২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাইফুল্লাহ মাহমুদ দুলালের গুচ্ছ কবিতা

saifullamahmud_dulal

Published : 27 Apr 2016, 10:31 PM

Updated : 02 Sep 2022, 08:36 PM

ভাইফোঁটা

তোমার বিভিন্ন অঞ্চলে, তোমার পাতায় পৃষ্ঠায় চাপাতির চাকচাক রক্ত! তুমি রক্তমাখা গ্রন্থ। তুমি রক্ত দিয়ে পরেছো সিঁদুর, পরেছো রক্তের টিপ! তোমার নম্র-নরম হাতে রক্তে আঁকা মেহেদি, নখে রক্ত রঙের লাল নেলপালিশ। পায়ের পাতায় লতানো রক্তাক্ত আলতা!

সেই সম্পর্কের রক্ত স্পর্শ করে রক্ত দিয়েই দীপনের কপালে দিলে বিদায়ী ভাইফোঁটা!

ভ্রমণ

নায়াগ্রা যাবার পথে বিদেশি গ্রাম। টিম হর্টনস। খামারবাড়ি। কোথাও শর্ষে ক্ষেত দেখি না।
শীতল অরণ্যে আপেল গাছ, পাতার আড়ালে শুধু নারী আপেলের নিমন্ত্রণপত্র
ঘন কুয়াশার বদলে গাঢ় স্নো'র ছড়াছড়ি, শীতমাত্রা শৈলপ্রপাতে মাত্রাহীন মাইনাস।
সাপের শরীরের মতো সড়কের দু'পাশে চারপাশে নীলজল, জলপরীদের জলকেলি
মানব গন্ধে জুম-যুবতীরা ছায়া ফেলে মিলিয়ে গেলো স্নো-কুয়াশায়। এখনো কাঁপছে জল!

এখানে ক্যানাডিয়ান সন্তু লারমা নেই। আছে শুধু আদি আপেল, আদিবাসী গেরাম,
জুম-চাষ নেই। তিনদিকে আঙুরবাগান। আঙুরফল টক। রক্তলাল ওয়াইনে উষ্ণতা
হোম মেইড চাই-দোচোয়ানি, তালের রস, খামারবাড়ির এক গেলাস মাতাল শর্ষেফুল…
জলের পাশে রাস্তা শুয়ে থাকে। দাঁড়াতে বা বসতে পারে না। শুধু ভ্রমণ ধারণ করে।

পাখিখেকো সাপ

রাখলের ভূমিকায় আমিও ফিরবো কোনো এক সন্ধ্যায়।
রাতের কেন্দ্রবিন্দু নাভি থেকে সাপের পায়ে নেমে যাবো জলসিঁড়ি ঘাটে
গৃহপালিত জোছনা হয়ে ঘুমাবো গৌর নদীর জলচকিতে।

সাপের ভাষা অনুবাদ করলে শুধু বিষ নয় অসুধও পাবে।
অলস মহিষের পিঠে পাখিদের সংগম দেখে বিশ বছরের রাখাল বের করেছিল সাপের বিষ।
হাসনাহেনা ভালোবাসে সাপ; জোছোনায় পাখিখেকো সাপ গাছে গাছে শিকার খোঁজে!

Image
Flag Counter