২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাজ আহমেদের কবিতা

iraz_ahmed

Published : 19 Jan 2016, 06:15 PM

Updated : 02 Sep 2022, 08:36 PM

জাতিস্মর

আমার কোন অভিমান নেই চন্দ্রমুখী।
একদিন একটা নিমগাছের খুব অভিমান ছিল।
পাখিদের ছিল,
কাঠ পেন্সিলের ছিল।
স্কুল ব্যাগে সঙ্গোপনে গুঁজে দেয়া চিঠির অভিমান ছিল;
মাত্র কয়েক লাইনে
জাদুমন্ত্র ছিল চন্দ্রমুখী।
দেখ,
পঞ্চাশ বছর আলোর গতির চেয়েও দ্রুতগামী।
বদলে গেছে ব্রিটিশ কাউন্সিলের গেট,
আইসক্রিমের গাড়ি,
রুমালের ব্যবহার।
বদলে গেছে
সুতো কাটা কোন ঘুড়ির কাছে গচ্ছিত একটা জীবন।

আমার আর কোন অভিমান নেই চন্দ্রমুখী।
শুধু একটা নিমগাছের খুব অভিমান ছিল।

রূপকথা

এরকম রাত একা
ফুটপাতে জমা আবর্জনার ওপর ছেঁড়া পলিথিন।
এরকম রাত
সরু এক ফালি গলি
চোর পুলিশের চৌকষ খেলা।
আঁধারে আঁকড়ে ধরা
চেনা মানুষের অচেনা শরীর।

এরকম রাত
ছড়ানো মুড়ির মতোন অগ্রন্থিত,
ঘষা লাগা,
এলোপাথাড়ি ছুরির আঘাত।

এরকম রাত
তোমার বাড়ির পথ।
কলার-ওঠানো পুলিশের গাড়ি।
পয়েন্ট থ্রি এইটের সাদা আগুন,
নষ্ট বাস,
ঘুষিতে ফাটা ঠোঁট,
চায়ের তলানীতে ডুবে মরা সিগারেট,
চরকিবাজির তদন্ত খাতা।

এরকম রাত খুব একা,
মাতালের মতো উগরে দেয়
ফিউজড বাল্ব, দেশলাই আর ফাঁসির দড়ি।
উগরে দেয়,
এই শহরের মৃত মাংস, হাড়গোড় আর
কয়েক শব্দের এই রূপকথা।

হয়তো

ধরো, আমি বাড়ি ফিরছি
চারটা দশের ট্রেন।
তোমার চোখের মতো বৃষ্টি-ধোয়া কোন এক মফ¯^লে।
ট্রেন ফিরে গেলে
প্ল্যাটফর্মে গুটিসুটি সাইকেল,
পুরনো চিঠির মতো হাই-তোলা বুকস্টোর।
একটু হাঁটলে
আজও বৃষ্টির ছাঁটে অন্ধ গলি
ক্লান্ত রিকশার বেল।

কতকাল এভাবে ফিরি না আমি
চারটা দশের ট্রেন।
আমাকে ছাড়াই বৃষ্টি ঝরছে কত আলোকবর্ষ।
মিঠু খালা আজও বারান্দায় দাঁড়িয়ে দেখছেন কদমফুল;
একা।
ইশকুলে ঘন্টা বাজছে
কেউ লিখতে লিখতে
ক্ষয় করে ফেলছে পেন্সিল।

ধরো, আমি বাড়ি ফিরছি
চারটা দশের ট্রেন।
তোমার চোখের মতো বৃষ্টি-ধোয়া কোন এক মফ¯^লে।

মুখ ফিরিয়ে নিয়ে

আর ফিরে আসবো না বলে
লিখে রাখছি সব।
লিখছি গাছপালা,
লিখছি
বাড়ির পেছনে শ্যাওলা-সবুজ পুরনো দেয়াল
অভাবের ছাই-মাখা দিন
মৃত মাছেদের অসহায় গদ্য।
লিখছি শৈশব,
লিখছি একটা বাদামী কুকুর
লিখছি তোমাকে-ও।
আজ এই ভোরের বাতাসে ভাসছে
আর ফিরে-না আসার গল্প।

কলমের মাথা থেকে
টলতে টলতে বেরিয়ে আসছে
আহত-নিহত শব্দ,
প্রতিহিংসায় মোড়ানো শহর,
বন্দুকের উন্মুক্ত নল,
ঘুমের ওষুধ,
ব্যর্থ কাব্য।
প্রাণপনে লিখছি তোকে মৃত সহোদর।
লিখছি চির ঘুমের দেশ,
লিখছি রবীন্দ্রনাথ।

কলমের মাথা থেকে
টলতে টলতে বেরিয়ে আসছে
আহত নিহত শব্দ-
তাদের চোখে রাত্রি জাগরণের প্রকট দাগ,
পায়ে উদ্বাস্তু পথের ধুলো।
আর আমি লিখে রাখছি
লিখে রাখছি সব।

রেইন মেশিন

নাটক ফুরিয়ে গেছে কবে।
তবুও ফাঁকা ফ্রেমে বৃষ্টি নামে টু-শটে।

রেইন মেশিন
রেইন মেশিন

তুমি কী কোন গাছ
পাতা ঝরাতে ঝরাতে
উঠে যাচ্ছো আকাশের দিকে?

নায়িকার পরিত্যক্ত হাসি,
ভাঙ্গা সানগ্লাস,
হেমন্তের অরণ্য জুড়ে
উড়তে থাকা স্ক্রিপ্টের ছেঁড়া পৃষ্ঠা।
তারপর-
রোল ক্যামেরা, জিরো…ফাইভ ফোর থ্রি টু ওয়ান।
ফ্রিজ হয়ে যাওয়া দৃশ্যের অন্তরাত্মা জুড়ে
থাকে শুধু তোমার একা কান্না

রেইন মেশিন
রেইন মেশিন।

কাকে ভেবে তুমি
ডাকলে এমন বৃষ্টি?

Image
Flag Counter