সৈয়দ তারিকের কবিতাগুচ্ছ
ইছামতি
নৌকা থামে ইছামতির পারে,
ভিতর বারান্দায়
বৃষ্টি মাতে ঝুমুর-ঝঙ্কারে
বিমূর্ত সন্ধ্যায়।
পানির ভিতর অগ্নিশিখা কাঁপে
আবছায়াময় ইছামতির তীর,
বাল্যমদির রক্তকণার তাপে
জ্বলন্ত মন্দির।
জেলিফিশ
ম্যাগাজিন ভরা যদিও বুলেট,
ব্যারেলের মুখে ফোটে না ফুল:
করতল জুড়ে উষ্ণ গ্রেনেড
বস্তুত নিঃসাড় আঙুল।
ভুল রজনীতে চাঁদ ছিঁড়ে গেছে
ডাকিনী চিবিয়ে খেয়েছে হাড়,
জেলিফিশ পোড়ে জলশয্যায়
বেদনায় বিক্ষত ট্রিগার।
আস্থা
ছিল না দ্বিধা, ছিল না সংশয়
নিবিড় আস্থাতে
যাবার বেলা তোমাকে রেখে গেলাম
ঈশ্বরের হাতে।
পথের বাঁকে জিরিয়ে নেব বলে
ডেকেছি ঘুরে যেই
কোথায় তিনি নিরুদ্দেশ, আর
তোমারও ছায়া নেই।
ব্যর্থতা
লাইটপোস্টের শিখরে এক দোয়েল সারা বিকাল
অবিশ্রান্ত কণ্ঠ ছিঁড়েছিল,
পুষ্পবেলায় প্রতীক্ষিতা স্নানার্থিনীর জল
গড়িয়ে পড়েছিল।
অস্তাচলে মুখ লুকাল সূর্য সলজ্জিত,
শোধ হয় নি বিফলতার দায়;
ফিসফিসিয়ে উঠল বাতাস : 'প্রায়শ্চিত্ত কর!'
মৃত্তিকা চমকায়।
হরিবোল
একফালি চাঁদ গ্রীবায় লটকে আছে,
স্মৃতিসম্মত; তারায়-তারায় লজ্জা
রোদ-চশমায় ঢেকে রাখা যায়,
কিন্তু কি ক্ষমা করবে বাসকসজ্জা?
ফিক-ফিক হেসে যদিও বুড়ো শামান
খল-নুড়ি নাড়ে ব্রজের কুঞ্জবনে,
যমুনায় আর ওঠে না জোয়ার
হরি ভেসে যায় রাধার বিমোক্ষণে।
গীতবিতান
আড়ি পাততেই বললে, ও-গান তোমার ব্যক্তিগত।
আমি যদি চাই পাতালে পৌঁছাতে,
কাঠ খুঁড়ে খুঁড়ে যেতে চাই যদি বৃক্ষের মজ্জাতে,
হবে কি অসংগত?
ইঙ্গিতে শুধু দেখালে সংবিধান।
গেরিলাশিবিরে কালবৈশাখী ঝড়
গেণ্ডুয়া খেলে; ফ্রন্টে রাত্রিভর
স্টেনগান হাতে পড়েছি গীতবিতান।
নির্বাচন
কোষাগার খুলে বন্যা বওয়াব কৃষিতে,
মুক্ত বাজার সয়লাব কর, কিছু আপত্তি নেই,
দৈববিধান পাশ করে নেব জাতীয় সংসদেই,
জাতীয়তাবাদে মশলা মাখাব সাথে দিয়ে নুন-তেল।
পাজেরো গাড়িতে দ্রুত বেগে আসে শুভদিন,
গ্রাম-বান্ধব আসেন সঙ্গে-সঙ্গে,
অগ্রীম মাতো উৎসবে সারা বঙ্গে,
কড়া নেশা হবে, একঢোঁক খাও এনড্রিন।
প্রতিমা
আরণ্য ছায়া পেতেছিল মায়া
ছিল সে গমনে মগ্ন,
এক পায়ে ছিল স্বর্ণ-পাদুকা
অন্যটি ছিল নগ্ন।
এক হাতে তার ছিল হাততালি
অন্যটি ছিল স্তব্ধ,
পায়ে পায়ে তার বেজে উঠেছিল
ধ্বনিহীনতার শব্দ।
গল্প
অষ্টম খুনের লোভে এতদূর এসে
চোখে চোখ ফেলবার পর
চাকা ঘুরে গিয়েছে নিমেষে
সরাসরি খেয়েছি থাপ্পড়।
তারপরও কিছু কৌতূহলে
দাঁড়িয়ে রয়েছি এক ঠায়,
জোয়ার উঠেছে যদি বালতির জলে :
দেখি গল্প কতটা গড়ায়।
ইনহিবিশন
ভেবেছিলাম যাব অন্তঃপুরে :
পথ আগলিয়ে আছে রাসপুটিন,
তাতে এমন কিছু অসুবিধা নাই
গোটা কয় অ্যাম্পুল পেলে পেথিডিন।
ভেবেছিলাম যাব মেঝে পেরিয়ে :
ভেলকি দেখাচ্ছে আজরা জ্যাবিন
যদিও তাতে কোনো আপত্তি নাই _
জুজুৎসুর, বাবা, প্যাঁচ কঠিন!
গঞ্জিকাব্য
হৃদি উদ্ভাসিত হলো সোহরাওয়ার্দী পার্কে
এক কল্কি গাঁজা খাবার পর,
প্রতিটি যুগল নাচে কোয়ার্কে-কোয়ার্কে
অবিকল অর্ধনারীশ্বর।
সমস্ত উদ্যানে আমি ডমরু বাজিয়ে
গুঁজে দিচ্ছি অনঘ ত্রিশূল,
মেধাবী যুবকদল তামাক সাজিয়ে
হো হো হেসে মেটাচ্ছে মাশুল।
