চাইবাসা
(কবি শক্তি চট্টোপাধ্যায়কে)
চাই গন্ধ, ধেনো মদ, দিশি নারী, অপ্রাকৃত গন্ধমের
দিকে ছুটে ছুটে নিজের বাড়িকে জানিয়ে গুডবাই,
চাই দৃপ্ত দায়হীন সঙ্গমের প্রকৃত লোভের কাছে
উদোম রমণী আর পরস্ত্রীকে আপনার ভাবা।
কালো শক্তি পাহাড়েরা খুলে রাখে শীতের পোষাক
মস্তপাখা হাতে বাতাস নিয়েছে ঢৌল ঢাউস-বাউস,
সাওতালী নিশিমুখ আর তেল চকচকে ঊরুর মান্দাস
এদের প্রভূত রীতি, গৃহিনীরা কবে যে সেসব শেখে?
প্রতি প্রাতে মাজা দাঁতে, টাইনটে অফিস অফিস
পুঁজির বাড়াতে তেজ দিনভর অর্থহীন আয়ুক্ষয়;
এদের দেখি অবিরত ঝর্ণা পোড়ে মুখে
কুলকুলি করে নেয় দু'একটা শালবৃক্ষ তুলে
দাঁত মেজে উত্তাল স্তনে ভারী কুলধ্বনিময়প্রীত!
রীতির বাইরে এসে খুব ভদ্র ঘরকে বলেছি একঘেয়ে
একটাই মানবজীবন ছকবাঁধা, দাঁতমাজা, পরাস্ত টাইনটে
তাই বুঝি চাইবাসা কেন ডাকে ঘরছাড়া আকুলবাউল
কেন ডাকে কবিদের ধেনো নারী, দিশি মদ, নিশি চাঁদ
মহুয়াস্বাদ খোলাবুক, পাহাড় অরণ্য আর অরণ্যরমণী!
