শাপলা সপর্যিতার কবিতাগুচ্ছ
লিখেছি হৃদয়
যে রাতে আমি উপন্যাসটা লিখে শেষ করলাম সে রাতে একটা বাজপাখি খুঁটে খেল চাঁদের জোছনা। রাতের অন্ধকার। আলো জ্বালিনি আর। আমি নিমগ্ন। ধ্যানে। সৃষ্টির উন্মাদনা আমাকে প্রলয়তাড়িত করে চলেছে। যাইনা ফুলবাগানে। সাজিনা কুঙ্কুমে টিপে। দু'খানি শাখা পড়া হাত আমার–উলঙ্গ ক্ষিপ্র অস্থির দশ আঙুল। ভেতরে আর এক উন্মত্ত অশ্ব। ক্রমাগত ধেয়ে চলেছে উত্তুঙ্গ প্রবাহে। তার ক্ষুরের আঘাতে আঘাতে ছিঁড়ে যাচ্ছে পৃষ্ঠার পর পৃষ্ঠা। ছিঁড়ে যাচ্ছে ইনিদ ইলিয়াড ওডিসি মেঘনাদ বধ আর আর যা যা আছে পৃথিবীর সব জটিল মহাকাব্য…
গালি, আহা জেসাস
সে বছরটার গণগণে সূর্য পাতার বাহার কড়ি ও কোমল
আমন্ত্রণ এবং গ্রহণ সবই বিমর্ষ
ধুমল বৃষ্টিতে আমি দৌড়ে পার হচ্ছিলাম একটা বিস্তৃর্ণ খোলা মাঠ
ছিল না কোন বর্ষাতি কিংবা বল্লম সাথে
ধুম্রঝড়ে উড়ন্ত পতাকাগুলোতেও বিঁধছিল গোলাপের কাঁটা
পেছন থেকে অর্জুনের তীক্ষ্ণ তীর বিদ্ধ করছিল আমার মসৃণ পিঠ
অগুণতি কাক চিল শকুন শেয়াল নদী নারী নাগিণী সাপিনী বিভ্রান্তি বিভ্রাট পেছনে সব।
আমি দৌড়াচ্ছিলাম দৌড়াচ্ছিলাম দৌড়াচ্ছিলাম …
একটা বছর আমি শুধু দৌড়েছিলাম কোথাও থামবো বলে ।
আমি নিতান্ত ভালোবেসেছিলাম দিগন্ত ফুল প্রজাপতি কবি ও কলম
কবিতাগুলোকে একীভুত করে নিবেদন করেছিলাম এক ছায়াবৃতের কাছে
ফুলগুলোকে বাঁধছিলাম নিবেদন করবো বলে
প্রজাপতিকে সাধছিলাম রং নেব আর দিগন্তকে চেয়েছিলাম
বিশালতা মাখবো শরীরে।
নতজানু জীবন অপার…ক্রুশবিদ্ধ করে দিল ছায়াবৃত নারী আর নদী
আর বলে গেল ''এভাবেই বিঁধে থাকো সারাটা জীবন''
বহু মানুষ এভাবে বিদ্ধ হয়ে আছে অনেককাল।
যেমন, ভিনদেশী এক সিরিয়াল কিলার খুন করবার পর
সযত্নে সাজিয়ে রাখে নিহতের মৃত শরীর কোন এক গুহার ভাঁজে
আর প্রতিদিন গুনে দেখে কতটা সমৃদ্ধ হলো তার খুনের ভাগাড়।
কিন্তু, আমি বিদ্ধ থাকলাম না প্রভুর কৃপায়
গোরখোদকেরা চলে যাবার পর কোন এক রবিবারে পুনরুত্থান হলো আমারও
আমি জীবন ফিরে পেয়েই প্রথম
চিবিয়ে গিলে ফেললাম কালের প্রবাহ থেকে আমার
কলুষিত অকর্মণ্য একটি বছর। আর হয়ে উঠলাম
শ্বাপদের মতো হিংস্র আদি'র মতো অসভ্য নিরাভরণ, ভুলে গেলাম
শোক আর সভ্যতা।
তাই তথাকথিত সূর্য প্রজাপতি নারী দিগন্ত কবি ও কলমকে খাস বাংলায়
গালি দিয়ে বলে উঠলাম ….
গালিটা অব্যক্ত থাক। তারচেয়ে বলি…
আহা জেসাস, আমি থেমেছি।
ডাহুক ডাকে নিঝুমপুরে
চাঁদের গায়ে জোৎস্নার আলো চুঁইয়ে দিলাম
পদ্যের গায়ে সত্যভাষণ জড়িয়ে দিলাম
তোমায় আরও নিবিড় করে পাইয়ে দিলাম
এখন তুমি কেমন আছ বল?
এক বিকেলের জড়িয়ে যাওয়া অঙ্গুরীয়
জলের বুকে কাঁপতে থাকা বাড়িটিও
অপেক্ষাতে নিভতে থাকা দিনের আলো
এখনতো আর জ্বালায়নাকো বড়ো।
দারুণ তোড়ে বাতাস এল তার সাথে যে ধূলিটিও
ধূলির সাথে স্বপ্নটিও শবের সাথে কাফনটিও
হারাওনিতো, কফিনটিতে জুড়ে দেবার পেরেকটিও?
এই তো পেলে বেঁচে থাকার আগুনটিরে, বল।
হৃদয় শিখায় প্রদীপ জ্বেলে ঝড়ের রাতে পথের শেষে
অনেক করে ভালোবেসে শূন্য ঘরে সুবাস ঢেলে
গায়ের রংটি আলো করে নিবিড় হয়ে একলা রাতে
কেউ তো এসে দাঁড়ায় কাছে, বল।
হাড় হা-ভাতের গদ্যগুলো মুখর সকল পদ্যগুলো
অঙ্গে জড়ায় শাড়িটিও, নাকছাবিটির বৈশাখিও
ঝড়ের গায়ে উড়িয়ে দিলাম। ভালোবাসার ক্লান্তিটিও
নিলাম করে, এখন তুমি ভালোই আছ, বল।
তবু কেন আঁধার দেখি তোমার চুলের অন্ধকারে?
ডাহুক ডাকে, ভরদুপুরে তোমার বুকের নিঝুমপুরে?
মুখের ছাঁদে মাতাল বাতাস কেমন যেন নেশায় টলে?
ভরা কলস হাতের কাছে তবু কেন সুরাখ ডাকে?
ডুব সাগরে আর, কতদূর যাবে, বল।
কাঠঠোকরার জীবন বৃত্তান্ত
এক কাঠঠোকরা। আজন্ম। ঠুকে চলেছে কাঠ। তার বাবা তার দাদা তার বাবার বাবাও কাঠ ঠুকরে বংশ-পরম্পরায় নিয়েছে কেবল স্পর্শগ্রাহ্য সুখ। বিনিময়ে গাছের গায়ে বাস করা কিছু পোকা ও মাকড় মিলেছে, খাদ্য, প্রাপ্তি । আর জীবনের একধারে পড়ে থাকা ইন্দ্রিয় সুখ।
সেদিন, কাঠঠোকরা এসে বসে এক চন্দনের গাছে। যতই ঠুকে কাঠ ততই বের হয়ে আসে সুবাস। মোহময় এ কোন নতুন! দশদিক্ বিদিশা ঘোর! ফেরাতে পারে না তার আঘ্রাণ। উড়ে উড়ে উড়ে চলে উদাসীন পথরেখায়। ফিরে আসে ফিরে যায়। বোঝে না গাছের হৃদয়। চেনে না হৃদয়ের ঘ্রাণ। জানে না তার চোখের জল।
ওদিকে প্রখর অগ্নিদেব। ঘনঘোর পবন, পিয়াসু। চিতায় জ্বলে ওঠে তার রোষ। চর্চিত বধু শুয়েছে সেজে কুঙ্কুমে। আগুণের লেলিহান শিখায় লকলকিয়ে ওঠে চন্দনের ঘ্রাণ। পাখি উড়ে চলে। সুতীব্র নেশায়। ডানায় ক্ষীপ্র গতি। মোহমন্দ্রিত শরীর। বাইচান্স মিস করে অভিকর্ষ ত্বরণ। মহাকর্ষ তীব্র অস্থির তখন। ভীষণ চন্দনের ঘ্রাণে ছিটকে এসে পড়ে চিতায়। পুড়ে খাক্ হয়। আর তখনই জানতে পারে জীবন জীবন কাঠ ঠুকে ঠুকে পার করা। ছিল খুব সহজে পাওয়া ঠোঁটের সুখ । হৃদয় বাজে না সেখানে। চন্দনের সুবাস, হায় আহত বৃক্ষ। মরণের কালে জানা হলো বুঝি তার সব, হৃদয়ের ভাষা! কঠিন সত্য এ যে। অতটা সহজ নয় জানা …
ভেতরে মিলিয়ন মিলিয়ন কুকুর
আমার কুকুর। প্রভুভক্ত। আমিই তার প্রভু
দুপুরের রোদে যখন ডাহুকের বুকে উথলে ওঠে দুঃখ
আমি তখন গাছের নীচে। ছায়ার তলে। গভীর ঘুমে।
আমার অ্যালসেসিয়ান চাটছিল প্রভুর গাল
আদরে সোহাগে। আমি আরও ঘুমে অকাতর। অলস বিবশ
কখন যে তার ধারালো জিহ্বার আঁচড় একটু একটু করে
ক্ষয়েছে আদর। জানে না এই দুপুর কিংবা ছায়া।
এক দুই তিন বিন্দু বিন্দু করে ফুটেছে গালে
নক্ষত্র আমার। তাতেই জেগে ওঠে শ্বাপদ।
কুকুরের নখে আর দাঁতে। চিরকালের আসক্তি
অসভ্যতা মানবের আর দানবের।
নাকি মীমাংসিত সভ্যতা!!
লোভে চকচক করে ওঠে তার চোখ
আমার শেখানো পোষাকি জৌলুষকে
দেখায় লকলকে জিভ।
তার পরের সংবাদ এই…কুকুরটা
তার প্রভুকে কামড়ে দিয়েছে। কোন
প্রতিশেধক কাজ করছে না। প্রতিরোধকও ছিল না কোন ।
কারণ প্রভু যে কুকুরকে বিশ্বাস করেছিল
অর্থাৎ আমি কুকুরটিকে ভালোবেসেছিলাম।
কুকুর আমায় ছাড়লো না। জলাতঙ্ক হয়ে গেল।
এখন শুধু, ভেতর থেকে মানুষ ঠেলে
বের হয়ে আসতে চাইছে কুকুর। শত শত
মিলিয়ন মিলিয়ন কুকুর।
খুলে দাও প্রভু পাপের প্রহেলিকা
জন্মেছিলাম অগ্নি উপাসনায়
আমি এক সনাতন। মরেছি, যখন সধবা।
স্বামী সোহাগে হাতে শাখা পায়ে আলতা রাঙা
সিথিতে সূর্য সিঁদূর লয়ে চন্দন চিতায় উঠেছিলাম
গর্বিত কুলবধু।
জন্মেছি আবার ।
আয়াতুল কুরসির সুরে। ভোরের প্রথম প্রহর জাগি।
৩০ টি রোজা জানান দেয় কবে যেন
স্বামীর মঙ্গল কামনায় একাদশীর চাঁদে
করেছি নিয়ত উপবাস।
দিন কাটে না আমার
রাত কাটে না।
জন্ম জন্মান্তর এক হয়ে বাজে। আমি দ্বিজ মানব।
পরজন্মে শেয়াল শকুন না হয়ে হলাম মানুষ।
ভালোবাসলাম। পূর্বাপর জন্মে তাই কর্মফল এক।
মানুষ এবং মানবী
মানবী আর মানুষ।
কেন যে তোর রক্তে ঢুকে পড়েনি কালসাপ
কেন রে তুই সিঁদ কাটিসনি অপরের ঘর
সম্ভোগে ভাসালি না কেন দেহতরী লীলা
জন্মান্তরে তবে হতি শুকুন কি গুবরেপোকা।
এক কালঘুম জেগে থাকে অনন্তর জীবনে আমার।
হায় ভগবান খোদা ঈশ্বর প্রভু
কবে আর হবে কর্মফলে পাপের দোসর
নশ্বর হবে সব অনশ্বর পদছায়া
প্রভু, খোল প্রহেলিকা। স্খলিত হোক বসন
ক্লেদে বিষাক্ত হোক পরকাল। কামে ভোগে উপভোগে মর্মরিত
হোক প্রহ্লাদ আকাঙ্খা হোক জর্জর
কাক চিল সাপ শকুন বৃক্ষ পাতা কিংবা ঘননীল মেঘ হই একবার।
প্রভু ভালো না বাসি কারে আরবার
মানুষ কিংবা মানবী না হই। আর কোন জনমে আবার।
