২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জাদুর লকেট

ঝর্না রহমান ঝর্না রহমান

Published : 30 Sep 2016, 03:25 PM

Updated : 23 Jun 2022, 04:03 PM

(কবি মুহম্মদ নূরুল হুদার জন্মদিনে নিবেদিত পঙক্তিগুচ্ছ)

আত্মার কুঠুরিগুলো ভরা ছিলো মধু আর মোমে
শ্রমজীবী মাছিসব পুড়ে গেছে নাপামে এটমে
স্বপ্ন-পোড়া ছাই দিয়ে মেজে নিই দিব্য ঘটিবাটি
দানাপানি কেড়ে নিয়ে বোরাকের নীল ডানা ছাঁটি।

তখনো পরানবনে পদ্মবীজে শিশিরের ধোঁয়া
শিস দিয়ে উঠিতেছে, তখনো হৃদয়ে পুণ্যতোয়া
বহতা, সিম্ফনি খায় ভোরের রোদ্দুরে লুটোপুটি
তখনো সদর কোঠা নাড়া দেয় লালনের ঝুঁটি
তখনো আমার মাঝে ঢুকে পড়ে অন্যতর আমি
তখনো চাঁদের গায়ে দহনের ক্ষত সাল্তামামি।

উড়ে গেছে হিরামন কণ্ঠে নিয়ে জাদুর লকেট
তবুও রেশমি রাতে শাহজাদী বোঝে প্ল্যানচেট
তবুও নারীর স্তনে আপেল বাগানে ঝোলে শিশু
শান্তি আর ভালোবাসা ঈশ্বরের প্রজ্বলিত ইসু।

২৫ সেপ্টেম্বর, ২০১৬