রফিক আজাদ স্মরণে
মুক্তিযুদ্ধে মাঠে ছিলে, করেছিলে মুক্তির সন্ধান;
মনন-কাঙ্ক্ষিত মুক্তি পাও নাই। তাই অভিমান
করেছিলে;বলেছিলে, 'সুতোর ওপারে' চলে যাবে;
'সুতোর ওপারে' আছে সাম্যবাদ। 'স্বাধীনতা' পাবে;
যেহেতু এপারে তার হয় নাই কৃষি চাষাবাদ;
সলজ্জিত মুক্তিযোদ্ধা, অভিমানী রফিক আজাদ।
বসন্ত কোকিলে ছেয়ে গেছে দেশ, স্বার্থমগ্নতায়
আচ্ছন্ন হয়েছে এর রাজধানী। পাড়ায় পাড়ায়
মুল্যবোধে ছোঁড়ে গুলি ঘাতক পাতক খুনে পাপী;
স্নেহ-ভালোবাসা, আশা-স্বপ্ন-সাধ রোদন-বিলাপী
মিথ্যুকের ধর্ষণের লাজে দুঃখে! সত্য দুঃসংবাদ!
'সুতোর ওপারে' খোঁজে 'স্বাধীনতা' রফিক আজাদ।
