অনুজের উত্তর
'হ্যাঁ, শহীদ কাদরী, সে-তো বাড়ি আছে।
আজ থেকে কবি বেড়াচ্ছেন ঘুরে নিজ মাটিভিটে
আর শালতমালের শিকড়ের খুব কাছে কাছে।
তিন দশকেরও বেশি কাটিয়ে প্রবাস,
দুরারোগ্য অসুখকে জয় করে চিরতরে
অনন্ত জীবনে প্রবেশের ঠিক আগে, ঘরে
কবি ফিরেছেন ফের মাতৃজরায়নে:
আবার অবোধ শিশু, অথবা অবাধ্য চাঁদবেনে।
একদা বাঙালি যিনি আজ তিনি প্রবিশ্ববাঙালি;
তাঁকে ঘিরে তরুলতা জনপ্রাণী, নদীনালা, সৈকতের বালি।
নক্ষত্রের উল্কি এঁকে স্বদেশকে পরেছেন আংটির মতোন;
বঙ্গভাষা, বঙ্গভূমি, বঙ্গপিতা, বঙ্গমাতা : আজ তার অমূল্য রতন!
সকালে, বিকালে, ভর দুপুরে বা গভীর নিশীথে
আসুন যখন খুশি, অভ্যাগত, হে মান্য অতিথি,
হাজার হাজার ফিট নিচ থেকে সাড়া দিতে নেই কোনো ভীতি;
আজ কবি রপ্ত করেছেন বাঙালির চিরন্তন আপ্যায়ন রীতি।
সাতদিন চব্বিশ ঘন্টার দোহাই,
বহমান এ বাংলার মাটিলেপা বাড়িতেই সতত আছেন জেগে
আজ থেকে অগ্রজপতিম কবি আমাদের প্রিয় শহীদ কাদরী:
বাংলার জলস্থল নভোতল কোনদিন বলবে না কবি বাড়ি নাই।'
৩১.০৮.২০১৬
