২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গুড মর্নিং শ্রীমতি অং সান সুচি

আনিসুর রহমান

Published : 25 Nov 2016, 11:26 AM

Updated : 23 Jun 2022, 04:03 PM

কার দুয়ারে কে বাঁচার আকুতি করে, একদল পশ্চিমে আছড়ে পড়ে,
বেহেস্তের টিকেট পাবার নসিব করে, আরেক দল জীবহত্যা মহাপাপ
মুখে জপ করে, দুই হাতে তারাই ট্রিগারে চাপ মারে, এক এক করে
মংডু গ্রামের মানুষগুলো মারা পড়ে| কেউ কেউ মরার দরিয়ার পরে
নাফ নদী পাড়ি দেবার চেষ্টা করে| কারো নূহের নৌকার কথা মনে পড়ে?
মানুষ কি পুরোপুরি ডিজিটাল হয় গেছে? টাল কিংবা মাতাল শব্দেরা
অভিধানে রয়ে গেছে? দুনিয়ার চোখ খুলে দেয়া, জয়নুলের আঁকা ছবিতে
কাক ও কুকুর নগরের পথে অনাহারে মরা মানুষেরে নিয়ে টানাটানি করে;
ছবিটি এখন কোথায়, কোন জাদুঘরে? ভয় করে মায়া ও মমতার মতো
ছবিটিও নিরুদ্দেশে পাচার হতে পারে? ইতিহাস পড়লে মনে পড়ে যায়রে,
একদিন মানুষ ছিলামরে; রোদবৃষ্টি মাথায় করে শত্রুর দাবড়ানো খাবার পরে
অপেক্ষা করে, ভিড় ঠেলে, একটা কম্বল পেয়েছিলাম, শরণার্থী শিবিরে!

ধর্ম কী বলে? কোন স্বর্গে কে কবে যাবে? গুলি আর জলে কে মারা গেলে,
কোন যাদুবলে, বাবার নাম ভুলে সাহেবী পদবী নিলে? মানুষ খারিজ হলে,
দরিয়ার এপার ওপার তফাত কি পেলে? কবুতরের পালক খোপায় গুজলে,
শান্তির মেডেল পেলে, নিজের পালকের কি করলে? আর জাহাজ ডুবি হলে,
আকাশের বিমান সিটকে পড়লে, দেখি কতজনে কতভাবে আহা উহু করে,
পারের নৌকা দরিয়ায় ঠেলে দিলে, মানুষ মারা গেলে, মুখে কূলুপ এঁটে দিলে?
সুদের কয়েন গুনে শান্তির মেডেল পড়লে? মাথায় কিছু ঢুকে না, ধর্ম, রাজনীতি,
ভূগোল কূটনীতি, বাজার অর্থনীতি সবকিছুতে ছাইপাশ,সত্যি বিচিত্র সেলুকাস!

মাথামুণ্ডু কিছু পেলে? অদ্ভূত এক ভূত মাথা চেপে ধরে, পার হয় রাত্রি পার
হয় দিন, একটি শব্দ ঘাটাঘাটি করে! অর্থনীতির শ্রীমান পণ্ডিত পেটি ইরশাদ করে –
সম্পদের বাবা জমিরে; সম্পদের মা শ্রমিকরে| কি বুঝলি তাড়াখাওয়া আম আদমিরে?
যার দেশ নাই, কাগজ নাই, জমি নাই দলিল নাই, তার জন্ম হয় নাই, সে আবার মরে
কার পাসপোর্টে খবর করে? নাফ নদীর ওপারে কারা তবে বুকফাটা চিৎকার করে?
মংডু গ্রাম? সব মিথ্যে,সব আজগুবি, শুনছো ভুল, দেখছো ভুল; সবই দুঃস্বপ্নজাত
গভীর ঘুমের পার্শ্বপ্রতিক্রিয়া, মাথার গন্ডগোল! যার যার ধর্মের কোটি কোটি শ্রীমান
শ্রীমতি দেবদূতের দোহাই, সব ভুলে যাও, আজ ওসবের কোনো নিউজ ভেলু নাই;
এই দুনিয়ায় নূহ নবীর নৌকার পরে রোহিঙ্গা বলে কেউ কোথাও কোনোদিন ছিল না;
আমি যুধিষ্ঠির, বিশ্বাস করুন, হলফ করে বলতাছি, গুড মর্নিং শ্রীমতি অংসান সুচি|