২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আনিসুর রহমানের দুটি কবিতা

আনিসুর রহমান

Published : 11 Apr 2016, 07:20 PM

Updated : 23 Jun 2022, 04:03 PM

নাজিমউদ্দিন ঢলে পড়ে সূত্রাপুরে

দিন যায়, প্রশ্ন দীর্ঘ হয়, ভাবি মা'র কাছ থেকে জানা যেতে পারে সকল উত্তর;
দিনে দিনে দৃষ্টি ঝাপসা হয়ে আসে, হাত-পা অবশ হতে থাকে–শরীরে কাঁপুনি বাড়ে;
তার দৃষ্টি বাড়ে, গতি বাড়ে, আমি যত পেছনে, সে ততো আগে চলে হুড়মুড় করে;
ওর আর আমার জন্ম তো একই বছরে, একই প্রহরে; মা যে কতো বিপদ পাড়ি দিল!
আমাদের পেটে করে, আহা, সে কী সময় ছিলো–মা তো সেদিন বললো গর্ব করে–
সর্বাঙ্গে রোগের ছড়াছড়ি–করে শুধু আহাজারি–ভালো মতো চিকিৎসার নেই টাকা-কড়ি;
সে ভরসা আজ কেমনে যে করি? রক্তচোষা ডাক্তার, পুলিশের অসম্ভব বাড়াবাড়ি;
আজরাইল যেভাবে কাজ ভাগাভাগি করে–কত দুঃশ্চিন্তা মাথায় ভর করে– ভয় বাড়ে;
আমার প্রশ্নও বাড়ে; আমি যতই পেছনে পড়ি, সে ততো এগিয়ে যায় হড়হড় করে;
কান বন্ধ হয়, চোখ অন্ধ হয়–তার ছায়া বড়ো হয়–কিছুই শুনি না দেখি না তাহারে;
আমি কিছুই বুঝি না–হাওয়ায় মিশে যায়, দূরে ছায়া নড়েচড়ে, ধূলায় লুটিয়ে পড়ে।
দিনের আলোও দূরে অন্ধকারে ছায়া গিলে খায়– মোড়ে মোড়ে নগরের দরোজায়
খরচৈত্র দাবদাহ দিনে–ধুলোবালির এ পথ কেনো স্যাঁতস্যাঁতে হয়ে যায়–
অদূরে দাঁড়িয়ে পথের উপরে মা-যে চিৎকার করে– হায়, আমার বুকের ধন
ছেলেটারে ছুরি মারে, গুলি করে– এ কথা কী করে মানে রে মায়ের মন?
দিন যায়, প্রশ্ন দীর্ঘ হয়– সহোদর নাজিমউদ্দিন ঢলে পড়ে সূত্রাপুরে…!

কে কার খেলাঘরে

কল্পনায় জগতকে বন্দী করো, পোকা ও পাখির লেজে লেজে ঘুরো
তালগোল পাকিয়ে ট্রাফিক সঙ্কেত ভুলে গাড়ি চাপা গেলে, পা ভাঙলে
বেশ তো এতো কাজ দুনিয়াদারি ব্যস্ততা ফেলে, এটুকু ফুরসত পেলে
চার দেয়ালের ঘরে একুরিয়ামে মাছের খেলা দেখে, বালক একমনে বলে
বেচারা মাছ, বন্দী জীবন, থাকো বন্দী জলে, বুঝবে সব একবার মুক্ত হলে!

বালকের কথা শুনে মাছে কয় তুমিও যে বন্দী খাঁচায়, খেলিছ খেলা
কার খেলাঘরে, জল মাঠ সবুজ কল্পনার আকাশ ফেলে, কোন বেলা?
অঙুলি স্পর্শে ছবি আসে ছবি যায়, ভাবো হাতে যাদু পেলে, এ কালে
ছবি নাচে হাসে খেলে ওড়ে, মিলে যায় মিশে যায়, কার ইশারায়?
জগতে কার ভুলে কল্পনার শৈশব হারালে নগরের কোলাহলে?

বালক মাছ কথা কয়, কে কার পুতুল, খেলে খেলা কার খেলাঘরে?
কে কার খেলা দেখে? কে সে যাদুকর সাগরকে একুরিয়াম করে?