২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফারহানা রহমানের তিনটি কবিতা

ফারহানা রহমান

Published : 21 Dec 2016, 10:20 AM

Updated : 23 Jun 2022, 04:03 PM


হ্যালুসিনেশন

সম্মোহিত হয়ে আছি
পড়ে আছে একলা আকাশ
এখন হ্যালুসিনেশনে-
লাল লিটমাস
নীল লিটমাস
ছেঁড়া ছেঁড়া অবয়ব গোধূলির ঝাউবনে;
বাদল সন্ধ্যার দুরন্তপনা গিয়ে মিশে গেছে ফেনায়িত তরঙ্গে
যেমন রৌদ্রের নৈঃশব্দ্য জলরং এঁকে দেয় গুল্মবনের গায়ে
তৃষ্ণা জেগে আছে চোখে, নগ্ন সাদা মনে…

ঝড়ো রাত
টর্চের লাইট নিভে গেলে আলোতে আঁধার জমে যায়
খোসা ছাড়ায় সন্ধ্যেবাতি
নকশায় মিশে থাকে তারকাঘচিত রাত মরুভূমি অরণ্যের মতো লাগে
শূন্যপথে দীর্ণ হাহাকার থাকে
মেঘের ডানায় শঙ্খচিল শুয়ে থাকে
দুর্গচূড়ায় একা আসে ঝড়ো রাত ছলনায় ভুলে
ভালবাসা পেলে।

প্রেম
তুমি কি রঙিন মোড়কে ঢাকা রাজপ্রাসাদ
বেদনার গুপ্তধন লুকানো থাকে তাতে
যতই অতন্দ্র উন্মুখ হয়ে থাকো পাহারায়
ভিতরে-বাইরে যতই আকণ্ঠ তৃষ্ণা
গোলাপের নির্যাস
বেদনার শরাবই মেটায় তৃষ্ণা
বিষণ্ণ চিতায়
দীর্ঘতম নৈঃশব্দ্যে ঢেকে যায় চৈতালি বিকেল,
জ্যোৎস্নাসিক্ত আকাশ; উদ্ভাসিত পানশালায়-
প্রেম, তুমি কি বিপন্ন ছায়া
ঘনিষ্ঠ হয়ে মিশে আছ ধুসর তটরেখায়
ধোঁয়াশার কুণ্ডলী পাকাও হৃদয়ের গভীরে
হও প্রবঞ্চক ফসফরাস;
নাকি, তুমি শুধুই ভ্রান্তিবিলাস!