পূরবী বসুর কবিতা: অন্ধকারে আলো
সূর্য বসে কাঁদছে কেবল মনে বড়ই দুঃখ
বিশ্ব জুড়ে অরাজকতার কারণটাই মুখ্য।
মেঘেরা আর দেয় না ছায়া, বারিপাতও বন্ধ
ঘোর কলিকাল, অনাসৃষ্টি,সবেই পচাগন্ধ।
আকাশটা আর ছাতার মতোন মাথার ওপর রয়না
বনে বৃক্ষে ফুল ফোটে না,গান ধরে না ময়না।
সময় এমন পূর্ণিমাতেও চাঁদ ওঠে না পূর্ণ
তারাগুলি মিটিমিটি, জ্যোৎস্না চূর্ণবিচূর্ণ।
জোয়ার ভাঁটা হয় না বলে ব্যবসাতে নেই লেনদেন
ছাত্ররা সব ক্রিকেট খেলে,মাস্টারেরা কান্দেন।
এই আঁধারে যাবো কোথায়? শান্তি কোথায় পাই?
কোথাও নয়, এইখানেতেই; ন্যায়ের শাসন চাই।
