২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তাপস গায়েনের কবিতা: রূপান্তর

তাপস গায়েন

Published : 13 Jun 2016, 12:42 PM

Updated : 02 Sep 2022, 08:36 PM

[১]

উড়ে গেছে অপরাহ্নের কাক, পত্রশূন্য বৃক্ষে জেগেছে সন্ধ্যার শকুন, অনন্ত নিদ্রার আগে দেখেছি উল্কার পতন; কিন্তু শুনিনি শঙ্খ কিংবা উলুধ্বনি। অথচ খোলা আকাশের নীচে এই পোড়ামুখ নিয়ে আমি ঘুমিয়ে রয়েছি। আমার সন্নিকটে পড়ে আছে ভাঙ্গা কলসি, অর্ধদগ্ধ কাঠ, আর মানুষের পদচ্ছাপ। জানি, শ্মশান বন্ধুরা চলে গেছে; কিন্তু কি জানি কোথায়!

এখন মধ্যরাত, ঘুরে গেছে শৃগাল, বাস্তুচ্যুত সাপ, আর পথহারা একাকী মানুষ। কারা এসে ধূলিসাৎ করে দিয়ে গেছে মাটির বিগ্রহ! পড়ে আছে জনহীন জনপদ, আর তার শূন্য দেবালয় – রাতের প্যাঁচা এসে এইসব সাক্ষ্য দিয়ে যায়। এই যে নয়াগঙ্গা নদী, যেখানে চলেছে বয়ে নক্ষত্রময় রাতের আকাশ! মুখচ্ছবিহীন মানুষের কথা আমি কখনো তেমন করে ভাবিনি। মানুষকে জেনেছি বৃক্ষের মতো, যা ধরে রাখে দিনের রথযাত্রা, অপরিমেয় জল, আর রাতের আখ্যান। আর রাত সে তো আমাদের সকল সুষুপ্তির আধার । সন্তান, যে সময়ের মধ্যে জলের মন্থন, সেও একদিন সময়কে অতিক্রম করে হয়ে ওঠে সময়ের পদচ্ছাপ। কখনো জানিনি আমার মঙ্গলসূত্র কারা এসে নিয়ে চলে যায়!

এই জীবন রূপকথা নয়, তবু ভালোবাসি ইলেক্ট্রনের ঘূর্ণন আর যুদ্ধের কাহিনী, আর নৌযাত্রাপথে উত্তাল জলরাশি। জেনেছি, অভিমন্যুর মৃত্যু হলে অনিবার্য হয়ে উঠে জয়দ্রথের প্রস্থান ! জীবন, বোধকরি, পারম্পর্যহীন এক দীর্ঘ পরম্পরা । পরিব্যাপ্ত জলের মতো এই জীবন, তবু যুদ্ধ পুনরপি, আছে শরনিক্ষেপণ আর গোশালা লুন্ঠন! ধর্মহীন ধার্মিকতায় ঈশ্বরপ্রেমিক নাস্তিকদের আজও হত্যা করা হয় ।

চারিদিকে পানীয় জলের অজস্র প্রবাহ, তবু পানপাত্র আজকাল শূন্য করে রাখি। মেনে নিয়েছি নিজের সকল প্রস্থান! কাঁচের রঙিন মার্বেলগুলি গড়িয়ে চলছে বৃত্তে, অধিবৃত্তে, উপবৃত্তে, এক সসীম ভূগোল থেকে অন্য এক নাম না জানা ভূগোলের দিকে। আমি তার অর্থ বুঝি না। উধাও আমার উজ্জ্বল শৈশব, খেলার মাঠে কেটেছে কৈশোর, ভ্রান্তিতে পূর্ণ প্রথম যৌবন, পরিযায়ী পাখিদের মতো কেটেছে আমার মধ্য যৌবন! সকল অপরিচয়ের মধ্যে নগরীর জনাকীর্ণ পানশালার মতো আমি নিজের কাছে নিজেই থেকে গেছি দূরাতীত, অপরিচিত। দূরে বয়ে চলে নয়াগঙ্গা, যা এখনও গর্জনশীল, আর শরীরহীন অর্ধদগ্ধ অবয়বে শুনতে পাচ্ছি ভোরের আজান: "…আল্লাহ্‌ ছাড়া আর কোনও উপাস্য নেই… !"

নিউইয়র্ক…এপ্রিল ২৮-মে ৮, ২০১৬

[২]

বস্তুর রূপান্তরের গল্প বলতে আনত হয়েছে আমার হৃদয়,১ কিন্তু যুক্তিহীন গভীর এক বিষণ্ণতা আমাকে ঘিরে রাখে। রাতের অন্ধকারে শরীরহীন এক শরীর এসে আমাকে জাপ্টে ধরে, নিশ্চল আমি হয়ে উঠি কালো পাথরের এক বিগ্রহ। শব্দহীন আমার চিৎকার, আর অশেষ লড়াই শেষে যখন আমি জেগে উঠি, ততক্ষণে আমার চিৎকার রূপান্তরিত হয়েছে আর্তনাদে, আমি সন্ত্রস্ত করে তুলেছি আমার চারিপাশ। আমি নই গ্রেগর সামসা, তবু তারই মতো রাতভর আমি জেগে থাকি, আর দামোদর নদীর প্রবাহে নিজের ছায়াকে খুঁজে ফিরি, কারণ তারই জলে ছিল আমার প্রথম নিমজ্জন, আমার প্রথম সন্তরণ; আর সেইতো ছিল আমার অতি শৈশবের কাল। আমি আজো বেঁচে আছি।

ইদানীং দেখি ঘুম ও জাগরণের মাঝে অনুক্ষণ আমার জাগৃতি, অনুক্ষণ আমার নিভৃতি। এই কোন্ অবসাদ, এই কোন্ রূপান্তর! কৃষ্ণ বিবর থেকে, বোধকরি, জন্ম হয়েছে আমার সময়ের। তীরের মতো সে আমাকে করে না বিদ্ধ, নিতান্তই হয়ে আছি আমি সময়বূহ্যে অবরুদ্ধ ।

উত্তরণের পথ চিনিনি এখনো। কারণ, আমার সময় ছিল মৌলবাদের সর্বোত্তম কাল, আমার সময় ছিল ধর্মহীন ধার্মিকতার কাল, আর আমার দেশের মানুষেরা ছিল ধর্মের মাদকতায় আচ্ছন্ন রূপান্তরহীন এক্সস্লোটল ।2

যেদিন আমি হব অস্ত্রহীন, আর আমার রথের চাকা হয়ে উঠবে গতিহীন, ভাবি সেদিন জীর্ণ এই শরীর পলির শুভ্রতা নিয়ে ব্যাপ্ত হবে এই বঙ্গে, দিগন্ত-বিস্তৃত শস্যক্ষেত থেকে দশ-দিগন্তে উড়ে যাবে হাজারো পাখির গান, সেদিন ওভিদের মতো বস্তুর রূপান্তরের গল্প বলতে আমারও হৃদয় হবে কদম ফুলের মতো উন্মুখ, কলমীদামের মতো আনত!

নিউইয়র্ক…জুন ৭-৯, ২০১৬

[১] মেটামরফোসিস, ওভিদ
[২] Axolotl [এক্সস্লোটল]উভচর এই প্রাণী, যা কিনা মেক্সিকান সালাম্যান্ডার, রূপান্তরহীনভাবে পৌঁছে যায় বার্ধক্যে !

Image
Flag Counter