তারিক সুজাতের কবিতাগুচ্ছ
এ কোন পৃথিবী
প্যারিসের আকাশ খুলে যায়
মিউনিখের গোধূলিতে
ইস্তামবুলের সকাল কিম্বা ঢাকার দুপুর
একই আলোয় স্নান সেরে নেয়!
আজ সারাদিন
কোথায়ও কোনো বিস্ফোরণ নেই
মৃত্যুর সংবাদও জানায়নি কোনো সংবাদ সংস্থা
আবহাওয়ার পূর্বাভাসে বলা ছিলো
ঝকঝকে তলোয়ারের মতো মেঘমুক্ত একটি দিন
রণক্ষেত্র থেকে তীর্থস্থান
সর্বত্রই শান্তির শীতল হাওয়া দেবে।
ধাবমান ট্রাক, ধারালো কুড়াল, জ্যাকেটবোমা শরীরে বেঁধে
কে তুমি অচেনা আত্মঘাতী
সিরিয়ার সরাইখানা আর আটলান্টার বারে
নিরুত্তর রাত্রির আড়ালে অন্ধ এক ক্রোধে
ওৎ পেতে আছো?
এ কোন পৃথিবী ঘনঘোর সেলফি জমানা
একই আকাশ শুধু খণ্ড খণ্ড ভূখণ্ডে ততোধিক
খণ্ডিত আদর্শ
দুলে ওঠে সহস্র বছর
পিরামিড, পার্থানন, কলোসিয়াম, অশোকস্তম্ভ
সর্বত্রই ভিড়ের ভেতর মিশে যাচ্ছে ভয়– আড়ষ্ঠ আগামী
শতাব্দীর প্রত্যুষে মৃত্যুর ছায়ায় আরেকটি মহাযুদ্ধের দিকে
হেঁটে যাচ্ছে কী আমাদের ভবিষ্যৎ?
প্রাচীরবেষ্টিত নগরীর দ্বারপ্রান্তে অস্ত্র হাতে যে ছিলো প্রহরী
তাকে তবু চেনা যেত
এ কোন পৃথিবী বিশ্বায়ন বিপণনে বাকপটু হতে হতে
কে যে মিত্র, কে যে শত্রু
নিজেই আজ নিজেকে চেনে না।
নার্সিসাস দেখে লজ্জা পেতেন
আত্মপ্রেমে বুদ এই সেলফি জমানা!
সহযাত্রী
এই রৌদ্রে
এই তৃষ্ণায়
এই মেঘ
এই চরাচর
কে পুড়ছে
কে পোড়াবে
কে ভাসছে
কে ভাসাবে
আছে অন্তর
আছে পোড়াকাঠ
আছে বৈশাখ
আছে চৈত্র
আছে সঙ্গী
আছে সহজীবনের
সহযাত্রী …
কোথায়ও কী কেউ নেই,
এই পথে পথে
এতো চিতা কেনো?
সভ্যতার ভোরে
নগ্ন পায়ে যারা
প্রাণ প্রাণ বলে
উদ্দাম নৃত্যে হয়েছিলো সামিল
তারা আজ
শশ্মানযাত্রী …
এই মূখ জীবনে
কে দেবে প্রাণ
আছে সেই জন
আছে মহাপ্রাণ
আছে বন্ধু?
মেঘে মেঘে বারুদগন্ধে
ফিন ফিনে মেঘেদের সাথে
উড়ছে আমার কবিতা
শব্দঘুড়ি, শব্দঘুড়ি
টাপুর টুপুর
যখন খুশি ঝরতে পারে
ঝরতে পারে …
শব্দগুলো, দৃশ্যগুলো
আঁকা– অক্ষরে, অক্ষরে
লেখা– বর্ণে, বর্ণে, বর্ণে
লিখতে লিখতে এঁকে ফেলি রঙধনু
আঁকতে আঁকতে লেখা হলো
আকাশপুরাণ
গল্পটা শুরুর আগেই
আমার গল্প ফুরালো …
দেশে দেশে
সীমান্ত বন্দরে
ঘরহীন মানুষগুলো
'ইকারুসের আকাশ' নিয়ে ফেরে
মেঘে মেঘে
বারুদগন্ধে আকাশ কালো হলো
কোথায় ঘুমালো রঙধনু,
কবিতাও জাগে নাতো?
খোকা অন্ধ
পাড়া পুড়লো
বর্গিরা নিজ দেশের!
ছবির ছায়া
যা দেখছো
সে আমি না
যে দেখছে
সেও কী সে?
যা দেখি
যা দেখানো হয়
তার কতোটুকু আলো
কতোটা ছায়া–
এতোদিন যা ছিলো
ছায়াছবি
এখন ছবির ছায়া
সর্বত্র প্রকাশিত ছবির অধিক!
'জনগণ ক্ষমতার উৎস'
এই তত্ত্ব লেখা আছে অভিধানে
যাকে দেখছো
সে আমি না
আমার খোলস ভেঙে বেরিয়েছে
আরেক অচেনা আমি
যার দেখার কথা ছিলো
সেও আমাকে চেনে না
আমিই ফেরার, আমিই আসামি
একচক্ষু ঈশ্বর
আমাকে চেনে না!
অভিবাসী
বৃষ্টি ফোঁটারা ফণা তোলে
ঘরহীন দেশে দেশে
নামে মানুষের ঢল
কে কার অতিথি
আত্মীয় বা অনাত্মীয়
বাধভাঙা মানুষের
মূল্যহীন প্রাণ
অমানবিক পৃথিবীময়
এক মহাপ্লাবণে ভাসে;
ও মেঘ ও ভাই
গর্জমান সমুদ্রের ঢেউ গুণে গুণে
দিন যায়, রাত যায়
তবু
যে জীবন হামাগুড়ি দিয়ে উঠেছিলো
পাড়ের দেখা না পেয়ে
সে এখন দাঁড়াবে কোথায়?
তিন ভাগ জল
এক ভাগ জমিনে
এই জীবনের এক ফোঁটা বৃষ্টিরও
মূল্য হলো না!
দুপুর
তোমাকে রচনা করি
আলোর অক্ষরে
সরব তোমার গানে
অতঃপর প্রকাশিত
আমি,
দুপুর দুপুর তুমি
কতোদূর রোদে
পোড়াবে আমাকে
তুমি সিক্ত তুমিই শিখা
অতল আগুনে
ভাসাও,
আনো শীতলতা!
ওয়ার সিমেট্রি
অশ্রুগুলো রেখে গেলাম
তোমার হৃদয় পাশে
যুদ্ধ শেষে ফেরা হয় না
ফেরা হয় না
ফেরা হয় না
প্রিয় মুখগুলো সব
ঘাসে ঘাসে ঘাসে
পাথর হয়ে আছে।
অশ্রুগুলো পাথরগুলো
সময় খুড়ে খুড়ে
শান্ত সমাহিত
ফুলে ফুলে ফুলে
যুদ্ধ থামে
মৃত্যু থামে না তো!
