২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সন্দীপন চক্রবর্তীর গুঁড়ো গুঁড়ো কবিতা

সন্দীপন চক্রবর্তী

Published : 06 Jan 2017, 02:17 PM

Updated : 23 Jun 2022, 04:03 PM

১.
অনন্ত কোথায় থাকে? ওপাড়ার ফ্ল্যাটে?
আমাকে তো একদিন চোখ মেরেছিলো
#
ইশারা বুঝিনি, তাকে অসতী ভেবেছি —
এ লেখায় সেই পাপ তোমাতে অর্শালো

২.
বাজে কথার ভিড়ে আমার জীবন শুধু খরচ হয়ে যায়
যেসব কথা লিখবো ভাবি, সেসব কিছু লেখা হয় না আর
#
কে কার আগে মাংসখণ্ড দখল করে নেবে
তা নিয়ে শুধু ঈর্ষা চলে, কামড়াকামড়ি চলে
#
না-লেখা সব শব্দগুলোর দিকে রোজ ঝুঁকে পড়ে
আমাদের এই ঢাউস নিষ্ফলতা

৩.
আঠালো চুম্বনে মধু। মধুমেহ সারেনি এখনও।
অন্ধকারে গেঁথে গিয়ে একটি আলোর বর্শা তিরতির কাঁপে।
আমাদের অন্ধকার অশ্বডিম্বের মতো নিটোল, মসৃণ —
আলো আত্মহত্যাকামী; সে নিজেকে ছুঁড়ে খুলে দেয়
বাহান্নতলার থেকে ঝাঁপে

৪.
না, কবিতা নয়; আর যা হয় হোক।
কিছুটা পর্যন্ত ধাপ্পা — স্মার্ট ছুঁচোবাজি —
#
কবিতা তো গ্যালাক্সিবহর।
সেখানে শব্দের থেকে ফুটে ওঠে রক্তবিন্দু…মদ…
ভোরের শিশিরও গায়ে মেখে নেয় রাতের ছেনালি

৫.
শূন্যের ভিতরে কেউ শিস্ দিয়ে ওঠে।
খুলে যায় মধুশালা, শব্দের টেবিল
#
উচ্ছল যুবকও এসে শিখে যায় গাঢ় বিষণ্ণতা
#
মন্ত্রময় হয়ে ওঠে শুঁড়িপথ, দ্রাক্ষাবন, স্বপ্নের ছোবল

৬.
স্তব্ধতার প্রতিবিম্বে পুঁতে গেছ অজস্র পেরেক —
সেসব ক্ষতের থেকে চুঁয়ে চুঁয়ে মদ নামে, আর্তনাদও নামে
শব্দে কিছু ধরা যায়; বেশিটাই ধূসর বরফ
#
পাগলাঘন্টির মতো বেজে ওঠে আমাদের কবিতাপ্রয়াস

আক্রোশ
অক্ষরের সেতু আমি, শুয়ে থাকি, যাতে কেউ এসে
পেরিয়ে দখল করে নেয় এই রক্তমাখা বধিরতাগুলি।
আমিই ধর্ষক আর আমিই ধর্ষিতা, তবু
যন্ত্রণায় ছিঁড়ে যায় কপালের শিরা আর
বীজগুলি খুলে যায় পথে পথে উৎসবে ব্যসনে –-
বীজের বিদ্যুৎ ছুঁয়ে দাউদাউ জ্বলে ওঠে সেইসব অক্ষরের সেতু।
শব্দেরা লাফিয়ে পড়ে ঘূর্ণিস্রোতে, পা জড়িয়ে যায়
#
যে শব্দে ডুবুরি আছে, তার তো বাঁচোয়া
যে শব্দ নিরস্ত্র, তাকে টেনে নেয় ঝাঁঝিপাতা পাঁক –-
শব্দের সাঁতার থেকে নিরন্তর জেগে ওঠা ঢেউগুলি নিয়ে
আমার সমস্যা বাড়ে, তারা ধাক্কা মারে অবিরত
সে ধাক্কায় ভেঙে পড়ে সব সেতু, সমস্ত মানুষ
#
পারাপার মুছে দিয়ে দিগন্ত অবধি শুধু
ফুঁসে ওঠে জলের আক্রোশ…