কামরুল হাসানের বিশটি চতুর্পদী
চতুর্পদী
ছাদে এসে দেখি ঈশ্বর ও আমি মুখোমুখি আজ
অনন্তযোজন শূন্যতায় শূন্য শুধু, কিছু আর নেই
সকল গুরুর তন্ত্র, সাধকের সাঁকো, ভেঙে পড়ে যেই
ঈশ্বর অবলীলায় পড়ে নেন অতিব্যক্তিগত তাজ।
২.
কবির কবিতা থেকে আজ কত অনুতাপ ঝরে পড়ে
কেননা সন্ধ্যায় দিবসের অনুশোচনা রক্তলাল রঙে
সূর্য জানিয়ে যায় দীপ্রতায় গ্রহটির মাথার উপরে
মরণের অন্ধকার আসে নেচে কত বিভঙ্গে, ঢঙে।
৩.
কবিতা ব্যর্থ ভারি অসামান্য রাত্রির রূপটি ফোটাতে
কবিতা চাইছে খুব, হে ফুল, ঐ শুভ্র বক্ষে লুটাতে
কবিতা ঘুমের দেশে স্বপ্ন জড়ো করে বার্তা রচিতে
কবিতা উড়িয়ে নেয়, হে পরী তোমাকে, লুপ্ত অতীতে!
৪.
আজো দেখি ডানাভাঙা প্লেন পড়ে আছে সবুজ ধানক্ষেতে
পাখার বিলাপ নেই, প্রপেলারের শব্দ গেছে ধীরে থেমে
বজ্রভরা রাতের কাল শঙ্কিত ভুলেছিলে নতুন প্রভাতে
একদিন উড়োজাহাজ থেকে তড়িঘড়ি গিয়েছিলে নেমে।
৫.
কবি যখন এলেন তখন জগৎসভা চুপ
কবির মত কে দেখে আর এই পৃথিবীর রূপ?
সকল রূপের চূড়ায় বসেন অজাগতিক ধূপ
প্রতীক, উপমা, ব্যঞ্জনার রূপসমুদ্রে ডুব!
৬.
আমার উঠোনে জ্যোৎস্না পরী হয়ে নামে
দুগ্ধধবল মানবীর ডানা অপার্থিব লাগে
কবির শূন্য খাতা রূপঝলমল চোখে জাগে
শরীরে জড়াই, কলম তাতিয়ে নেই আঁচে।
৭.
ছিলে তখন নম্র কিশোর, অন্যরকম ভালো
চাঁদের আলো বুকের ভিতর কেমন চমকালো
হাতের কাছে প্রিয়পুষ্প, মোমশিখাটি জ্বালো
জীবন ছিল শুদ্ধসরল, এখন গরল ঢালো?
৮.
যত বৃষ্টি ঝরছে আজ পাহাড়ে, বনের পাতায়
তত অক্ষরের বিন্দু জমছে না কবির খাতায়
যখন গ্রীস্মের দিন এসে কেবল তাতায়
বলেছি আসুক বর্ষার রাত চোখের পাতায়!
৯.
একটি গ্রহেই প্রভূ উন্মাতাল করে রাখো রূপে
একটি নক্ষত্রকে ঘনিষ্ঠ কাছ থেকে দেখে
বিমূঢ় হয়ে আছি, হে নিধি, তব করুণার ধূপে
দিবে কি আমার চোখে মহাবিশ্বের ছবি এঁকে?
১০.
স্বর্গের উদ্যান বুঝি এই মনোরম গ্রহটির পাশ
বিপুল রূপ দেখে কবিদের মেটেনি কভু আশ
তাই বলি, হে বিধাতা, তুমি রেখ এই ঘাসে
লোভ নেই দূরবর্তী স্বর্গের অলীক আশ্বাসে!
১১.
কে যে আকাশ পথে নামায় বিদ্যুৎ
কে সমুদ্রে দৈত্য সুনামী ডেকে আনে
সেই কি গড়েছে ভুবন, করে নিঁখুত?
লেপ্টে থাকি তাঁর গ্রহে, কীসের টানে?
১২.
বস্তুর ভেতরে গোলাপের মতো আশ্চর্য প্রাণ ফোটে
বস্তুর নিজস্ব নিয়মে, অবাক রূপকে ভরে বস্তুর দেহ
তার তেজ রূপোদীপ্তি, ঝঙ্কারে ধ্বনিময় সকল বিগ্রহ
প্রাণেরই অরূপ সাজ, মরণে মহাশূন্যে কণাগুলো ছোটে।
১৩.
ভূবনে নেমেছে কত সহস্র আলোকের তীর
তারা তো ব্যর্থ হলো খুব জাগাতে অধীর
অযুত গ্রহপিণ্ডে জীবনের দারুণ উন্মেষ
শুধু রবির আলো করে প্রাণেতে প্রবেশ !
১৪.
একই জলের ধারে বাসা বেঁধে আছি হে সারস
ধ্যানের মূর্তি নিয়ে মাছদের অত যে বাহাস
ফাৎনায় গেঁথে রাখে কী দুরন্ত দৌঁড়ের সাহস
মাছ নয়, চোখে ভাসে সারি সারি অবনত হাঁস!
১৫.
তুমি যেখানেই পা রাখো সেখানেই সমুদ্র আমার
ঢেউয়ের নূপুর নিয়ে ছুটে আসে তোমার ঘড়ায়
দেখেছো ফসফরাস আলো জ্বলে ঢেউয়ের চূড়ায়
ম্লান সেরে উঠেছো তীরে, ফোটে রোদের খামার!
১৬.
সে এক অঞ্চল আছে পাহাড়ের ভাটিতে চঞ্চল
বর্ষায় মাঠগুলো অবিকল সমুদ্রের সুনীল স্বরূপ
তিতাস জল নিয়ে মেঘনার নিকটে নিশ্চুপ
কৃষাণীর নিষ্ঠার কাছে নুয়ে পড়ে ফসলের ঢল।
১৭.
গোধূলির আভাখানি মেখে নিল পালকে তাহার
শান্ত সে জলপিঠে নেই তীব্র জলের প্রহার
চারপাশে পরী হয়ে উড়িতেছে হিমেল বাতাস
কে প্রথম ডেকেছিল নাম ধরে তিতাস… তিতাস…
১৮.
আমি বহুকাল অবহেলাকে আদর করেছি
অহঙ্কার আরও তীব্র, সুচারু হয়েছে,
স্পর্ধার গ্রীবা বায়ুস্তরের পর্দা ফুঁড়েছে
মধুর বদলে বিষ দিয়ে দেহটি ভরেছি।
১৯.
এপাশে শস্যের মাঠ, ওপাশে শুয়ে আছে নারী
দু'পাশে ফসলের বিপুল উদ্ভাস, দু'পাশেই পাড়ি
দিতে ব্যগ্র হয়ে আছে নদী ও কবির দু'চোখ
নম্র পলির বুকে আঁক কষে সোমত্ত লোক।
২০.
যে শোনাত অনন্ত মুক্তির গান, চলে গেছে সে
তার জন্য শোক অন্তরযাত্রায় বাসা বেঁধেছে
অমন বিধুর শোকে সব ফুল কাগজের ফুল
মাটির ময়না কথা কইবে না, এ কথা নির্ভুল
