সবার উপরে মানুষ সত্য
[হিন্দু জনগোষ্ঠীর ঘর-বাড়ি-মন্দির ভাঙার প্রতিবাদে]
এখানে মা-দূর্গা উবু হয়ে পড়ে আছে– দুই চোখে অশ্রু তার;
যেন সন্তানের ম্লানমুখে তাকাবে না মাতা আর!
কালীমা'র দুইচোখে অভিমান, নিভে গেছে ক্রোধের আগুন–
যেন শক্তির চার হাতে তাড়াবে না তষ্করের তাণ্ডব!
লক্ষীর আসনে বসে গেছে কদাকার পেঁচা–
যেন শস্যদানা গাভি কবুতর ফলিবে না গাঁয়ে
ঘর-বাড়ি মাথা তুলে দাঁড়াবে না নিজ নিজ পায়ে!
ছিন্নভিন্ন হয়ে স্বরসতী গেছে নিরুদ্দেশে
যেন বিদ্যার বিভায় আর জাগিবে না মানবিক বোধ!
এ যে একাত্তরের গ্রাম!
একাত্তরে, সেই বিসর্জনে–
জীবন দিলাম, সম্ভ্রম দিলাম,
পুত্র ও কন্যা দিলাম
ঘর-বাড়ি মন্দির দিলাম!
আবার এসব তবে কেন চাই?
আবার তাণ্ডব কেন?
কেন সেই হায়েনার বর্বরতা?
আমার পিতার রক্তে কেনা
আমার পুত্রের রক্তে কেনা
আমার কন্যার সম্ভ্রমে কেনা
আমার বোনের সম্ভ্রমে কেনা
মায়ের অশ্রুতে কেনা
এ কোন মাতৃভূমি তবে?
