পিতা, তুমি চলে যাওয়ায়
হে শ্রেষ্ঠ বাঙালী তুমি যে মানুষগুলোর ভালবাসায় একটি জাতির পিতা হয়ে উঠেছিলে-
সে মানুষগুলো কালের বিবর্তনে আজ বড্ড অবহেলিত হয়ে গেলো।
তার বদলে সেই সব চাটার দলের শিরোমণিদের কাছে ক্ষমতার বিশাল ভার,
তাদের সন্তানেরা থাকে বিলাত কিংবা আমেরিকার মস্ত বড়লোকদের পাডায়;
তোমার বাংলা থেকে চুরি করা টাকা নিত্য তাদের বিলাসিতায় যায়।
আর যে সরল সাধারন তোমার স্বপ্ন বুকে ধারন করে পথ চলতো তারা এখনো তোমাকেই ভালবাসে,
তাদের সন্তানেরা জীবনের প্রতিপদে সংগ্রামে এখনো মুখর তোমারই স্বপ্নের দেশ গড়তে।
হিমালয় থেকে বঙ্গোপসাগর পিতা তোমার সোনার বাংলায় এখন দস্যুর হানা,
পার্বত্য চট্রগ্রাম থেকে সর্বত্র সবাই এখন চায় দানবীয় উন্নয়ন।
পিতা তোমার কন্যা তোমারই মতন, কোমল হৃদয়ের দেশপ্রেম নিয়ে বড্ড ক্লান্ত সামলাতে সব।
তুমি থাকলে বাংলার নদীগুলো দখল হয়ে হারিয়ে যেত না,
সুন্দরবন বাঘশুন্য হয়ে ধ্বংসের মুখে ঠেলে দেয়া সম্ভব হতো না,
ধর্মান্ধতার উর্বরভূমি হিসেবে তোমার দেশ কখনো বেড়ে উঠতো না;
তোমার বাংলার শ্যামল রূপ হারিয়ে যাবার সুযোগ পেত না।
পিতা চেতনার বাণিজ্যিক বিস্তার আমাদের কাছ থেকে তোমাকে দূরে সরিয়ে নিয়েছে।
পিতা এই বাংলার জল, বাংলার হাওয়া, বাংলার মাটি, বাংলার চাওয়া- তোমাকে ঘিরেই।
