জন্মের আগেই আমি মৃত্যুকে করেছি আলিঙ্গন
[গুলশান হত্যাকান্ডে নিহত ইতালীয় নাগরিক অন্তস্বত্ত্বা
নারী সিমোনা মনটির অনাগত শিশু মাইকেলেঞ্জেলো স্মরণে]
জন্মের আগেই আমি মৃত্যুকে করেছি আলিঙ্গন
আমার কোন দেশ নেই, ভাষা নেই, জাতি নেই
ধর্ম-অধর্ম, পাপ-পূণ্যের ভেদাভেদ নেই
জীবনের বিভৎস রূপ দেখে জন্মের আগেই
আমি ক্রন্দনকে গিলে ফেলেছি।
আমার প্রথম নিঃশ্বাস পৃথিবীর বায়ুমন্ডল
একটুও বিষাক্ত করেনি
শেষ নিঃশ্বাসই এ পৃথিবীর কাছ থেকে পাওয়া
আমার প্রথম উপহার!
মা,
তুমিই আমার খেলাঘর, আমার স্কুল, আমার কফিন
আমার চোখ ফোটেনি তবু আমি দেখেছি
জল্লাদের ধারালো নখে ছিঁড়ে যাচ্ছে আমার নাভি
আমার কান তৈরী হলো না
তবু আমি শুনলাম স্কুলের ছুটির ঘন্টা,
ঐ অচেনা শব্দ গীর্জা, মন্দির আর মসজিদের মিনারে
প্রতিধ্বনি তুলে ধীরে ধীরে মিলিয়ে গেলো…
আমার প্রথম শয্যাই আমার শেষ শয্যা
মাতৃগর্ভই আমার অদেখা পৃথিবীর একমাত্র গৃহকোণ।
সেখানেও গাঢ় অন্ধকার নেমে এলো
রক্তের নদীতে আমি আমার মায়ের নাড়ি ধরে
ভেসে ওঠার চেষ্টা করলাম
এই ছোট হাতে, নরম আঙুলে
আঁকড়ে ধরার মতো কিছুই পেলাম না,
আমার না ফোটা চোখ-
মৃত্যুর মহাযজ্ঞে, রক্তের স্রোতে
ভেসে যেতে দেখলো
কোরান, বাইবেল, গীতা, ত্রিপিটক
বর্ণহীন আমার প্রায়ান্ধকার পৃথিবীতে
কোন পূণ্য অক্ষরেরই পাঠ নেয়া হলো না
তবু
জন্মের আগেই আমি মৃত্যুকে করেছি আলিঙ্গন
মাতৃগর্ভই আমার প্রথম কবর, কফিন ও চিতা
দাউ দাউ জ্বলে ওঠে মানুষের পৃথিবী
আমার কয়েক ফোঁটা রক্তে
তার তৃষ্ণা সামান্য মেটে না !
