

কী হবে এরপর? বলো, কী হবে তারপর?
প্রতিটি শরীর তুমি রেখে আসছো
প্রত্যেকটি কবিতার ওপর।…

টিপ

হোটেলের ঘরের আয়নায় যে টিপ লেগে ছিল
আজ দেখি কপালে তোমার!
তার মানে
তুমিও একদিন ওই হোটেলের ঘরে গিয়েছিলে?

কার সঙ্গে? কার সঙ্গে? কে ছিল তখন?

দু'জনের মাঝখানে সন্দেহ যখন এসে নিশ্চুপে দাঁড়ায়
তখনই কি পরস্পর ঠিকমতো চিনে নিতে চাই?

সংস্কার

আমি যে ঘরটিতে বাস করি, তার মেঝেয়,
প্রতিদিন প্রচুর ধুলো জমে বুঝি,
যখন কাজের বুয়া ঘর মুছে দেয়। তার হাতের নিপুন মোছায়
জমে থাকা ময়লা চলে যায়।

বালতির জলে কাপড় নিংড়ায় আর মোছে
কাপড় নিংড়ায় আর মোছে
বালতির জল যত নোংরা হয়। মেঝে ততই তকতক করে

আমারও ভেতরে রোজ অযুত ময়লা জমা হয়
কে আছ এমন সুকৌশলে সাফসুতরো করবে মনে মনে?

আজ জ্যোৎস্নারাতে সবাই গেছে বনে।…