তাপস গায়েনের গদ্য-স্বপ্ন-পদ্য: দিগন্তে উত্থিত স্বপ্ন, কেন্দ্রে ধাবিত গল্প
অনিত্য হইয়াও জোছনা কেন জানি রহিয়া গিয়াছে, কেন জানি জোছনা আজও আমাদের হৃদয়কে জাগাইয়া তুলিতে চায়। যেইরূপে কীর্তনমুখর পৃথিবী আমাদের হৃদয়কে ভাব-বিহ্বল করিয়া তোলে, যেইরূপে মধুবাসন্তীর কোনও এক পূর্ণিমা নদীয়ায় গঙ্গার জলকে জাগাইয়া রাখে, আমাদের মনকে ঈশ্বারাভিমুখী করিয়া তোলে, এই জগতকে রসাস্বাদনে মাতাইয়া তোলে, সেইরূপে অন্য এক পূর্ণিমায় প্লাবিত নীলাচলপুরীর কালিন্দীর জলে জগৎ অতিক্রমী এই জগৎ যেন ভাসিয়া যায়! এই গল্প সেই জোছনা-প্লাবিত এই পৃথিবীর,এই গল্প নিত্য আর অনিত্যের মধ্যে পারস্পরিক আসা-যাওয়ার কাহিনী, এই গল্প প্লাবিত হৃদয়ের নিতান্ত এক আখ্যান মাত্র, এই আখ্যান তাঁহার শরীর হইতে জাত।
এই সেই তিনি যিনি গৌড়ীয় বৈষ্ণবধর্মের প্রাণপুরুষ; তিনি নন পণ্ডিত, নন তিনি বৈদান্তিক, কিংবা তিনি নৈয়ায়িকও নন, তবু যিনি চিন্তার জগতে জ্ঞানমার্গকে ভক্তিমার্গের অধীনে স্থাপন করিয়াছেন; বৈদান্তিক চিন্তায় নিত্য এবং অনিত্যের যে ধারণা আছে, তাহাকে অমান্য না করিয়াও তিনি বলিয়াছেন, জগৎ যেমন আছে, ঈশ্বরও আছেন; ঈশ্বরভক্তিকে যিনি নির্বাণ কিংবা মুক্তির প্রসঙ্গ হিসেবে দেখেন নি; যিনি নির্গুণ, নিরাকার, নির্বিশেষ ব্রহ্মাকে সাকার সবিশেষ কৃষ্ণ-ভগবানের সঙ্গে একাকার করিয়া তুলিয়াছেন, এবং সেইসূত্রে ধর্মসাধনের ক্ষেত্রে পরমব্রহ্মার স্থলে নিখিল রসের প্রতিমূর্তি কৃষ্ণের আরাধ্যতা প্রতিষ্ঠা করিয়াছেন, এবং আরাধ্য দেবতা শ্রীকৃষ্ণ যে একা নন, বরং লীলারসের জন্য তিনি দুই হইয়াছেন বলিয়া ভাবিয়া লইয়াছেন; সেইসূত্রে রাধাকৃষ্ণের প্রেম অধ্যাত্মব্যঞ্জনা লাভ করিয়াছে। শ্রীরাধা এবং শ্রীকৃষ্ণ তাই যুগলভাবে আরাধ্য! এই সেই তিনি যিনি চণ্ডাল, প্রভু, ক্রীতদাস-সবাইকে তাঁহার ভালোবাসার প্লাবনে ভাসাইয়া লইয়া গিয়াছেন, এবং তাঁহার প্রবর্তিত ভাবান্দোলনের বহিরঙ্গে আছে সর্বব্যাপ্ত নামসংকীর্তন এবং অন্তরঙ্গে রহিয়া গিয়াছে সেবাবৃত্তির আবেশ! সেই কারণে, হরি সংকীর্তন সমারোহ জোয়ারের চেহারা গ্রহণ করিয়াছে। কিন্তু স্মৃতিশাস্ত্রী সংরক্ষক প্রভুরা তাঁহার বৈরী হইয়া উঠিয়াছেন!
এই সেই তিনি যিনি সন্ন্যাস লইয়া নবদ্বীপ ছাড়িয়া নীলাচলপুরী চলিয়া গিয়াছেন, এবং ঈশ্বরের সন্ধানে তাঁহার মন মথুরা-বৃন্দাবন প্রয়াসী হইয়াছে এবং সেই নিমিত্তে দক্ষিণভারতের আলালনাথ, গৌতমী গঙ্গা, গোদাবরীতীর, ঋষভপর্বত, শ্রীবৈকুণ্ঠ, মৎস্যতীর্থ, দক্ষিণমথুরা, কন্যাকুমারী, পম্পাসরোবর, দ্বৈপায়নী, কুশাবর্ত, এবং এইরূপ শতাধিক স্থানে ভ্রমণ করিয়া তিনি পুনরায় নীলাচলপুরী আসিয়া পৌঁছাইয়াছেন। ঈশ্বরের মাধুর্য আস্বাদন করিতে যাইয়া তিনি বাহ্যজ্ঞানহীন হইয়া যেমন ধুলোয় গড়াগড়ি দিয়াছেন তেমনি অর্ধবাহ্যদশায় তিনি প্রলাপ কহিতেন। তাহাতে তাহাঁর অন্তর আস্বাদনের কিঞ্চিৎ বাহির হইয়া পড়িত। এবং সেই তিনি যিনি কলিকালের আশাহত জীবের প্রতি পরম মমতাবশত আপনার আস্বাদন আপনিই জীবের দুয়ারে ভেট লইয়া দাঁড়াইয়া থাকিতেন। মহাপ্রভুর লীলার নাম মহাউদ্ধারণ, মানুষ যেখানে মূক হইয়াছে, শ্রীভগবান কৃপা করিয়া সেখানে মুখর হইয়াছেন এবং জীবজগতকে মহানামের আশ্রয় গ্রহণ করিতে বলিয়াছেন, কারণ নামী হইতে নাম শ্রেষ্ঠ! এই সেই তিনি যিনি শ্রীরাধা এবং শ্রীকৃষ্ণের একীভূতরূপ হইয়াও রাধারূপে শ্রীকৃষ্ণ প্রেমে বিভোর থাকিতেন।
নীলাচলপুরীর কোনও এক জোছনায় মহাপ্রভু বাহ্যজ্ঞানশূন্য হইয়া এক আম্রকাননে শুইয়া পড়িয়াছেন। প্লাবিত জোছনায় কালিন্দীর জল উন্মাদপ্রায়, উত্তাল। প্রবাহিনী কালিন্দী এবং পূর্ণ-জোছনা-প্রবাহিণী একে অপরের মধ্যে প্রবাহিত হইয়া অসীমের পানে ছুটিয়া চলিয়াছে। ঘুম এবং জাগরণের মাঝে তিনি চিরকিশোর শ্রীকৃষ্ণ এবং চিরকিশোরী শ্রীরাধাকে জোছনা-প্লাবিত কালিন্দীতটে দেখিতে পাইলেন। তাঁহারা প্রতিপলে একীভূত হইতেছেন এবং পরক্ষণেই বিযুক্ত হইয়া একে অপরের থেকে বহুদূরে চলিয়া যাইতেছেন; এই সংযুক্তি এবং বিযুক্তির সময় যেন সরল দোলকের দোলনের কাল। মেঘশূন্য আকাশ আর মৃদুমন্দ বাতাস যাহা এইক্ষণে নীলাচলপুরী জুড়িয়া বহিয়া চলিয়াছে, উহাতে আবেশঘন শ্রীরাধা কখন যে শ্রীকৃষ্ণকে হারাইয়া ফেলিয়াছেন, তাহা শ্রীচৈতন্যের বোধগম্য হইল না। শ্রীরাধা তাঁহার প্রাণাধিক সখাকে খুঁজিতে লাগিলেন, শ্রীকৃষ্ণকে হারাইয়া বিরহজ্বালায় শ্রীরাধিকা দিব্যোন্মাদপ্রায়; তিনি প্রবাহিনী কালিন্দীর জলে ঝাঁপাইয়া পড়িলেন! প্রকৃতপক্ষে, মহাপ্রভু দেখিলেন, শ্রীরাধিকা নয়, বরং শ্রীকৃষ্ণ কালিন্দীর জলে অবগাহন করিয়া দূরদেশে ভাসিয়া যাইতেছেন। প্রাণসখা যে দূরদেশে ভাসিয়া যাইতেছেন, তাহা মহাপ্রভু মানিয়া লইতে পারিলেন না। তিনি কালিন্দীর উত্তাল জলরাশিতে ঝাঁপ দিয়া পড়িলেন। প্রবাহিণী কালিন্দী মহাপ্রভুকে দিগন্তের পানে ভাসাইয়া লইয়া চলিয়াছে। আমরা যাহারা এই গল্পের পাঠক, তাহারাই এই দৃশ্যের দর্শক, এবং দৃশ্যান্তরে অদৃশ্যমান।
উদ্ধারণ স্বরূপে স্থিত থাকিয়া উদ্ধারণ-কার্য্যটি সংসাধন করিবার নিমিত্তে শ্রীপ্রভু নিজস্ব রূপ আস্বাদন করিয়াছেন এবং জগতের অণু-পরমাণুকে উদ্ধারণমুখী করিবার নিমিত্তে মহানামের আশ্রয় গ্রহণ করিতে বলিয়াছেন। প্রকৃতপক্ষে, পুরোহিত, স্মৃতিশাস্ত্রী সংরক্ষক প্রভুরা শ্রীচৈতন্যের বৈরী হইয়া উঠিয়াছেন, কারণ তাঁহার মহাউদ্ধারণ লীলায় সমাজের সকল স্তরের মানুষ–শূদ্র, ব্রাহ্মণ, চণ্ডাল, প্রভু, ক্রীতদাস–অংশগ্রহণ করিয়া সমাজের ভেদবুদ্ধির মূলে আঘাত হানিয়াছেন। তাই,বাহ্যজ্ঞানশূন্য অবস্থায় মহাপ্রভুকে সমাজ সংরক্ষক, মন্দিরের পুরোহিত প্রমূখেরা শ্রীচৈতন্যকে কালিন্দীর জলে নিক্ষিপ্ত করিয়াছেন। মহাপ্রভুর প্রাণহীন দেহ যেমন দিগন্তের পানে ধাবিত, তেমনি তাঁহার ভক্তি এবং ভাব-আন্দোলন বাংলা সাহিত্যের দিকপাল রবীন্দ্রনাথ, লালন, প্রমূখ কবি এবং সাধকের মধ্য দিয়া প্রবাহিত হইয়া আজও বাঙালির মানস এবং উহার সাহিত্যে বহিয়া চলিয়াছে!
