কবি শামসুর রাহমান স্মরণে কবিতা: হাসপাতালের বেডে কয়েকটা কমলালেবু
হাসপাতালের বেডে ওই লোকটা
নদীর মতন সরলরেখায় শুয়ে আছে
শিশুর আঙুলে দুরন্ত ফড়িঙের পাখা তার
সাদা এক জোড়া কাচের চোখ।
পাশে চিন্তিত মহিলা চুলে মেখে দেয় কালো চিরুনির স্নেহ
আঙুলের ফাঁক দিয়ে ঝড়ে পড়ে সোহাগ
মাছের হৃদয় হয় পুকুরের জলের সমান
পৃথিবীর মতো গোল, কিছুটা চ্যাপ্টা ও সামান্য রুগ্ন
কয়েকটা কমলালেবু টেবিলের কারুণ্য নিয়ে উজ্জ্বল
টেপ খাওয়া হাড়ির মতো কলকল হেসে উঠে।
কমলালেবু আসে কমলালেবু যায়
প্যাকেটের ভেতর স্থবির সুস্বাদু শরীরের
পতনে, কমলার রক্ত লাফিয়ে নামে আমাদের বিলম্বিত
সৌজন্যের শোকে, এখন কেমন আছেন ভাই?
কয়েকটা কমলালেবু জলের রেখায় কমল হাঁস হয়
পালক দুলিয়ে করুণ কামনীর দিকে মৃদু মন্থরে যায়
কয়েকটা কমলালেবু টেবিলে উল্টানো এক নৌকার মতো খোসায়
বুকের ক্ষত মুছে সূর্যের মতো লোকটার হাতের ভেতর
ডুবে যায়।
