শাপলা সপর্যিতার ৮টি কবিতা
বিলাসী আঁধারে তার মুখ
রাজেশ্বরীর পেছনে। গোপনে। জোছনা ছড়িয়ে দাঁড়ায়
এক অতলান্ত ছায়া – সে ফুল সে মৌমাছি কি মাধুরী কিংবা
অধরা মানুষ, আর তখনই আমার বিলাসী অন্ধকার
ক্রমপ্রসারিত হয়। আঁধারে মানুষ খুঁজি। আঁধারে জনপদ
রাজপথ কবি লেখক সংসারী অথবা সংসারবিরাগী খুঁজি
নিঃস্বহায় জোৎস্নাও খুঁজে চলি অবিরাম। নক্ষত্র থেকে
খুলে নেই এক একটি আলোর কণা। গড়ে তুলি নতুন।
আরও এক মানবী মুখোশ। আঁধার গর্ভে জন্মেছিল যে
প্রদোষে অসাঢ় অপরাহ্নে কেন সে জন্ম নেয় আবার?
গভীর নিশীথের মতো চোখ যার। গালে সোনাপাখি রোদেলা টোল।
অন্ধকারে ঢালে কেবলই অধরা করুণ কিরণ। আহা অধরা আমার-
তখন প্রহেলিকা অবলুপ্ত – বেহাগে বিরহ বাজে।
মানবী সরে সরে যায় দূরে। প্রেমিকের মাধুরীতে মুছে যায়
জলছবি শব্দ বৃথা বাক্য মিছে স্বপ্ন মরিচীকা ঘাত-প্রত্যাঘাত।
প্রতারণাবিহীন এক অদ্ভুত অন্ধকার – আমারে জড়িয়ে রাখে
নিবিড় নৈকট্যে অসীমে। দৃপ্ত পদভারে মুখর করে তোলে
গ্রাম লালমাই-এর ঘনচূড়া বর্ষার অবসান –
আহা কী দারুণ নিগুঢ় নৈঃশব্দ আমার
সামনে থেকে চলে যায় দূরে – আর ক্লান্তিরা শেষ হলে
পেছনে পড়ে থাকে এক বটচ্ছায়া।
ছায়া ছায়া ভালোবাসা
তবে চলো জলে ছায়া লিখি দু'জনে।
কাকচক্ষু জলের উপর আমাদের ভালোবাসাবাসি
জলের গভীরে তার কাঁপন
আমি তার ছায়া লিখি।
তুমি উড়ে চলো আকাশের গহীনে
নীলে নীল মাখো এক উদভ্রান্ত প্রজাপতি
এসে বসো আমার জলের কিনারে
জীবনে তোলো ক্রমঅস্থির তরঙ্গ
দুর্বার – আর আমাকে করো জলজ নীলাদ্র।
আমি ছায়া লিখি আমার
আমি ছায়া লিখি তোমার।
তুমি যে জানোনা ছায়ার পুরাতন কিছু,
অক্ষর, পড়া হয়ে ওঠেনা।
তাই ছায়া ছায়া লেখা বোঝনা
জানোনা আমার কোনো
কবিতার ভাষা কিংবা ভালোবাসাও।
তুমি যদি রাখো বসন্তে আমায়
ধ্রুব সত্যের উপর দাঁড়িয়ে অকারণ স্বপ্নহীন আমি। ঝুলে গেছি স্বপ্নের দড়ি গলায় জড়িয়ে। এ-কাল ও-কাল মহাকাল ব্যপ্ত। প্রতি পদে আর বোধে। বিহব্বল প্রতারক সময় আর বিলাসী জীবন। আমার উদয়অস্ত শ্রমশ্রান্ত শরীর তৃষার্ত মন উদভ্রান্ত নিশালোক। দিশাহীন পথরেখার শেষে-তোমার মুখ । চিরবিরহী বিজনে নামায় মধুর বরষা সজল। আসে গ্রীষ্ম এবং শীতও প্রবল। তুমি যদি রাখো চির বসন্তে আমায় বারোটি ঋতুই বুঝিবা এসে দিয়ে ফিরে নিয়ে চলে যায় আমার স্বপনও সকল।
তোমারই চোখের দূরত্বে
আমি তোমার চোখ থেকে নির্দিষ্ট দূরত্বে দাঁড়াই
যেখানে দূরদৃষ্টিরও পরে স্পষ্ট করে দেখা যায়
আমারও কাজল চোখ, ঘন পল্লবে ঢেকে রয়েছে
ক্ষীণ গভীরতা। ডুব দিয়ে আছে নিথর আলস্যে।
হায়রে আমার একচক্ষু জল শ্রান্ত মেঘচ্ছায়া!
ওখানে নিবিড় বন। নিয়ত বর্ষা স্বচ্ছ জলে
স্পষ্ট করে দেখা যায় হৃদয়ের রং রূপ রেখা
টানটোনে আঁকা রয়েছে যেখানে দহনের কোলাজ।
ক্ষতচিহ্ন দিয়ে তখনও ঝরছে অবারিত বেদনা
তারই বিদগ্ধ গোলাপ নিয়ে তোমার সামনে দাঁড়াই
অসংখ্য গোলাপ তুমি ফুটিয়েছ টেরাসের বাগানে
একই গাছে ফুটিয়েছ নানা রং ছড়িয়েছ সুবাস ।
আহা কত না রং আর সুবাসী সে ফুল তোমার।
আমার দগ্ধ গোলাপ তোমার কাছে অসহ্য হলে পরে
আমি ফিরে আসি নিজস্ব গন্তব্যে
বুঝতে পারি সব গোলাপ তোমার জন্য নয়
বেদনায় ফুটাবে ফুল সে তুমি নও……
তুমি আর নিঝুম জলের গাছ
যে গভীরে ভালোবাসি তোমায়
সে গভীরে আরও একটা নিঝুম জলের গাছ আছে কেবল
টুপটাপ ঝরে পড়ে জল নিয়ত প্রায়শই
তুমি ঘুমোলে তার শেকড় অবধি পৌঁছে যাই অমূল
জেগে থাকি নির্ঘুম
তোমার ঘুমের বেলায় আমি টুপটাপ জল ধরি
মুক্তোর মতো সংগ্রহ করি তার কান্না
জানি সামনে ভেসে যাবে-ধারাজল গঙ্গা যমুনা
তোমাকে যে গভীরে ভালোবাসি ঠিক
সে গভীরেই ভালোবাসি আমার জলের গাছ
নিঝুম। ঝরে পড়ে টুপটাপ।
ধুম্রমেঘের আড়ালে
বুনো মেঘ ছুঁয়ে উড়ে যাই, পায়রা এক-অভিলাসী। মেঘ ভেবে যারে খুঁজি, উড়ি, তার বুকে পুঞ্জ পুঞ্জ ঘন কায়া, মেঘ নয়। ধু্ম্র মরিচীকা। বুকের বিজন জুড়ে এঁকে রাখে আঁধার নোনাজল। বাস ষ্টেশনে উঠেছিল যে ধোঁয়ার ঘূর্ণি তার জন্ম আরও প্রত্যন্ত সাগর কিংবা মহাসাগরের অতলে। কোনো এক পাতাল নগরে। একে একে উঠে আসে সময়ের আনাচে কানাচে পরতে পরতে সাইক্লোন ফ্লায়িং কিক্ কিংবা এক একটি মাহাকালাণল। জ্বলে ধিকিধিকি। সেদিনও তার পড়নে লাল শাড়ি কপালে সিঁদুর। জীবনে মরণের ডাক। অথচ স্থির নির্ভার সময় – অচঞ্চল গতি তার।
বাণিজ্য
জলের মাঝখানে শুয়ে থাকি চিৎ হয়ে।
চাঁদের সাথে হয় কিছু বাণিজ্য আমার
যদি ভুলে যাই মরিচীকা বিভ্রম জোছনা নামাবে সে
বেশুমার, আমার পথের পরে। দেবে সে নির্মল শুদ্ধতা
আবার মানুষ হবো একদিন। জলে কেঁদে কেঁদে
নাওয়ে ভেসে ভেসে পার হবো অবেলা
ওদিকে ওই পারে – সখা, বিষন্ন জন।
বিপন্ন আঁধারে চিরিকেটে লিখেছে সে জীবনের দাম।
আমি তারে জিতে নেব ভালোবাসার নামে।
হায় চাঁদ। হায় রূপালী জলের অতল।
কত বেলা পার হলো জীবনের দামে । হায় হায়
জানা নাই তার জানা নাই ওগো
ভীষন জলের উপর চিৎ হয়ে ভেসে থাকা জীবন
উপড়ে নিশিজাগা চাঁদ নিচে হাওরের দিগন্তে জল অস্থির
মাঝখানে আমি আসঙ্গ লিপ্সায়। একদিন পার হবো
এইসব জোছনা দিগন্ত জল।
প্রত্যাশা
যে পথের ধুলায় শেষবারের মতো ফেলে দিয়েছ সিগারেটের পোড়া অ্যাশ। সেখানেই ঠিক-সেই ইতিপ্রান্তে প্রতীক্ষিত প্রসন্ন এক কালো কাক। কোনো একদিন ফিরে পাবে তার ডানা। গোধূলির পূরবী আলোয় উড়বে সে হয়তো আবার। হয়তো সেদিন সে ময়ূর হবে। হয়তো ফিরে পাবে তোমার ঠোঁটের ঠিকানা।
