হানযালা হানের তিনটি কবিতা
ছায়া
বিড়ালছানা ভোরের রোদে খেলছে নিজের ছায়া নিয়ে। বেলা বাড়ে ছায়া ছোট হয়; ভীত চোখ বিড়ালছানার। দুপুরে ছায়াটি ঢুকে যায় ছানার মধ্যে। ছায়া দেখার জন্য বিড়ালের সেকি লাফালাফি! একটি বাচ্চা প্রসব করে সে।
সূর্য পশ্চিমে হেলে গেলে ছায়াটি আবার বড় হয়। বিড়ালের ভেতর থেকে বেরিয়ে সে ধীরে ধীরে দূরে চলে যায়। ছায়ার এই বেড়ে ওঠা সর্বশক্তি দিয়ে থামাতে চায় বিড়াল। কিন্তু ছায়াটি তার সঙ্গে শত্র"তা করে। সূর্যাস্ত হলে ছায়া হারিয়ে যায়।
সময়বীজ
সময় এক সুগন্ধি বারুদ; একটা হলুদ বাগান ভুল করে ঢুকে পড়ে তারাদের ছায়াপথে; চাঁদ ওঠার আগে কপালে গালে চিবুকে আলতা মেখে মেহেদি গাছের তলায় দাঁড়িয়ে বিয়ের গীত গায় কনে, জোয়ার আসার আগে নদীর তীরে কাস্তে হাতে পানি কাটার কেচ্ছা বলে বর;
জগৎ পিষে চলে অবিরাম সময়বীজ; হাজার চিন্তার মধ্যে এক দলছুট পুরুষ মৌমাছির মনে পড়ে রানির কথা; আহা, ধবধবে সাদা এক ঘোড়া কেশর উড়িয়ে ছুটে চলে গভীর বনের দিকে;
স্থির আর অস্থির– পাটা আর শিল, এই দুই বিভ্রমের মধ্যে জীবন এক সুগন্ধি ফুল।
শিকারবিদ্যা
রোদের দিকে তাকিয়ে চোখে বিভ্রম অথবা অনেক পথ ওড়ার পর না খেয়ে থাকার ক্লান্তি অথবা পূর্বপুরুষের শিকারবিদ্যা ভুলে সাদা বকের দুই ঠোঁট থেকে একটা মাছ পড়ে গেল;
ঘুঘুর চেয়েও চতুর কোনো ফাঁদ অথবা মিসরীয় রূপসীর কোনো পিরামিড অথবা মিথের দেবীর রতিবিদ্যা ভেবে আমরা রক্তে বাণ মেরে শিখে নিই নতুন কোনো জাদু;
একটা ভোমর ভনভন উড়ে চলে অথবা একটা ইঁদুর রাস্তা পার হয় অথবা চন্দ্রগ্রস্ত পৃথিবীর তাবৎ নারী মৃত নদীর মতো পড়ে থাকে।
