২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আজাদুর রহমানের গুচ্ছকবিতা

আজাদুর রহমান

Published : 24 Oct 2016, 01:02 PM

Updated : 23 Jun 2022, 04:03 PM

জলের অরফানেজ

বহুদিন ফেরেনি ওরা
জলের অরফানেজ খুলে
রাজহাঁস,
পথিক গিয়েছে দূরে
পড়ে আছে পথের মন,
এবার তুই এলে
-এ নিস্তব্ধতা ভেসে যায়।
শামুকের আলজিবে
লবনের কিন্নর
দেয়ালের পর দেয়াল
বয়ে গেছে সেই রোলে।
এবার তুই এলে
-নিভে যায় শোকমিছিল।
আঙুল, ইশারা
অবহেলা এখন
ছায়ারা নেমেছে শরবতে
এবার তুই এলে
-খুলে যায় নিরালা মক্তব
কবে আসবি তুই?

কেউ একজন আসবে

কান খাড়া রেখো
দরজায়, ওপারে
হৃদয়ের সামান্য সন্নিকটে
কেউ একজন কড়া নাড়বে
দরজা খুলে দিও।
তোমার কিশোরি পরাণ
অনভ্যস্ত বাসি চুমু
হলুদ খামে জমে রাখা
মোহন বাঁশির টান অথবা
যে কথা বলি বলি করে
এতদিন বলোনি,
এবার বলো
সেকথা তাকে বলো।

এলোমেলো ভাবনা

এখন হেঁটে যেতে যেতে মনে হয়
মুখ থেকে, বুক থেকে
সুখ থেকে অনেক লাবণ্য
প্রজাপতির মত পাখা মেলে
উড়ে উড়ে অন্য কোন
রোদের দেশে চলে গেছে।
মনে হয়, বহুবছর ধরে ক্রমে ক্রমে
চোখ থেকে ধুয়ে গেছে
কাতর অতীত।
একটা মানুষের সবকিছু ধিরে
ইতিহাস হয়ে গেলে
লোকটার আর
কী থাকে
বলার মত।

মনখারাপের জানাজানি

পথের মধ্যে শুয়ে
পড়েছো রাত্রী
ঘুমিয়ে আছো
জোছনার সর,
ওহে জোনাক দল
আমি তবে কোথায় শুই!
আমার ঘুমের মধ্যে
ঘুনজন্ম
বুদ্বুদ, হাততালি
পরশুদিনের ব্যাথা
মনখারাপের জানাজানি


আমাকে দুঃখ করে, আমাকে অতীত করে

দুঃখ করে
অতীত করে
পথ হেঁটে গেলে
কে মনে রাখতে চায়
পুরোণো পাপ
-এই আমাকে
দুঃখ করে
অতীত করে
কে পিছনে তাকায় ।


কাঁচের শহর

শহর নির্মাণ হচ্ছে, কাঁচের শহর
সবকিছু খোলাসা করে
চাঁদ উঠছে, সেও কাঁচের
কাঁচের মাছ, কাঁচের নদী
মানুষের শরীর, মন
স্বচ্ছ সব
কোন প্রতারক থাকছে না;
নিতাইগঞ্জের রাস্তাও তুলে
নেয়া হয়েছে, প্রাণ চঞ্চল কাঁচে।
সাফ সাফাই হতে হতে
আমাদের কোন হৃদয় থাকছে না,
কাঁচের শহরে
এটা কোন দুঃসংবাদ নয়।

তোর নাম আমি লিখে রাখিনি

তোর ঠিকানা
পবিত্র কবিতাসমুহ
এমনকি তোর হৃদয়ের মতো জাফরান
আমি ভুলে বসে আছি
তোর কোন কিছুই আমার
টুকে রাখার
প্রয়োজন পড়েনি
হিসেব টুকে রাখি
বছর বছর
মনে থাকে না বলে
জন্মতারিখ লিখে রাখি
-সম্পর্ক
রাখার একটা চেষ্টামাত্র
-তোকে টুকে রাখতে হয় না

ভালোবাসা এক মারণাস্ত্র

ভালোবাসি বলেই
এত অস্থির
এত ভুল।
ভালোবাসি বলেই
মারণাস্ত্রের মত
কাঙ্ক্ষিত হয়ে আসে
তোমার স্পর্শ
তোমার আঙুল।