২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পুলক হাসানের কবিতা

পুলক হাসান পুলক হাসান

Published : 02 Feb 2016, 11:04 AM

Updated : 23 Jun 2022, 04:04 PM

শীত

ঠাণ্ডা হিম কুয়াশার ফাঁদে
শরীর যেদিন গেল সেঁধে
সেদিনই বুঝলাম
শীতের ডাকনাম;
বাঁশির মতো দরাজ, আহলাদী
বয়ে চলে এক সুরের নদী।
সেদিনই টের পেলাম
শীতের অব্যর্থ আঙুলে
জীবন আমার আছে ঝুলে।

হেমন্ত

শীত ও গ্রীস্মের ঠিক আগে
আসে সে; যেন হাওয়ার নদী
আসে ভেসে মৃদুমন্দ
এবং অনেকটা চুপিসারে;
নতুন ধানের গন্ধে ভরা রবিরাগে।
দ্বিধাগ্রস্ত জীবনে তার এই আগমন
মেঘ ও কুয়াশার ফাঁকে
এক ফালি রোদ, অনন্ত।
তাই বাঁধি তারে প্রণয়ের দু'চোখ ভরে
পৃষ্ঠার পর পৃষ্ঠা আবেগে;
এক চোখে ধানকন্যার হলুদরঙ সাজ
অন্যচোখে দিগন্তে উধাও শর্ষের মাঠ।

প্রভু কাহিনি

তোমার কর্পোরেট আত্মা জন্ম দেয়
এক প্রভু কাহিনি
চারপাশে তাই এত সম্ভ্রান্ত ফুল
সৌরভে স্বয়ং নত ঈশ্বর
এত অনুগত পাখি
বাতাসের কানে কানে
ছড়ায় শুধু মন্ত্র
কর্পোরেট গণতন্ত্র
হেরফের হলেই শাপান্ত

ফলে যতই জোয়ারে খলবল মাছের উজানি
জাল তৈরি

প্রভুর ইচ্ছায় শুধু ফুটিবে কুঁড়ি।

ভাষা

অপ্রকাশের আগুন বুকে
তোমার চোখে
জ্বলে উঠতে
তার কোনো বিকল্প নেই
ক্ষুধার মতন তীব্র সে
সমুদ্রের মতো আছে ফুঁসে
ভীরু ঠোঁটের কম্পন তাই
বলে যায় ইংগিতে
পৃথিবী উন্মাতাল তার
গোপন সংগীতে
যেন মর্মে মর্মে ঘটেছে
এক সূর্যোদয়
তারই আলোয় নিঃসঙ্কোচে
যেতে চায় আজ ভেসে।