যেখানেই বাংলাভাষা, সেখানেই কবি হুদা ভাই
যেখানেই বাংলাভাষা, সেখানেই কবি হুদা ভাই;
দরিয়ানগরে জন্ম, দরিয়ার সীমারেখা নাই।
ধানের নওল শিষে ফোঁটা ফোঁটা সাদা সাদা দুধ;
নায়ের নিখিল বুকে ঝাঁকে ঝাঁকে কাতল লাফায়;
কিষাণীর মাথে হাতে বাবুই পাখিরা খোঁজে খুদ;
বক আর বালিহাঁস বিলেঝিলে এখনো উড়ায়;
লাল কাঁকড়ার হানা পিল পিল হাঁটছে সদাই,
যেখানেই বাংলাভাষা, সেখানেই কবি হুদা ভাই।
জানালাটা খুলে দিন, হোটেলের । লখ্নৌ কোকিল
কুহু কুহু ডাক দিয়ে ছিঁড়ে দেবে ঝাপ্সা স্মৃতি জাল;
সামনে হাঁটুন ধীরে, দেখা হবে গুম্তির ঝিল-
পাড়ের বসতি ছায়া ঝিল জলমুকুরে মাতাল,
থির-থির কেঁপে চলে। ডাক দেয় স্মৃতির সানাই,
যেখানেই বাংলাভাষা, সেখানেই কবি হুদা ভাই।
নাতিশীত উষ্ণ দেশ নমপেনে, ঝক্ঝকে রোদ,
অডিটরিয়ামে বসে কাটছেন মনের সাঁতার;
মাছের পোনারা ভাসে মনোচোখে, বাংলার হ্রদ
এখানেও মেলে আছে বুক তার। এই বাংলার
ফড়িং নেচেই চলে, ফড়িংয়ের বিরতি তো নাই;
যেখানেই বাংলাভাষা, সেখানেই কবি হুদা ভাই।
সাইবেরিয়ার পাখি বরফের সাদা চিঠি মুখে
উড়ে যায় সিডনিতে, টরেন্টোয়, আমাজান বাঁকে;
মাদাগাসকার যায় জোড়া জোড়া, উড়োউড়ি সুখে;
তাহিতির ঘাটে যায় অন্ত ভেঙে অনন্তের ডাকে।
সাদা দেশ কালো দেশ নীল দেশ লাল দেশে যাই,
যেখানেই বাংলাভাষা, সেখানেই কবি হুদা ভাই।
এখন শরৎকাল, সাদা মেঘে কাশফুল ছবি;
সতেজ বালুর মাঠে তাস খেলে ঝলমলে রোদ;
ঢেউখেলা চুলখোলা নদীতীর। ভাটিয়ালী কবি
গলুইয়ে হেলান দিয়ে গায় গান মরমিয়া বোধ।
বাবুই- মুনিয়া হাসে, পাখিদের ওড়াউড়ি তাই;
যেখানেই বাংলাভাষা, সেখানেই কবি হুদা ভাই।
