২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কবি ও সম্রাট

rezauddin_stalin

Published : 25 Sep 2016, 07:33 PM

Updated : 23 Jun 2022, 04:03 PM

হতাশাগ্রস্থ সম্রাটকে শ্লোক শোনাতে
সমবেত হলেন দেশের প্রখ্যাত কবিগণ
স্বর্ণবোতাম খচিত কেতাদুরস্ত কণ্ঠস্বর–
জাঁহাপনা আমি রচনা করেছি আপনার
পূর্বপুরুষের শৌর্যবীর্য গৌরবগাঁথা
আপনি ফিরে পাবেন হৃত মনোবল
আর দৃঢ়চিত্তে শাসন করবেন ভারতবর্ষ
বিপুল করতালি ও হর্ষধ্বনিতে ফেটে পড়লো রাজদরবার
সহস্র স্বর্ণ মুদ্রা প্রাপ্য হলো তার

এগিয়ে এলেন মখমলের টুপি আর
জরিদার পাঞ্জাবি শোভিত বাবরি দোলানো কবি
হে মহাত্মন পুজনীয় ভারতেশ্বর
আমি লিখেছি আশ্চর্য সব চরণ
প্রতি পাঠে অনুভব করবেন আক্রোশ
হতাশাকে হত্যা করে জাগিয়ে তুলবে জিঘাংসা
করতালিতে কেঁপে উঠলো দরবার কক্ষ
দুই সহস্র স্বর্ণমুদ্রা এনাম মিললো তাঁর

সিল্কের শেরোয়ানী আর মূল্যবান পাথর পরানো টুপি
চোখে সুরমা পায়ে হরিণচর্মের নাগরাই হাতে ঘণ্টি
হেলে দুলে এলেন কবি-
আলমপনা হে সূর্যাধিপতি
আমি আপনার জন্যে পংক্তিবদ্ধ করেছি
এমন আশ্চর্য পদ যা আপনার যুদ্ধযাত্রার
দামামাকে করে তুলবে ক্লান্তিহীন ও উদ্দীপ্ত
আর আপনি থাকবেন আজীবন অপরাজিত
মুর্হুমুর্হু করতালি আর কানফাটা উল্লাসধ্বনি
তিন সহস্র স্বর্ণমুদ্রায় ডুবে গেলো কবির করতল

সবশেষে এলেন ধীরপায়ে বিনম্রবসন সাদা পাগড়িশোভিত
শ্মশ্রুমণ্ডিত এক আয়াত চোখের কবি-
মহামান্য সম্রাট আমি রাতের পর রাত বিনিদ্র থেকেছি
কিন্তু আপনার তুষ্টির জন্য কোনো শ্লোক রচনা করতে পারিনি
বারবার ব্যর্থ হয়েছি আমি–ক্ষমা করবেন জাঁহাপনা

ভয়ঙ্কর নিরবতায় ভরে গেলো সভাকক্ষ
সম্রাট বাহাদুরও বাকরুদ্ধ হতবিহ্বল

বহুকাল পর লোকে জেনেছিলো
কবির নাম মীর্জা গালিব