কামরুল হাসানের পাঁচটি কবিতা
প্রতিচ্ছবিময় প্রান্তরের প্লেটে
প্রতিচ্ছবিময় এক ট্রেন ভীরু পালাই দুর্দিনে
ঘুর্ণমান প্রান্তরের প্লেটে রিক্ত, সরু বরবটি
চামচে সরিয়ে নাও মেহগনি দৈত্যমান ভয়
ঈশ্বরের দীপ্রচোখ খুলে লাগাই কোটরে।
আগুয়ান যৌথপথ, যাত্রারীতি একই উত্তরে
তোমার পলায়নপর পায়ের ফর্সা ছাপ অতনু
পাহাড়ের তলপেটে নীবিবদ্ধ নদীদের আয়ু
অহর্ণিশ ছুটে যাও বায়ুমত্ত প্রবল দক্ষিণে।
পতাকার মত ওড়ে ধোয়া শান্তি বিদ্রোহের
এসো পাশে বসো, নম্রমাঠ হলুদ সাবেকী
এইমাত্র সবুজেরে পাল্টালো একঘেয়ে নীলে
গীতল আচ্ছন্ন ঘুমে দ্বিধাময়, প্রশান্ত পাতাটি।
কেশরে দোলাও সখী নধরাক্ষী সপ্তর্ষির ফুল
অতন্দ্র চক্করে নামো অভাবিত, অনিত্য বকুল।
শাদা অ্যাপ্রন সুভদ্র করিডোরে
শাদা অ্যাপ্রন সুভদ্র করিডোরে আর্তধ্বনি তোলো
বিষম খেয়েছে বালক, বালকের লাজুক জিজ্ঞাসা
শুশ্রুষা তোমাতে বাহিত, প্রতিপ্রায় প্রবাহিত খোলো
পরাহত করে আজো যে বাক্যের তুমুল মনীষা।
ধুন্ধুমার লেগে যায় সেবা, মুগ্ধ সেবার স্নিগ্ধতা
পরাগ লেগেছে বুঝি দাগকাটা শিশির অতলে
এ অবোধ্য সিঁড়িঘরে শব্দ তোলে কে, কবিতা?
হাইহিল ছন্দঢেউ বাতাসের পূর্ণ চাতালে।
অনুরাগে বিদ্ধবাহু, আরো কিছু সূঁচের নমিতি
রেখে যেও তেতো স্বাদ, পুরো দাগ, ঠিক ঠিক খাবো
অরূপ রাতের দাঁত প্রায়ান্ধ জন্মের জ্যামিতি
তুমিই শেখালে সব, অনুস্বাদ দীর্ঘদিন পাবো।
কল্পপ্রায়, তুমুল ইচ্ছার সাথে কেঁদে ওঠে প্রাণও
শাদা অ্যাপ্রন, শাদা অ্যাপ্রন, কান্না তুলে আনো।
রতিপাথরের দেবচিত্রখানি
অকুণ্ঠ আর মুঠোযোগ্য হাতকে হাসিয়ে
ব্রহ্মনিতম্বখানি গৈরিকের উপর বসালে,
স্তব্ধ বাসরে দ্রুত জলোচ্ছ্বাস হয়
মৌনবাষ্পধ্বনি রেণুপাখা কখন উড়ালো?
দেবযানী রতিপাথরের গাত্র ভেঙ্গে আনা
রেণুচর্চিত পাখাখানি দেয়ালে চিত্রিত
এ ঘর নির্জন অরণ্য নয়, তবু সে তামাশা
হাস্যপ্রবণ কাঠামোকে মৃদুবৈচিত্র্যের দিকে নিয়ে যায়।
খুলে দেয়া জোড়া রাজহাঁসে মনঃস্তাপ আর বৈকুণ্ঠ ফেরায়
অনেক ঘাগরাস্তর শেষে তবু যেমন পর্দা রয়ে যায়,
অশ্বারোহনের পথে অশ্বখুরধ্বনি দিগন্তে সওয়ার
রতিপাথরের দেবচিত্রখানি মুহূর্তে ফিরে যায়
হাওয়ায় পাটাতন হতে ফিরে আসা ধ্বনিগন্ধ যেন।
বন্দরের গণিকারা
বায়ুকুণ্ডলীর ভেতর ঘূর্ণি খায় সাদা ও গৌরব
ভূতগ্রস্থ নীলিমা কপাটে, উড়ে আর উড়ায় সম্ভার
দৃষ্টির মনিবিন্দুসহ, নাবিকের শঙ্কাস্বভাবে
বহুতলে বর্ণায়িত, আদি-মধ্য ভূমির বিলাপে।
শোভন নমিত ক্ষীণ, আকাশের উচ্ছ্বল মিনারে
কান্না তার হীরক পারদ, ঘূর্ণায়িত রোমে শ্লথ রাত
পালকের স্বচ্ছল খাটে, আদিগন্ত জ্যোৎস্না সাঁতারে…
তুলে আনে সৌরভ চূঁড়ায়, নাক্ষত্রিক প্রতিবেশে
উজ্জ্বলিত দেহকূপে ঘনদাঁত তারার পাড়ায়;
পৃথিবীর বহুঋণ এইভাবে অসতী ডানায়
গেঁথে নিয়ে অবিশ্রান্ত মানবিক স্বরে
ভূমধ্য জলের সিঁড়ি, অতলান্ত, প্রশান্ত নাভীতে।
অবহেলার একজন
বৃক্ষাবলী আমাকে নিলো না,
হাওয়া চলে গেল ভ্রূক্ষেপহীন তেজে
স্পর্শাতীত দূরে পাহাড়ের ঠাঁই
সমুদ্র দেখায় তার অকূলের ভয়।
২.
যূথবদ্ধ মানুষের গাঁয়ে ঘুরে ফিরি অনার্য ফেরারী
অনুপল জল খুঁড়ে খুঁড়ে তৃষ্ণাপিষ্ট অধীর চাতক।
যাই বৃষ্টি, মেঘপর্দা, যাই দীর্ঘ শ্রাবণের বাহু
অস্নাত ও দিকভ্রান্ত, যাই, আমাকে নিলে না কেউ
নীলবৃক্ষ, লালগ্রাম, মুক্তপ্রাণ হলুদ সবক।
৩.
আমাকে কি উদ্ধার দেবে তোমার বাহুতে?
উপবৃত্তে ওরা গড়ে সঙ্গময় তামাশা মন্দির,
কেবল তাড়ায় ঘুম, অনুপুঙ্খ ওড়ায় মদির
লীলালাস্য, কলকণ্ঠ, ইচ্ছাময় যেভাবে ফুটেছে…
৪.
উদাসীন পৃথিবীতে বড় বিপণ্ন আছি!
