খান রুহুল রুবেলের একগুচ্ছ কবিতা
অরণ্যভ্রান্তির দিকে
অরণ্যভ্রান্তির ঠিক নিচে, তুমি খুলে ফেলো হে নাবিক,
তোমার নিবিড় টুপি,তার্পিন, এরপর কাঠের সীমানা,
কিছু পরে কুঠারের দিন এইদিকে শুরু হয়ে গেছে।
ডেকে উঠছে পাথর, তার মোম, এ শীতে জরজর
শ্বাপদ অক্ষম হিংসা হাতে হেঁটে গেল কিছু দূর,
তাকে পেয়ো না ভয়, বরং তোমার আশ্রয়, ময়ুরের-
স্বভাবের কাছে রয়ে গেছে, তাকে দিও কিছু অনুমান,
কাঠের গন্ধের নিকটে, জাহাজের কোন ঋণ আছে কিনা,
সেই কথা জিজ্ঞেস করো, তারপর দেখো তোমার লবণ-
ঘিরে কি করে পাতারা বসে প্রার্থনায়, জানায় আর বেশী
বাকী নেই ক্ষমা, রাতের প্রবারণা শেষ হয়ে এল, চলো-
কুঠারের নিকটে যাই, ডেকে আনি কুঠারের হাসি।
এই ধ্যানে নত হল কাকাতুয়া, বিজড়িত ঠোঁটে,
হাহা শব্দে হেসে উঠল কুঠার, যেভাবে চিতারা ছোটে
সহসা রাশি রাশি শবদেহ, সুগন্ধে তোমাকে ডেকেছে,
কাঠের অনেক আগে, কাঠুরিয়া মরে পড়ে আছে!
অরণ্যভ্রান্তির ঠিক নিচে,তুমি খুলে ফেলো হে নাবিক,
তোমার নিবিড় টুপি, তার্পিন, এরপর কাঠের কামনা,
কিছু পরে কুঠারের দিন এইদিকে শেষ হয়ে গেছে।
আয়না
আয়নার নিকটে যাই, গিয়ে কখনো দাঁড়াই না,
আয়না তার নিজস্ব সঞ্চয়ে কিছুটা নত হয়ে আছে।
সে দেখেছে উদ্ভিদ, দেয়ালের পাশে থেকে ছায়াময়,
আরো ছায়া হয়ে ওঠে, তবু পরাজিত কার ছায়ার নিকটে,
তাকে ছোট বলে মনে হয়, যেন অজস্র শীত,
ভেঙে গুঁড়ো হল, পাহাড়ের চুড়ো থেকে নেমে এসে,
রোদের নরম দিয়ে বিছালো ভূমিতে!
তার নিজস্ব শরীরে নয়, পারদের প্রতিভায়,
অপরের শরীরময় জুড়ে সে দেখে পুরস্কার,
অঙ্গের প্রতিচ্ছবি, অংকের শোভা নিয়ে বলে যায়-
যুবতীর নির্বাপিত দেহ, খুলে ফেলা বাসী অলংকার!
সুবাসিত করে গেছে, পুরনো করে রেখেছে কতকাল?
জলও তো আয়না? পারদের বদলে শুধু রয়েছে শৈবাল!
কতদিন সাঁতারে নেমে দেখেছি ধরা পড়ে গেছে,
আমার মলিন ছায়া, কৃশ নুন, জলচক্ষুর কাছে।
আয়ানার নিকটে যাই, গিয়ে কখনো দাঁড়াই না,
আয়না তার নিজস্ব সঞ্চয়ে, কিছুটা উঁচু হয়ে আছে।
ইলিশ
অরুন্ধতী তুমি, মনোরম ইলিশ আমার!
প্রাচীন জল ভেঙে কল্লোল তুলে আছ,
দেখিয়েছ, জলের বিছানো শরীরে
চাঁদের সহিস নেমে ধীরে ধীরে ডুবে গেছে।
এতটা রূপালি ছিলে তুমি? বালির জলজ শাসনে?
তবে এই বুদ্বুদগুলো কার? এই পুত্রশোকভার?
পুত্রহীন মাতার মতো বিদ্যুৎ কোমলতা
আজও দেখি জলে, শুনি সেই উপকথা-
কুসুমকম্পিত দেশ ভেবে বাণিজ্যে গেছে তরী,
তারপর সে নাবিক যেন কার ছেলে, দিকবিদিক
ভুলেছে, ডুবেছে মল্লার দল, সব সঞ্চিত কানাকড়ি
ঠাঁই নিয়ে নেমেছে প্রবালে, প্রেতপ্রচ্ছায়াময়
সে কাদের বিলাপ, সাগরের দূরদেশে আজো শোনা যায়!
তারা দেখেনি কোন ঢেউ, তবু কিসে ডুবে গেলে তরী?
ছিল কি ইলিশ ছায়া? রূপালি রেণুর ঋণ, মৎসকুমারী?
অরুন্ধতী তুমি, মনোরম ইলিশ আমার,
গ্রীবার রূপা তুলে হাসো, এ কথা জানো না?
রূপালি মৃত্যু হলে, ইলিশও বাঁচে না!
সিদ্ধান্ত
চতুর্দশ সিদ্ধান্তের কথা জানিয়ে গেছ কাল
জানিয়েছে, ভাসমান যান, অথবা রহস্যের-
নৌকো, আর, যা কিছু করে পারাপার, তার
ওপরে যারা থাকে, তারাও কি থাকে ভেসে?
নাকি শুধু পারাপার, তাই পার হওয়া এসে
কেবল নিয়ে যায়, শুধুই পারপার বেদনায়?
আমিও দৌড়ে যাই,দেখি দূরনীক্ষণ জাগে,
যেখানে নৌকো আর ঘাটে, ফুটেছে তমশা,
তারও আগে জেগেছে বাসনা, নির্ভুল নিশানা-
চোখে পার হয়ে গেছে দাঁড়, অবসর হাতে
পেয়েছে বিরাম গৃহকোণে, পিপাসার বনে
এখন পারানী নেই, জাহাজ গিয়েছে চলে
দ্রুত জলে পেয়েছে নোঙর, স্মিত বন্দর-
জুড়ে,কেননা জাহাজ নেই, তীরের শরীর
ফুঁড়ে শুধু বিদ্যুৎ, কেবল হুংকার, আর
ডুবে ডুবে ফিরে যাচ্ছে পলায়ন, মাছের!
আমিই দেখছি এসব, হয়েছি গাছের প্রতিভূ
শোনো, তীর ও তূণের মতো করে শুধু
আমার শরীর কাঁপে, প্রচন্ড ঝঞ্ঝার তাপে
ঘুরে যায় কারা? তোমার সুবর্ণ প্রহরা,
ভাঙেনি তারা কেউ, নিহত নিদ্রার কাছে
শুয়ে আছ। গাছে গাছে সেই দিনিলিপি
ফলে আছে, আমার চোখের জাহাজে
শুধু জেগে আছে তীরের বিভ্রম, আর-
চারপাশে তোমার চতুর্দশ ঝঞ্ঝার সাথে
হাওয়ায় কিছুটা সিদ্ধান্ত লেগে আছে!
তিমিরান্ধকার
তিমির, ভেঙে পড়ছ কেন?
অন্ধকার, সে ভাঙছে ভাঙুক!
এইতো দাঁড়িয়েছি, সলতের অসুখ
সামনে নিয়ে যতটুকু কোমল মোম
আপেলের মতো জ্বলে, সক্ষম
রাতের দিকে ছুড়ে দেয় জল
যেমন জন্ম জ্বলে, অনাশ্চর্য ফল
মানবীর চোখের নিচে ফলে
স্বভাবত বিদীর্ণ হয়, অতলে-
গান গায় আরও খুব আর্ত, তার
শর্ত ভেঙে দাঁড়ায় রাত্রি, অন্ধকার,
এরও নিচে পাবে তুলনায় গাঢ়
যে পতন, তারও নিচে যেতে পারো
শিকড়ে প্রোথিত করে কিছুটা পুড়ুক!
তিমির, ভুলেছ কেন, দাঁড়াবার প্রশমন
আমি নিয়ে দাঁড়িয়েছি শরীরের মোম।
তিমির, ভেঙে গিয়েছ কেন?
অন্ধকার, সে ভেঙেছে, ভাঙুক!
তোমাকে
অপর সমুদ্র থেকে আমি তার
ছড়িয়ে দিয়েছি শরীর, শরীরের ভার,
তীরে তীরে তার যত ছড়ানো আবীর
লুকনো প্রভা তুলে তাকিয়েছে।
অপর সমুদ্র থেকে আমি তার
ডুবিয়ে রেখেছি শরীর, শরীরের ভার
তীরে তীরে তার যত প্রেতিনী হাসির
ক্ষমাহীন ক্ষত নিয়ে দাঁড়িয়েছে!
মন্ত্র
মন্ত্র শিখে নাও, বাতাসে মন্ত্রধ্বনি আছে
আর, কফির কাপ থেকে গড়িয়ে দাও-
লাল নীল বসন্ত রঙের বাষ্প, তাপ।
বাষ্পের শোভাই সুন্দর, কেননা দৃষ্টিহীন-
তারাও বুঝে যায়, এ বাতাস, উত্তাপ।
শব্দের জন্ম শিখুক, জলেই জন্ম শব্দের,
বাতাস ফুটতে থাকুক, নরম রক্তের-
ফোয়ারা দেখ, জেনে নাও পরিমাপ-
কতটা শব্দ ছিল তার কতটা সঙ্কেত?
বাগানে যাও, বাগান রাতের দিকে গেছে,
যথাসম্ভব ঠোঁটে, বাজাও অন্ধ ও অর্গান-
যদিও ভাবছ আছ সঙ্গীতের কাছে,
শব্দের মূলাধারে আছ ঠিক সপ্রমাণ,
তথাপি দেখো এই রাত্রির আনাচে
ওরা সঙ্গীত নয়, আসলে বাজাচ্ছে বুলেট!
বরাহপ্রদেশ
লোকটিকে প্রায়ই দেখি, কাঁদায় গভীর গড়াগড়ি খায়,
মাঝে মাঝে মেটে আলুর খেতে গিয়ে পাত পাতে
জিজ্ঞেস করলে লাজুক হাসে, তেমন কিছু বলেনা।
জানায় পাড়াতেই থাকে, বীমা অফিসে সামান্য কেরানি।
অফিস কামাই করে কখনো সখনো, কেননা দেখা যায়-
ঠিক দুপুরবেলায় কাঁটাঝোপের পাশে উবু হয়ে আছে,
মধ্যরাতে বাতাসে ঘরঘর তুলে নিদ্রা যায়, আত্মীয়-
পরিজন কেউ আছে, এরকম কিছু কেউ কখনো শোনেনি।
মাঝে মাঝে বাজারে যায়, চাল ডাল কেনে না কোনদিন,
এক আধটু কচুলতা, বিনিপয়সায় আর্দ্র শিশির-
এই নিয়ে বাড়ি ফেরে, কোন ভোজসভাতে নেই-
অথবা নিমন্ত্রন করে না কেউ, অন্তত দেখিনি তেমন।
লোকটিকে প্রায়ই দেখি, আনত হয়ে দৌড়ে যায়,
কাঁদা মেখে বসে আছে রোদে, আমাদের জনপদে,
কি করে সে, জিজ্ঞেস করে দেখি, তেমন কিছু বলেনা,
কিছুটা লাজুক হাসে, কোনদিন ইচ্ছে হলে জানায়-
শুয়োরের বাচ্চাদের দেশে, সেই হতে চায় বৃহত্তম শুয়োর!
অন্নপূর্ণা
"খাবার!" শব্দটি শুনলো রাষ্ট্র, বললো-
আমরা কেবল পাকস্থলী সরবরাহ করি,
খাবার ব্যাপারটি দেখে অন্য লোক, এছাড়া-
খাবার শব্দটি কেমন বিজাতীয়, অশোভন!
অতএব, হে দ্রাবিড়, মানুষের ক্রুদ্ধ বিপনন,
তুমি শুদ্ধ হয়ে ওঠো!
আর, মনে রেখো, আমাদের কাছে, তোমাদের যে ঋণ।
মানুষ শুনে বলে,আজন্মে তবে প্রভু, জন্মাবো পাকস্থলীবিহীন!
বদ্বীপ
আমার বামে বামপন্থা, ডানে ডান
উর্দ্ধে ঈশ্বর হাঁটেন, ভূমিতে শয়তান
বল হে জননী তুমি, যাব কোন দিকে?
শ্যামলিম নামে খ্যাত তোমার বদ্বীপে?
চিঠিযুগ
বলো পোস্টম্যান, চিঠিযুগ এখনো থামেনি
উতরোল শর্ষের ক্ষেতে ফুলে ওঠে হাওয়া
কিছুটা বিরতি দিয়ে ধাবমান কালো ট্রেন
ঠিক এসে থামে, তুমি চেন ট্রেনের চাহনি?
এখনো রয়েছে পূব, তার বিপরীতে পশ্চিম
কিছুটা ডাইনে হাওয়া, আরো এগোলে হিম
নর্তকীর প্রদক্ষিণ ঠিক লেগে আছে কম্পাসে
তোমাকে মনে নেই, লেখার ঠিকানা পড়ে আছে।
খোঁপা
উপড়ে ফেলি তোমার গন্ধরাজ,
কিছুটা বেদনা তোমারও থাকা ভালো
গলিয়ে দেই সন্নিহিত মোম,
আমারতো নেই, তোমারও নেই হল?
গলিয়ে দেই সন্নিহিত মাটি
বাগানজুড়ে তুমিই তো উদ্ভিদ?
কীটে কীটে গুঁড়ুক না সেই ভিত!
কিছুটা ফসল আমিই নাহয় কাটি।
যেদিকে হাঁটো সেদিকেই হয় পথ
বাগানে দোলাও রহস্যময় নথ!
ঘুরিয়ে তাকাও গ্রীবার উচ্চারণ
ভাঙতে গেলেই অশ্রু আয়োজন!
যতই ছিঁড়ি যতই খুঁড়ি ততই দুলে ওঠে
হাসিতে তোমার শঙ্খচূড়ের ফণা
খুলবো বলবো যেই না বাড়াই হাত
তোমার খোঁপা ফুলের দিকে ছোটে!
দুয়ার
তোমার গৃহে যাবনা, কেবল দুয়ারে দাঁড়াবো
যদিও মনে হতে পারে, এই গৃহ স্থির
কিন্তু তার ভেতরে অতিকায় লুপ্ত তিমির
অবয়ব ফুটে ওঠে, যেন গর্জন শোনা যায়!
ঘরের ভিতরে গেলে ঘর বেশ বড় হয়ে ওঠে
সৌরবর্ষের মতো তার ডুবে যায় বাহির।
গৃহের ভেতরে গেলে কতটুকু গৃহ পাব?
তোমার ঘরেতে যাবনা, কেবল দুয়ারে দাঁড়াবো!
দ্বিধা
যে পাখি গান গায়, সে কখনো ওড়ে না,
ওড়ে অথচ গায়, এতটা প্রতিভাময়
কোন পাখি আমি আজো কোথাও দেখি না।
যে তরী দাঁড় বায়, সে কখনো ডোবে না,
ডোবে অথচ ভাসে, এমন দ্বিমুখী বিশ্বাসে
কোন তরী আছে বলে কখনো জানি না।
নাচ
নৃত্যশালাতে গিয়ে পালটে যেতে পারে পতন,
বন্ধুরা এমনই বলেছে।
যারা দেখতে যায় নাচ, এবং ফুলের ওপর
ছুঁড়ে মারে চোখ,
দৃষ্টির পরাগে, সিন্ধান্ত হাতে
ছুটে আসে সূর্যমুখী, সেদিকেই-
সোমরস পান করে শুয়ে আছে আমার সোমবার!
অথচ এত হল্লা জেনেও, নাচের দোকানে যাই না,
কখনো দেখিনা নাচ।
কেবল ইচ্ছে হলে আঙুলের চালে
চারপাশে ছড়িয়ে তুলি নাচের শরীর, এরপর-
তার ভিতরে একটি নর্তকী ছুঁড়ে দেই!
যৌনতা
শরীরে রেখেছ ডুলিচাঁপা
উরুসন্ধিতে মেঘ,
ভেবেছ, আমি তেমন কোন
যৌনতা জানি না?
তবু দেখ, জানুর ভেতর থেকে
চন্দ্রিমা জেগে ওঠে
খোঁপায় জীবিত হয়ে ফোঁটে
রাত্রির নিহত ফুল,
নির্ভুল আমারই সন্ত্রাসে
দখল হয়ে গড়ে,
যেন কিসের ছায়া, তোমারই শরীর!
শরীরে রেখেছ ডুলিচাঁপা
উরুসন্ধিতে মেঘ
ভেবেছ, আমি তেমন কোন
যৌনতা জানি না!
শংকা
বিসর্জন তোমাকেই অর্জন বলে মনে হয়
পথের পৃথিবী ছেড়ে কিছুদূর পর্যটন
এখনো রয়েছে বলে ভাবি, জাহাজের চাবি-
অতলের নিকট জলে সামান্য সঞ্চয়
অনটন ভুলে সেই দিকে চলে গেছে।
অনর্থ, তোমাকেই সদর্থ বলে ভাবি
কাঁটার প্রদেশ জুড়ে কিছুটা সজারু
বিদ্ধ হয়ে আছে এতটা সুচারু!
আরক্ত ক্ষতের নিচে আরো রক্তময়
চিতার পায়ের নিচে প্রবাহ এনেছে।
অশ্বমেধ
১
পৃথিবীর অর্ধেক গোল, বাকীটুকু বাতাসের কাছে ঋণী
মানুষ হিসেবে বড় নই, জন্তুর দিকেও সামান্য হয়ে আছি।
তবু ধাবমান অশ্ব, এত কম ছাইভস্ম বয়ে নিয়ে এলে?
আমার শবদেহে তাই কিছু সন্দেহ থেকে যায়,
মনে হয়, ডুবে গিয়েও সবটুকু শরীর আমার ডোবেনি!
এতটা উণশরীর, তবু অশ্ব, তোমাকেই দেখি প্রার্থনা
পরম মিত্রের মতো, জানি তুমি কখনো ভুলবে না।
দেখি গতি, দেখি লম্ফন, কি অনায়াস আকাশে ছড়ায়,
এতটা ভস্ম আমাকে দিও, যেন সমস্ত শরীর ঢেকে যায়!
২
কেটেছে অশ্বের মতো দিন, অশ্বের প্রকারে,
ছুটেছে পথঘাট, বাড়ীঘর, বাকীটা চতুর-
পার হয়ে চলে গেছে কম্পমান খুর!
জীবাশ্মের মতো রাত, কেটেছে প্রান্তরে!
গিয়েছে অশ্বের মতো দিন, অশ্বর ধ্বনিতে
এখন থেমেছে লাগাম, খড়জল, সামান্য ঝুলিতে,
পরে আছে মাঠ, তমিস্র নদীতীর, শূন্য যত গৃহ,
কোথাও অশ্ব নেই, চারদিকে তবু কেন অশ্বের প্রবাহ?
চতুষ্কোণ কবিতাবলী
১
ছুঁড়েছি বিক্ষিপ্ত তুলো, বিছানার ছড়ানো পরিহাসে,
তাতে আরো সজ্জিত হল শয্যার নিবিড় ভ্রুকুটি
এলো কালবৈশাখী, দাঁড়ালো আমারই নিঃশ্বাসে!
সামান্যই ঘুমোবো, তবু প্রয়োজন প্রতিমা, কিছুটা প্রস্তুতি।
২
ছিপি খুলে দিচ্ছ, ঘুরে ঘুরিয়ে যেমন নর্তকীর কোমরের প্রতিভায়,
যেন চোখ খুলে গেছে, এভাবে ছিপি খুলে বোতলের ঘুম ভেঙে যায়,
যতটা শিশি দাঁড়িয়ে থাকে পাশাপাশি টেবিলে, ততদূর ঘুমের মৌসুম
সহসা খুলে গেল প্যাঁচ, মূলত ছিপি নয়, খুলে দিলে বোতলের ঘুম।
৩
কোন কোনদিনে পাখিদের রোপন করেছি
দেখেছি ফিরেছে পালক, কিভাবে নিরাকার-
সৌর কুন্ডলী তুলে সূর্যের সংহতপাহাড়-
সহসা জাহাজ পেয়ে, বলে গেছে- "যাই"।
যদিও সন্ধ্যা ছিল? কিছুটা বাকী ছিল ষাড়ের লড়াই!
৪
বিকেলতুলোর কাছে দাঁড়াও হে সন্ধ্যাপ্রেমিক,
মনে রেখো আমিও মানুষ ছিলাম, কনিষ্ঠ
আঙুল তাক করে সুদীর্ঘকাল, গরিষ্ঠ দুঃখ
দেখে দেখে দীর্ণ করে আছি গোপন পিস্তল।
যদিও উড্ডীন সমাগত, তবুও তো মানো
চিরকাল খুঁজেছিল সহিষ্ণুতা, অবতরণ,
ঘুমন্ত চাষের মাঠে ছুড়ে দিয়ে বিতরন
দেখি কবোষ্ণ বীজে হাওয়া, ফুটেছে ফসল!
৫
দিকচিহ্ন এই ফুল, ভুল কোনদিকে ছোটে?
জানে না কি, তোমার ক্রমশঠোঁটে
রেখে দিলে- পাথরও বড় হয়ে ওঠে
দূর্বাদল এই ফল, জল কোনদিকে নামে?
ভাবেনি কি, তোমার ক্রমশ প্রণামে
নত হয়, তারাদল নোঙর এসে থামে!
নার্সিসাস
ভাবা যাক, আমি একটি জেব্রা, বহুপ্রস্থ রাস্তা পার হতে গিয়ে-
জেব্রাক্রসিংয়ের দিকে তাকিয়ে আছি, যেন নিজেকে দেখছি আয়নায়।
দূরে একটি ট্রাফিক, মুখ যার ময়ূরের মুখোশ, যে বাজিয়ে চলেছে সর্বশেষ বাঁশি, মনে হবে তোমার এসেছে মড়ক,অথবা নেমে গেছে আদিগন্ত ইস্রাফিল! কারণ আচমকা দেখ আমার দুপাশে দুটো সিংহরঙ ট্রাক, টায়ারের লৌহগর্জন তুলে এগিয়ে আসছে আমার দিকে, অর্থাৎ এক স্থির জেব্রার দিকে।
মনে করো আমি একটি অনিচ্ছুক রূপান্তর,অরণ্য আফ্রিকার সোঁদা তৃণের শরীর থেকে তোমাদের বহুচল পৃথিবীতে এসে ভুলে গেছি সমস্ত সমাধান, যত চারণকৌশল! এখন জেব্রা ক্রসিংয়ের ওপরে দাঁড়িয়ে নিরুপায় জেব্রা হয়ে গেছি,অথবা হয়ে গেছি এক নিহৃদয় নার্সিসাস,আমার দু পাশে দুটো শহুরে সিংহ, পেট্রলের লেজ তুলে এগিয়ে আসছে আমারই দিকে- এক অনড় ডোরাকাটা জেব্রার দিকে!
একা চিতার উপাখ্যান
চিতা ও চাতুরীর বহুদেশ পার হয়ে এসে; কাজলরেখা, তোমাকে মনে পড়ে গেল। মনে পড়ে গেল, কতটা বিদ্যুৎরেখা তুমি ধরো, অথচ বহুকাল নিদ্রিত আছ, বহুকাল চোখ মেলে আমাকে তাকাবে, এমন অবসর দূরতর বাণিজ্যে চলে গেছে।
আমার সমস্ত গোলাকার ডোরা মুছে গেছে, কেবল নখ ও দাঁতের বিস্ময় নিয়ে, দেখি খলকৌশল সব ভুলে গেছি, যত রক্তস্রোত আমাকে টানে, তেমন বাগানে আপেলের নির্জনতা দেখে ফিরে আসি। আজও শঠতা যত জমি ও ঘাসের, যত নিশিচারণ লঘু ক্ষীপ্রতার, ভুলে গেছি, কবে কোন তাসের দান হেরে গিয়ে বলেছিল- তুমিও শিকারী।
চিতা ও চাতুরীর বহুদিন পার করে এসে মনে হল, মানুষ হয়ে গেলে ভালো হত খুব। মানুষ হয়ে গেলে জানা যেত সোনা ও রূপোর সেই পুরনো সমন্বয়, কাঠিবদল করে নিলে, কিভাবে রেখা ও কাজলের ঘুম ভেঙে যায়।
কাজলরেখা, মানবশরীর পেলে তোমার নিকটে, চলে যাওয়া যেত একা একা।
