২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যান্টিনর

rezauddin_stalin

Published : 01 Apr 2016, 07:52 AM

Updated : 23 Jun 2022, 04:04 PM

বিশ্বাসহন্তা হও, বিশ্বাসঘাতক হও হে অ্যান্টিনর
দ্যাখো না মীর জাফর
বেঁচে আছে বঙ্গদেশে,
ছদ্মবেশে
যদি যাও পলাশীর প্রান্তরে কখনো;
দেখবে তখনো
মদন ও মোহনলাল
কী বিশাল
শালপ্রাংশুবাহু নিয়ে লজ্জায় শায়িত;
আর পরাজিত
নবাব সিরাজ
বিশ্বাসের মূল্য দিয়ে অনুতপ্ত আজ।
হে অ্যান্টিনর,
ওষ্ঠাধর
প্রকম্পিত ক্যানো, ভয়ের কারণ নেই,
যাবে যেখানেই
দেখবে তোমার আত্মা চতুর্দিকে ক্রমজাগরিত;
তুমি চিরউচ্চারিত
বঙ্গদেশে ঘরে ঘরে প্রতিভার মতো;
বর্ণনায় ক্রটি হলে ক্ষমা করো ওহে সম্মানিত।