২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বোন তুই সত্যি করে ক

আনিসুর রহমান

Published : 03 Jul 2016, 11:17 PM

Updated : 23 Jun 2022, 04:03 PM

বাবা বলে গেল `এক আকাশের তারা তুই একা গুনিসনে'
সব পাখির গান তুই একা শুনিসনে; পুকুরের সব মাছ তুই
একা ধরিসনে; বাগানের সব ফুল তুই একা তুলিসনে|

বাবা চলে গেলেন, এরপর দিনে দিনে আমি বড় হয়ে উঠি:
গ্রাম ছেড়ে নগরের পথে হাঁটি| মা বলেন, রাত বিরেতে
তুই একা বেরোসনে; সব খাবার তুই একা খাসনে; সব
খেলা তুই একা খেলিসনে; সব কাপড় তুই একা পড়িসনে|


সে আমি আজ অনেক বড়, বয়স আমার বাড়ে
এক এক করে, চল্লিশের ঘরে|আকাশের তারা আর
দেখি না| দূরের বাঁশি আর শুনি না, বাউল পোশাক
চড়ালেও একতারা কি জানি না, লালনকে চিনি না|

ভুল বানানে রবি ঠাকুরের নাম করে,ভুল উচ্চারণ করে
কে পড়ে, জল পড়ে পাতা নড়ে, দিন গড়ায়ে রাত পরে;
জল কলকল নদী ছলছল; বাগান জুড়ে ফুল, আমি দেখি না;
গুলি বোমা ছুড়ি শান আর বাঁচাও চিৎকার ছাড়া কিছু শুনি না|

নগরের নিয়ন বাতির পথে হাজার জনতার ভিড়ে; সর্বনাশা
রাক্ষসের দলে কি করে আল্লাহু আকবার আওয়াজ তুলে,
এক এক করে, কফি হাউসে ঢুকে পড়ে; রোযা রমজানের
রাতে দশ বিশটা মানুষ খেলো হালুম হুলুম করে|

এই দোজখের রাতে, পঁচাত্তরে চলে যাওয়া জনকেরে মনে পড়ে;
জন্মের সকল কুষ্ঠি বারবার ভুল করে, নিজের নামটা বলতে পেরে,
গায়েবি রাক্ষস খোক্ষসের থাবায় আমি বড় বিপদে, ভাইরে, বোনরে!

বোন তুই সত্যি করে ক, এ ঘোর বিপদে, কে আমারে সাহস দিবার পারে?
নাম আমার বাংলাদেশ; দিশেহারা, একের পর এক মৃত্যুর মিছিল বাড়ে।