শাপলা সপর্যিতার সাতটি কবিতা
জলে, আয়না
ঘুরে ফিরে তোমার কাছেই আসি ।
ভোরবেলা ফুল নেই – চুল বাঁধি।
প্রভাতের শিউলি দুষ্প্রাপ্য এই বিরল শহরে
পুকুরের এপাড় খুঁজি। ওপার দেখি না ।
জঙলার ধার, সর্পিল পায়ে চলার পথ
দীর্ঘ মানুষ সরে সরে যায় দূ-রে
একপায়ে তালগাছ, প্রসারিত সবুজের মাঠ,
সুবিশাল স্কুল বিল্ডিং পেরিয়ে ময়নামতির চুড়ায় দাঁড়ালে
নিচে–জলে পড়েছিল কার যেন ছায়া !
ধীরে রৌদ্র বেড়েছে, প্রখর হয়েছে ঝড়,
বৃষ্টি ছেয়েছে বসন তারও বেশি মন ।
অনাগত আত্মজ ফিরিয়ে নিয়েছে সোনা সোনা মুখ
জলে কার যেন ছায়া পড়ে আছে!
মন নিয়ে কারবার। ডুবে যাই তাই নিত্যই গভীরে
যেখানে একার ঘরে বাস। খুঁজি–হাতের শাখায় কি
রয়েছে কোনো ফাঁটলের দাগ। সিঁদূরে দুঃশাসনের প্রতিহিংসা
বস্ত্রে কি কখনো পড়েছিল কুন্তির স্নেহ ক্ষুরধার?
ঘোড়ার খুঁড়ে উড়ছে ধুলি–কর্ণ কি পেল খুঁজে
মায়ের মুখ! রাজমাতার ছায়া ভেসে যায় ভাগিরথীর জলে।
হায় হায় হায়! জলে কার যেন ছায়া ভেসে চলে যায়!!
কি বিষাক্ত মুখগুলি ভেসে ওঠে
রৌদ্রআকাশ, কাজলচোখ নিয়ত পুড়ে পুড়ে ম্লান।
তবু ঘুরে ফিরে তোমার কাছেই আসি
কি যেন লুকানো আছে এখানে, জলের অতলে।
আমার ছায়া ছায়া শান্ত বাতাস, জলে ভেসে যাওয়া মুখ
উড়াল্ পাখির প্রাণ, নিভে যাওয়া প্রদীপের ঘ্রাণ খুঁজে পাই
তোমারই মুখের আলোতে জ্বলে জ্বলে
পরশ করেছে আমার সকল ।
মাতাল রাত
বিশ্বাস করুন প্রিয় পাঠক । আজ এই মধ্যরাত অবধি গিলিনি একটি পেগও। তবু কেন যে নেশায় বুঁদ হয়ে আছি। উপুড় সুরাপাত্র পড়ে রয়েছে লেখার টেবিলে, বেদনায়। নিষিক্ত চরাচর। ম্ল্যান মৌন অহোরাত্র আমার। চিঠি শুরু হয়েছিল। আহ হা কী সে দারুণ গোপন। বাতাসে বিজনে কত যে স্বপ্ন। কত যে নিলাজ কথন। মাইরি বলছি, লিখবো না। ফেলবো না আর একটি চিঠিও ডাকে। চোখের কাজল নেমে গেছে নোনাজলে। দিগন্তে প্লাবন-অদ্ভুত এক আঁধার। লিখে যাব আজ তার সব অভিমান। যে জন্ম দিয়েছে অজ্স্র অজস্র আজ নামালো ধারাজল। জানে না ঐ শঙ্খচিল আমার, কালো রাত্রের আঁধার। ডানায় আকাশ বেঁধে উড়েছে চরাচর, যে আলোর পাখিরা তার পায়ে মৌনমুখর শেকল। বুকের নিভৃতি আমার। হায়, আত্মজ মরে গেছে তার ছায়া লয়ে । ফিরে আসে নিশান্তে মৃত শেকড়ের ডালে নিজস্ব প্রাণ আর দেহ। তার ছায়া। অবারিত প্রেম বেদনার গহ্বরে। একা । সাকি, ওগো সাকি? অহ হো সাকি, নীলাকাশ–কোথায় সুরার পাত্র আমার! এই যে তুমুল নিঃসঙ্গে একায়। হলে পেগ দুই কি তিন। মন্দ নয়। আহ হা, বিভোর সাকি – নেশায় ঢুলুঢুলু আজকে তাহারও মায়াবী ওই নয়ন।
রোমান্সে সোনামবুলো
শ্রান্ত প্রহরী। রাত্রির ঘন্টা বাজে। সূর্য্ অবসানে গেছে বেশকিছু কাল। আমি ঘন্টা থেকে খুলে নেই মিনিট। মিনিট থেকে সেকেন্ড। অতঃপর সেখানে পৌঁছে যাই। যে এককে মৃত্যুগুলো সাজিয়ে রেখেছে – তুমি আছ তুমি নেই – আমার সে অপরূপ জীবন। আমি যেন লোরকার হাতে গড়ে উঠছি। পুরোটাই 'রোমান্সে সোনামবুলো' এক। আমার গায়ে গায়ে সবুজ জিপসী মেয়ে। জীবনের পরতে পরতে জেগে থাকে অপরূপ ঘোরসওয়ার। মৃত্যু মুখে ছুটে চলেছে যে কেবল এক অধরা জীবনের পথে। প্রতিক্ষিত যুগ যুগান্তর। পৃথিবী জানে, তারে দেবেনা কোনোদিন ভালোবাসবার প্রসন্ন প্রহর। বুকে শত জনমের প্রেম, অব্যক্ত ক্ষুধা – নিয়ত হেমলক ঢালছে জোৎস্নায়, বাঁকা চাঁদ। যখন সচেতন আক্রোশে ছিঁড়ে গেল জটাজাল। তখন বাইরে দারুণ জলের আবাহন । জলের অতলে মারমেইড। বুকে লাল ক্ষত। সে ঘোরসওয়ার যখন পৌঁছেছে জিপসী মেয়ের কাছে। তখন অধরা জীবন। দেখা হবে আমাদের মরণের ওই পারে।
গল্পটি আমাদের
আমি নির্বিকার। লিখে যাই অনায়াসে তোমার মুখ আর ছায়া।
লিখি পাতাগুলি। আলো করে রাখে।
লিখি হৃদয়ে জলের ঘ্রাণ। অধরা নিশা।
লিখি জনপদ রাজপথ কাঁটা। রক্তাক্ত পায়ের চিহ্ন।
লিখে যাই দারুণ জ্বলন্ত দাবানলে বনোভূমি।
ভীষন নীরব। নিষিক্ত। নিশা।
লিখি প্রবঞ্চকের স্বপ্ন। অংশীদারের কান্না আর দিশাহীন পথ।
লিখে চলি আমি নির্বিকার –
টাকার গন্ধ – মদ – মত্ত- নারী ও লেখকের ছায়াছবি।
আমি লিখি আমাদের মত – গান্ধর্ব কি প্রজাপত্য।
লিখি একটি মাত্র পথ পথের রেখা এবং লক্ষ্য
চলমান শেষ বিন্দুতে এসে লিখি 'তোমারেই ভালোবাসি ওগো প্রিয়'।
শরীর
ডানায় যেন ভর করেছে তার শরীর – অজস্র যৌবন। চোখগুলি বড় বড় টানে দ্যাখে স্লিভলেস হাত । হাতের মসৃণতা । ভুল বাক্য লেখা আছে তার মুখের প্রচ্ছদে। আমি তার চোখ পড়ে ফেলি। আর চোখের সুরঙ্গ বেয়ে ঢুকে পড়ি লুকানো ভেতর। মানুষের ভেতরে দেখি। মুখের ছায়ায় লেখা আছে যার সুশোভন সভ্যতা, দারুণ প্রজ্ঞা আর নির্লিপ্ত লোভ। কী দারুণ বিপরীতের দুরন্ত সহবাস। আশ্রয় করেছে এক কেবলই শরীর।
ঘুমোও প্রিয়া
এইখানে এক বিলাসী হাওয়া। উড়িয়েছে আঁচল ।
নিয়ে গেছে সব, প্রাপ্য ফসল। কেড়েছে সূর্যের বুক থেকে
রৌদ্র দিন। বৈশাখি নাকছাবি। কাঁচের চুড়িতে বেজে ওঠা রিনিঝিনি হাসি।
ভেসে গেছে রাঙাদিন। জলের গভীরে উঠে বসেছিল এক মৎসগন্ধা।
লুকানো তার প্রাণের ভোমরা। রাজপুত্র যে হারিয়েছে সোনার কাঠি।
কঙ্কাবতী ঘুমায়। হায় কঙ্কাবতীর ঘুম। ভাঙবেনা এ জীবনে জানি।
আহ হা কঙ্কাবতী। ঘুমোও ঘুমোও প্রিয়া ওগো
শত সহস্র রাত্রিদিন তোমার ভেসে গেছে আরও
এবার ভেসে যাক, সে, নোনা জলের অতলে আবার।
বৃষ্টি এলেই মুছে যাবে নাম
দীর্ঘ হয়ে পড়ে দিন রাত্রির আলো আর অন্ধকার
যখন প্রবল প্রতীক্ষা তোমারে আমার
দ্বিধার অরণ্যে ঘুরে ঘুরে তুমি খেয়াপাড়
আমিতো অটল চেয়ে দেখি নিকটে ভবিষ্যৎ
আমারে ছেয়ে তোমার সকল, কেবলই ধূসর ।
ছাই রং এ লেখা রয়েছে, আমার ছবি
বৃষ্টি এলেই মুছে যায়, সকলই কি ছায়াছবি !!!
