তাপস গায়েনের কবিতা: রূপান্তর ১, ২
[১] রূপান্তর
এই পৃথিবীর পথে রয়ে গেল অসমাপ্ত আমার ক্রন্দন। ছিল যারা কবি, প্রকৃত উন্মাদ, হয়নি তাদের সাথে দেখা কোনদিন; এখন আছেন তাঁরা অন্তিম শয়ানে, অতল পাতালে কিংবা জলপাই বনে । একাকী সিংহের মতো সমুদ্র এখনও গর্জনশীল আর সেইসব নারী, যারা অপার রূপে অপরূপা, ঈশ্বরীর মতো সৃজনশীল, হেঁটে গেছেন নির্ভার যারা এই পৃথিবীর পথে, তাদের শরীরের ছায়া কখনো আমার দেহের সমাঙ্গ হয়ে উঠেনি। এইসব নারীদের আজ দেবী এথিনার মতো অলীক রূপকথা বলে মনে হয় । তবু এই পৃথিবীতে আমাদের বসবাস। নিজের সন্তানের মুখ আজ সবচে' প্রিয় মনে হয়।
মেষ শাবকের মতো শান্ত দিন, দিগন্তে প্রতিফলিত রঙিন পাহাড়; পাশে প্রবাহিত স্রোতস্বিনী শিশুর অবয়বের মতো উজ্জ্বল। ভেবেছিলাম, পাতা ঝরে পড়ার রঙিন দিনগুলোতে বন্ধুদের সাথে হবে মদ্যপান আর আড্ডা অর্থহীন; কিন্তু সপ্রাণ নদীর মতো প্রতিটি জীবন এখন সুদূরে ধাবমান। মধ্য যৌবন পেরিয়ে সকলেই যেন ঝরে পড়ার কালে এসে স্থির। রাতভর বৃষ্টি এসে নিয়ে গেছে উজ্জ্বল পাহাড়। কে আর কুড়িয়ে নেবে এই অর্থহীন জীবনের দায়ভার!
হে সুবর্ণ বালিকা, যে তুমি ফুলের মতো মেধাবী, তোমার দুই আঙ্গুলের মাঝে পুড়ে আমি ক্রমাগত ছাই হয়ে উঠি!
নিউইয়র্ক, অক্টোবর ৩০, ২০১৬
[২] রূপান্তর
হে সুবর্ণ বালিকা, যে তুমি দেখেছো আমার সকল শরীর জুড়ে নক্ষত্রের ভীড় সে তো আমারই আত্মায় তোমার অনিঃশেষ চুম্বনের সারি। মধ্য দুপুরে বৃষ্টি হয়ে গেলে সূর্য ওঠে, তেমনি তুমিও হাজির হও পৃথিবীর ভিন্ন এক প্রান্তে। এখনও সমুদ্রের মতো পাহাড় বিস্তৃত, কী অনায়াস ভঙ্গীতে কথা বলে আমাদের সাথে, কিন্তু আমরা তাকিয়ে থাকি আকাশের পানে, কারণ আকাশ ঈশ্বরের ভিন্নতর প্রতিচ্ছবি। বরফ পতনের আগে পাতাকে যে ঝরে যেতে হবে, এমন আব্দার কখনও করোনি তুমি! আমার নগ্নতাকেই তুমি চূড়ান্ত প্রেম বলে জেনেছ এবং তোমার চুম্বন এবং লালায় আমি ডুবে গেছি এবং আমার আত্মা তোমার হস্তে কম্পমান, এবং যা তোমার করতলেই সবচে' সুন্দর!
জীবনে কোনও ভ্রান্তি নেই, তবু ক্রন্দন থেকে গেল। শ্রীবুদ্ধের নির্বাণ, সেও তো কোনও এক আকাঙ্ক্ষা থেকে জাত। নির্বাণহীন হতে গিয়ে আমি যুগলের আরাধনায় মেতেছি। হে সুবর্ণ বালিকা, তুমি আছো বলেই আমি নিজের প্রেমে মজেছি। মেতেছি আনন্দ-বিষাদে-পূর্ণ এই গ্রহে; শীতের এই রাতে যখন আমি জড়ো করি আগুনের উত্তাপ, দেখি তুমি তোমার রঙধনুময় শরীর নিয়ে বসে আছো আমার সন্নিকটে; তবু- হে সুবর্ণ বালিকা, জেগে ওঠে আমার ক্রন্দন। মুক্তির আকাঙ্ক্ষাহীন আমি, নক্ষত্র পতনের সাথে রাতভর দেখি অবিরল পাতা ঝরে!
নিউইয়র্ক, নভেম্বর ২৭, ২০১৬
আর্টসে প্রকাশিত তাপস গায়েনের অন্যান্য লেখা:
