২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জুনান নাশিতের পাঁচটি কবিতা

junan_nishat

Published : 21 Aug 2016, 09:58 PM

Updated : 23 Jun 2022, 04:03 PM

দাগ
দাগে ভরে যাচ্ছে আমাদের কোমল নিঃশ্বাসের রেখা;
বিশ্বাসের ভিতু কাহিনী মানুষের মুখ থেকে মুখে
চকমকি তীরে একাকী হাঁটার কালে মেঘ বলেছিল,
ঝরবো না আর, ভেসে যাবো হাওয়ায় হাওয়ায়
সেই থেকে আমিও ভেবেছি, শুধুই ভাসবো হাওয়ায়
দখিন দুয়ারী কান্নার মোড়ক খুলে ভেঙে দেবো
প্রজাপতি ঘুম, শুষে নেবো উপবাসী সুর।

উড়তে পারিনি আমি।
দ্বিতল বিন্যাসে গড়া স্থবির প্রপাতে আটকে আছি
যেন শ্যাওলা জড়ানো স্মৃতিগন্ধা হিম।

কালো বিষ

ছুরির ফলায় গেঁথে আছে চোখ
হাড়ের ভেতর অগ্নিধারা
অদৃশ্য কপাল জুড়ে অপেক্ষার শিরস্ত্রাণ।

মণি দু'টো শব্দহীন কান্নার ভেতর ডুবে যাওয়ার আগে
আমি অপেক্ষার শিরস্ত্রাণ খুলে ঘুরে আসি
জীবন খোয়ানো সেই মুহূর্তের পাড়ে
একদিন যেখানে তোমার কাঁধ ছুঁয়ে উড়িয়েছি
অজস্র বাতাস, মিলিয়েছি ঠোঁট, জিহ্বার করতল।

আজ প্রতি তিরস্কারে বাজালে যে সুর
তাতে বৈকল্যের খরা, কালো বিষ।

চোখ দু'টো ছুরির ফলায়
নাকের দুপাশে আকাঙ্ক্ষার রক্তদাগ।

পারো?

নামতে জানো? ভাঙতে?
জীবন জুড়ে খেলতে জানো?
দূরের রেখা মাঙতে?

ভুলতে জানো? আঁকতে?
নগ্ন লেখায় শীতল মায়া
চোখের কোণে ঢাকতে?

পারো? জাগতে?

অপূর্ণতা

উপলক্ষ নেই।
তবু আসো, কাছে বসো
দক্ষিণ দিগন্ত বাঁকে যে কথারা হারিয়েছে সেই কবে
সেসব বিষণ্নতার ঘ্রাণ ছুঁয়ে
থাকো পাশে।

ঘোর নেই
নেই ছিন্নতার রেশ
শুধু মুখোমুখি নিঃশ্বাসের ঢাক
যার বাহুমূলে চাপা পড়ে আছে
বহুদিন ধরে জমে থাকা
আমাদের আজন্ম তিয়াস।

সম্পর্ক

কোথাওতো যেতে পারতাম!

যাইনা কোথাও কতোকাল
পায়ে হেঁটে অথবা গাড়িতে
রিকশাও মন্দ নয়
টুং টাং ধ্বনিতে ইশারা ভেজা ডাক
ধীর লয়ে গড়িয়ে গড়িয়ে চলে ছায়ার ভেতর।

শঙ্খস্বরের উজানে চোখে চোখ রাখিনা অনেকদিন
নগরী এড়িয়ে দূরের নির্জনে হেঁটে যেতে যেতে
জানতে চাওনা আর পড়া হলো কিনা
শঙ্খ ঘোষের জার্নাল কিংবা নেরুদার অনুস্মৃতি
অথবা টমাস মান,
আমাদের কোন দ্বন্দ্ব নেই আর
তর্ক, যুদ্ধজয়, হারজিতের অভিলাষ
আমরা কেমন করে যেন ভুলে গেছি
কেউটের ছোবল ডিঙিয়ে কিভাবে হারিয়ে যেতে হয়
দশদিগন্ত ছাড়িয়ে আরো দূরে ইচ্ছেগতির ডানায়।

আজ গ্রহণের কাল
ভালোবাসাহীন গল্পগাঁথা জুড়ে ঢাকের তরল শব্দ
প্রতিধ্বনিময়
আর আমাদের চোখে ঝাঁ ঝাঁ রোদ্দুরের শিখা
হৃদয় চৌকাঠ শব্দহীন
মরণোত্তর দিনের গল্পে আমাদের মায়ার শকট
একটু একটু করে ক্ষয়ে যায়।