২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রণম্য পাণিণি ১৪২৩

মুহম্মদ নূরুল হুদা মুহম্মদ নূরুল হুদা

Published : 14 Apr 2016, 02:21 AM

Updated : 02 Sep 2022, 08:36 PM

Image
02_boishakh_mongol-sovajatra_140415_0020.jpg

শুরু নেই শেষ নেই। খণ্ড ও অখণ্ড নেই ॥
আছে শুধু অনন্ত দহন। আছে শুধু অনন্ত গহন ॥

বস্তুর গভীরে আছে অবস্তুর কণা।
গতির গভীরে আছে যতিলগ্ন ফণা ॥
জল বলে, আমি ঢেউ। নদী বায় দাঁড়।
জলেস্থলে নভোনীলে আমার পাহাড় ॥

কাল থেকে কালান্তরে এভাবেই হাঁটি।
আমার বাঙালি চুলে সিঁথি পরিপাটি ॥
বাহারি গামছাখানি বেঁধেছি মাথায়।
নগরে মুখোশ মুখে নববর্ষ যায় ॥

কৃতি ভেঙ্গে এভাবেই নতুন সুকৃতি।
কেউ বলে উদ্ভাবনী, কেউ-বা বিকৃতি ॥
তাইকি পান্তার থালে পুঁটি বা ইলিশ।
সুযোগ পেলেই তুই পাতে তুলে দিস ॥?

এভাবে বদলে ফেলে ধানদুর্বা-রুচি,
লোমশ তোয়ালে মেলে গ্রীষ্ম-ঘাম মুছি ॥
আলপথে গলিপথে হাঁটি খালি পায়।
উলুকঝুলুক চিত্ত নৃত্যপর নায় ॥

বাদ্য বাজে খাদ্য সাজে নানান বরণ।
ব্রহ্মাণ্ড ভ্রমণ সেরে হরেক ধরন ॥
এনেছি বরণ করে তুমুল তামাসা।
সঙ্গে আছে বাঙালির বাহারি বাতাসা ॥

রাক্ষস-খোক্ষস আছে, আছে দৈত্য-দানো।
হালখাতা হালতক চলমান, মানো ॥
মিল আছে মিশ আছে, কোথাও নালিশ।
সরস মিঠাই মুখে কোথাও শালিশ্ ॥

গান গাই, পান খাই, জান আঁশনাই।
হালের বলদ নাই, চাষাবাদ নাই ॥
লেখালেখি দেখাদেখি মুখে, ফেসবুকে।
হরিষে বিষাদে তবু বাঙালিরা সুখে ॥?

তাগড়া বাহুর সাথে সেয়ানা বগল।
বিলঝিল নদীনালা দরিয়া দখল ॥
সাঙ্গ করে গড়ে তুলি নিজের নগর।?
বাঙালির ঘর আজ বিশ্ব চরাচর ॥

সতত সচল যদি, প্রচল মানিনি।
আমার প্রণম্য আজো অদম্য পাণিণি ॥

খসড়া ৩০ চৈত্র ১৪২২/ ১৩ এপ্রিল ২০১৬

Image
Flag Counter