২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাজু আলাউদ্দিনের একগুচ্ছ কবিতা

রাজু আলাউদ্দিন

Published : 15 Apr 2016, 10:11 PM

Updated : 23 Jun 2022, 04:03 PM

অসংখ্য মৃত্যু নিয়ে আমার জন্ম হয়েছিল

অসংখ্য মৃত্যু নিয়ে আমার জন্ম হয়েছিল।
মৃত্যু ছিল আমার ঘনিষ্ঠ সহোদর।
আমার রক্তের স্রোত নিয়ে তারা ছুটে গেছে পৃথিবীর বিভিন্ন দেশে।
তারা এতটাই কাছাকাছি ছিল, তারা এত বেশি ঘনিষ্ঠ ছিল
মনে হতো প্রেমিকের মতো তারা পেছন থেকে কাঁধের বাদিক দিয়ে
আমার কপোলে চুমু খেতে চায়।
মৃত্যুগুলো প্রায় পোষ্য বেড়ালের মতো আমার কাঁথার নিচে শীত রাত্রে কাটিয়েছে পরম আরামে।
মৃত্যু ক্রমে, ধীরে ধীরে আমার প্রেমিকা হয়ে উঠেছিল এই ছোট্ট একাকী জীবনে,
অবসরে শুনাতো সে ঠাকুরের গান:
তুহুঁ মম শ্যাম সমান।
আমি বুঝতে পারিনি, মড়কের মতো অসংখ্য মৃত্যু আমার সাথে ভূমিষ্ঠ হয়েছিল এই পৃথিবীতে।
এইসব মৃত্যুগুলো এত বেশি বলীয়ান ছিল, এইসব মৃত্যুগুলো দলে দলে এত বেশি বড় হয়ে গেছে; আমি ক্রমে হয়েছি একাকী।
এসব মৃত্যুর চাপে আমার জীবন ক্রমে ছোট হয়ে গেছে।

আমার মৃত্যুগুলো নিয়ে কিছুদিন আগে বিশাল বিশাল সব প্রদর্শনী হয়ে গেছে ইরাক, তুরস্ক ও আফগানিস্তানের বড় বড় গ্যালারিগুলোয়।
এগুলোর উদ্বোধন করেছিল মার্কিন প্রেসিডেন্ট আর তার নাতিদীর্ঘ মুখবন্ধ লিখেছিল জাতিসংঘের মহান সচিব।
বেশ কিছু মৃত্যু আমি গোপনে বিক্রি করে দিয়েছি সাংসদ ও মন্ত্রীদের কাছে।
থানায় থানায় আমি কিছু মৃত্যু বিক্রি করেছি চড়া দামে।
আরও কিছু মৃত্যু আমি ছড়িয়ে দিয়েছি আমাদের ব্যস্ত সড়কে।
এইসব মৃত্যুগুলো আমাকে বাঁচিয়ে রাখে প্রতিদিন।
আমার মৃত্যুগুলো জ্যামিতিক হারে ক্রমে বেড়ে যেতে থাকে দেশে ও বিদেশে।
আমার মৃত্যুগুলো ঘুমে ও নিদ্রায় আমাকে ক্লান্ত করে শুধু।
সুজলা সুফলা মৃত্যুতে ভরে গেছে আমার হৃদয়।

অপর-প্রবণ

কেন পর-নারীতে আমার এত লাল আর গোলাকার লোভ জেগে ওঠে?
কেন সাদা নারীতে আমার লোভ পুঞ্জীভূত হয়ে ওঠে শরণার্থী মানুষের মতো?
কেন নিজের জায়ার চেয়ে অন্য নারীরা বেশি প্রিয় মনে হয়?
কেন নিজের দেশের চেয়ে অন্যদেশ বেশি লোভনীয়?
কেন মেঘ চলে যায় দূরে, আরও দূরে তার উৎসভূমি ছেড়ে?
কেন অবৈধ সঙ্গম ছাড়া সুখ নেই কোনো?
কেন অপরের দৌলতে বাসনা প্রবল হয়ে ওঠে?
কেন ধর্মের চেয়ে আজ অধর্মে আমার প্রাণ মুক্তি খুঁজে পায়?
কেন মন ওঁৎ পেতে বসে আছে অন্য নারীর প্রত্যাশায়?
কেন মন মজে আছে অন্য কবির কবিতায়?

হে পাঠক, মহাত্মন, অপর-প্রবণ
আরও কিছু খোলামেলা বলবার কথা ছিল এই কবিতায়
তুমি তা একাকী লিখে নিও
দোসর যমজ ভাই আমার।

প্রেমের যমজ কবিতা: অভিন্ন আলাদা

প্রথম প্রথম আমি 'প্রিয়তমা' বলে তাকে জানিয়েছি আমার আবেগ,
ভালোবাসা ক্রমাগত প্ররোহী পথের মতো বিস্তৃত হতে থাকে বলে,
এখন কী করে আর এক নামে ডাকবো তাকে, বলি 'তুমি,
তুমি যে শতধা। তুমি অগ্নি, তুমি ঐ নিঃসীম অম্বর, তোমার কথারা সব ভাষাতীত অতিরিক্ত ঢেউ।'

আমার আবেগ তাকে জানিয়েছি 'প্রিয়তমা' বলে আমি প্রখম প্রথম,
কিন্তু প্রেম বিস্তৃত হতে থাকে প্ররোহী পথের মতো তাই
কী করে ডাকবো তাকে এখন শুধুই এক নামে, বলি,
' তুমি যে শতধা। তুমি অগ্নি, তুমি ঐ নিঃসীম অম্বর, তোমার কথারা সব ভাষাতীত অতিরিক্ত ঢেউ।'

পরিচিত যত নাম, যত বিশেষণ একে একে জড়ো হলো স্বেচ্ছাবিলাসে।
তিনটি ভাষার প্রিয় অপ্রিয় শব্দে ডেকে ডেকে হৃদয়ের সিংহাসনে বসাতে
চেয়েছি আমি তাকে, কিন্তু আমার জানা সকল শব্দের চেয়ে আরও বেশি অতিরিক্ত বলে সে আমার নাগালের বাইরে থেকে যায়।

স্বেচ্ছাবিলাসে ক্রমে জড়ো হলো পরিচিত নাম আর বিশেষণগুলো
তিনটি ভাষার প্রিয় অপ্রিয় শব্দে ডেকে ডেকে
বসাতে চেয়েছি তাকে হৃদয়ের কোমল আসনে। কিন্তু আমার জানা সকল শব্দের চেয়ে অতিরিক্ত বলে সে আমার নাগালের বাইরে থেকে যায়।

তারপর আমি তাকে সীমা আর প্রথা ভেঙে ডেকেছি জননী, কারণ তার মনোজরায়ুতে আমি দেখেছি আমার অঙ্কুর।

তার মনোজরায়ুতে আমার সবুজ অঙ্কুর
জন্ম হয়েছিল বলে আমি তাকে সীমা আর প্রথা ভেঙে ডেকেছি জননী।

তারপর আমি তাকে বলেছি আত্মজা, কারণ আমার প্রেমের ঔরসে তার ভ্রূণ জন্মাতে দেখেছি।

আমি তাকে প্রথা ভেঙে আত্মজাও বলেছি , কারণ আমি জন্মাতে দেখেছি তার ভ্রূণ
আমার প্রেমের ঔরসে ।

যখন আমার সব শব্দ, অভিধা ও বিশেষণ শেষ হয়ে গেল
তখন সে অসীমের বোধ নিয়ে চলে গেল অন্য এক প্রেমিকের সাথে।।

এইভাবে আমরা পরস্পরকে জন্ম দিয়েছি। কিন্তু আমার দেয়া সব নাম উপচে সে ক্রমাগত বেড়েছিল আমার প্রেমের পলি পেয়ে।
তারপর ধীরে ধীরে আমি সব নাম ছেড়ে এগিয়ে গিয়েছি তার দিকে নৈঃশব্দের বোবা-কৌশলে, তাকে আমি পুরোপুরি হাতে পাব বলে।
তারপর আমি তাকে স্পর্শের আগুন দিয়ে ঝকঝকে করে তুলতে থাকি, বলি, 'তুমি ভাষার অতীত।'
তারপর আমি তাকে শৃঙ্গারের ঢেউ দিয়ে বানিয়েছি অসীম দরিয়া। বলি তাকে, 'তোমার দরিয়া-দর্পনে আমার শব্দাতীত অম্বর শীৎকারে প্রস্ফূটিত হয়।
তারপর আমি তাকে বেধেছি আলিঙ্গনে সঙ্গমের তীব্র কামনায়: চর্ব্য, চোষ্য, লেহন ও দংশনে তার দেহ নক্ষত্রের মতো জ্বলে উঠেছিল।
যতসব অভিধায় আমি তাকে ধরতে চেয়েছি, তারচেয়ে আরও বেশি অনুচ্চারণে তাকে পেয়ে গেছি পরিপূর্ণ রূপে।

সময় ছিল না

সময় ছিল না বলে ভালোভাবে ভালোবাসা হলো না তোমাকে,
সন্তান স্বজন আর দেশকে তুচ্ছ করে যে-প্রেম তোমার জন্য গড়ে উঠেছিল
সময়ের অভাবে তা ফিরে গেছে তাদের কাছেই ।

ইতোপূর্বে আর্টস বিভাগে প্রকাশিত রাজু আলাউদ্দিনের কবিতা:
ধর্মাশ্রয়ী কোপ