খুনিকে তাক করে
অন্যেরা যখন পৃথিবী ও চন্দ্রের দূরত্বের মাপ শেষে, তার ভেতর বাহির নিয়ে গবেষণায় বসে;
তারা যখন পৃথিবীর পথ শেষে আকাশের মেঘ ফুরে, মঙ্গলের দৈর্ঘ্য, প্রস্থের হিসেব কষে;
দুনিয়ায় আলো পড়ে; আমাদের ঘরে কে অন্ধকার করে; সূর্য কি লিঙ্গ বৈষম্যের খপ্পরে পড়ে?
অন্যেরা যখন সাবমেরিনে ডুবুরি, তলদেশে জমিনের খবর করে, স্বপ্নের চাষবাস করে; প্রাণী ও
বৃক্ষের সাথে ঘর করে, আমরা কেন হাত পাকাই গাছ কেটে, পাখি শিকার করে? আমরা
সাগরের তলদেশ দেখি নৌকায় ফুটো করে? সে কবে কোন ভোরে নৌকায় ডাকাত পড়ে,
পিতারে খুন করে, সোনার ধান লুট করে? সেই ধানে পোক ধরে, পৃথিবী-পাল্লায় স্বপ্ন, কল্পনা
মাপজোখ করে; আমরা কেন দিন শেষে রক্ত ও কান্না মাপি অন্ধকার রাত্রিকে দীর্ঘ করে?
হকিং-এর কথায় মানুষের আশা ফেরে; কে কবে মহাকাশে কলোনি করে? কে তবে আমাদের
পাড়ায় ছুড়ি শান দিয়ে খতম কতল শপথ করে? কে তারা জমিনের সর্বনাশ করে মাইন পুতে
পকেট ভারী করে? কে তারা আমার বাঁচার পথে তালা মেরে খুনির পালাবার পথ প্রশস্ত করে?
চারপাশে বাড়াবাড়ি আর কেয়ামতের আয়োজন দেখে, বড় বড়্ কর্তাদের দুটো কথা বলি;
সমবেত সুধীমণ্ডলী, আমি কখনো বলি না, চাঁদে বা মঙ্গলে পাঠাও, তোমাদের জিডিপিতে
টান বাড়াও; আমি বলি না তোমরা আমাকে বাইক, গাড়ি, বাড়ি কিনে দাও; আমি বলি না,
প্রেমের অভিসার ঘর আলো জ্বলমল করে দাও; আমি বলি না, আমাকে জাতিসংঘে পাঠাও,
আমার কথা শুনে 'অধিকার ফেরি করা' এনজিওরা হই চই করুক ! তবে কেন পেছনে
পাগলা কুত্তা ঘোরে? কেন তারা বিষধর সাপ ছাড়ে? আমি বলি না, তোমাদের জিডিপি খরচ
করে আমাকে দুমুঠো চাল দাও; তোমাদের দালানকোঠায় একটু থাকতে দাও; আমি বলি কি,
দিন শেষে পাঠশালার পরে নিরাপদে ফিরতে দাও আমাদের কুড়েঘরে ! তোমরা আমার স্বপ্নে
হানা দিও না; স্বপ্নবান তার কুড়েঘরে, নালন্দা গড়ে, চন্দ্র সূর্য, মক্কা মদীনা, গয়া কাশি গঙ্গা
একসাথে করে; খুন হবার আগে জুলহাজ ও তনয় কথাগুলো বলে খুনিরে তাক করে|
