কবু (কবি) তর মানুষ
(মানুষ- কবি মুহম্মদ নূরুল হুদা কে নিবেদিত)
নিঃসঙ্গ আকাশে একটি অলৌকিক ফ্যাকাসে কবুতর
যোগ্য ডানার সন্ধান না পেয়ে নেমে আসে মাটির
কাতারে -মানুষের রঙ মেখে মিশে যায় মানুষেরই
সাথে।
কথা বলতে শেখে সে –
কথাগুলো শুধু কথাবলী হয়ে না থেকে
হয়ে ওঠে কবিতা-শংসা।
এভাবে মানুষ -কবুতর– কবুতর- মানুষ;
সংসার শুধু বোঝে ভুল। ভুল বোঝে সংসার। সংসার!
অবশেষে ডানার সন্ধান মেলে -সন্ধান মেলে বাতাসেরও।
তবু সে কবুতর ওড়ে না আকাশে। আকাশ ওড়ে শুধু একা।
সে অলৌকিক কবুতর মিশে থাকে মানুষের ঢঙে। ভেতরে ভেতরে
সযত্নে পুষতে থাকে সেই অলৌকিক ফ্যাকাসে কবুতরকে।
